ঢাকার আদালতের এজলাসে কাঠগড়ায় দাঁড়ানো অবস্থায় হাতকড়া খুলে কৌশলে পালিয়ে গেছেন হত্যা মামলার এক আসামি। কাউসার মিয়া নামের ওই আসামি মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-১-এর এজলাস থেকে পালিয়ে যান। এ ঘটনায় আদালত চত্বরে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
কাশিমপুর কারাগার থেকে রাজধানীর দক্ষিণখান থানার একটি হত্যা মামলায় হাজিরা দিতে কাউসারকে আদালতে আনা হয়েছিল। মামলাটিতে মঙ্গলবার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। শুনানির জন্য তাঁকে আদালতের হাজতখানা থেকে এজলাসে নেওয়া হয়। তবে কোনো সাক্ষী উপস্থিত না হওয়ায় আদালত সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ নির্ধারণ করেন।
এরপর আসামিকে এজলাস থেকে হাজতখানায় ফিরিয়ে নেওয়ার প্রস্তুতি চলছিল। এ সময় দায়িত্বে থাকা পুলিশ সদস্যের চোখ ফাঁকি দিয়ে কাঠগড়ায় থাকা অবস্থায় হাতকড়া খুলে পালিয়ে যান কাউসার।
তাঁকে হাজতখানা থেকে এজলাসে আনা-নেওয়ার দায়িত্বে ছিলেন পুলিশ কনস্টেবল আরাফাত। তিনি বলেন, আসামি কাঠগড়ায় হাতকড়া পরা অবস্থায় ছিলেন। তাঁর কাস্টডি আনতে আদালতের সামনে গেলে এই সুযোগে আসামি হাতকড়া খুলে পালিয়ে যান।
যে হত্যা মামলায় কাউসারকে আদালতে হাজির করা হয়েছিল, সেটির ঘটনা ২০২০ সালের ২০ জুলাইয়ের। ওই দিন রাজধানীর দক্ষিণখানের দক্ষিণপাড়া এলাকায় নিজ বাসার বাথরুমে ছুরিকাঘাতে খুন হয় ১৭ বছর বয়সী কিশোরী আলো। পরদিন তাঁর বাবা রবিউল ইসলাম অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে দক্ষিণখান থানায় হত্যা মামলা করেন।
মামলার তদন্তে নেমে পুলিশ ঘটনার দিনই টঙ্গী এলাকা থেকে কাউসারকে গ্রেপ্তার করে। পরদিন আদালতে তিনি হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন। জবানবন্দিতে কাউসার জানান, প্রায় এক বছর ধরে আলোর সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল। ঘটনার কিছুদিন আগে থেকে আলো তাঁকে এড়িয়ে চলছিলেন। পরে তিনি জানতে পারেন, আলো অন্য এক ছেলের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন।
জবানবন্দি অনুযায়ী, ২০২০ সালের ২০ জুলাই রাতে আলোর বাসার সামনে অপেক্ষা করছিলেন কাউসার। রাত ৯টার দিকে আলো বাথরুমে গেলে বিষয়টি লক্ষ করেন তিনি। পরে আলো বাথরুম থেকে বের হয়ে ঘরে বালতি আনতে গেলে কাউসার তাঁকে আটকে কথা বলতে চান। আলো রাজি না হওয়ায় চাকু দিয়ে তাঁর বুকে ও পিঠে আঘাত করেন তিনি।
দক্ষিণখান থানার উপপরিদর্শক সুজন চন্দ্র কর্মকার তদন্ত শেষে ২০২১ সালের ৩০ জুন কাউসারকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। ২০২২ সালের ২০ জুলাই তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলার বিচার শুরু হয়। এ মামলায় আলোর বাবা রবিউল ইসলাম ও বড় বোন রাব্বিনা আক্তার সাক্ষ্য দিয়েছেন।
এদিকে, কাউসারের পালিয়ে যাওয়ার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন একজন জ্যেষ্ঠ আইনজীবী। নাম প্রকাশ না করার শর্তে তিনি এই প্রতিবেদককে বলেন, পরিকল্পিতভাবে আসামিকে পালাতে সহায়তা করা হয়েছে বলে তাঁর সন্দেহ। তাঁর দাবি, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুর থেকে আসামি নিয়ে আসা গাড়িটি রায়সাহেব বাজার এলাকায় প্রায় আধা ঘণ্টা থেমে ছিল। পরে গাড়িটি কিছুটা এগিয়ে সিএমএম আদালতের বিপরীত পাশে অবস্থান নেয়। এ সময় দায়িত্বে থাকা কয়েকজন পুলিশ সদস্যকে গাড়ি থেকে নেমে কয়েকজনের সঙ্গে কথা বলতে দেখেছেন বলেও জানান তিনি।
উল্লেখ্য, গত অক্টোবর মাসে ‘পিচ্চি রাজা’ নামের এক আসামিকে পালাতে সহায়তার অভিযোগে পুলিশের এক উপপরিদর্শকসহ তিন সদস্য কারাগারে রয়েছেন।