 পোশাক শিল্পে অস্থিরতা

অস্থিতিশীলতা নয়, চাই সহনশীলতা

আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ১২:৩৭ এএম

নিকট অতীতে এই সম্পাদকীয় স্তম্ভেই আমরা লিখেছি, পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির আন্দোলনের প্রেক্ষাপটে গঠিত নতুন মজুরি বোর্ডের বেতন বৃদ্ধির সিদ্ধান্তের প্রেক্ষাপটে ‘শ্রমিক মালিক এক হয়ে, গড়ব এ দেশ নতুন করে’ নতুন করে এই স্লোগানটি অনুভূত হয়েছে আমাদের কাছে। সংকট নিরসনে সরকারের ত্বরিত সিদ্ধান্তের জন্য সাধুবাদও জানিয়েছি। সমস্যা-সংকট নিরসনে সময় মতো পদক্ষেপ নিয়ে পরিস্থিতি আরও জটিল হওয়ার আগেই সরকার সংশ্লিষ্ট সবার স্বার্থরক্ষায় গুরুত্ব দেওয়ার বিষয়টি সাধুবাদযোগ্য। এরই ধারাবাহিকতায় ১০ নভেম্বর দেশ রূপান্তরে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ৯ নভেম্বর মজুরি বোর্ডের কার্যালয়ে এ সংক্রান্ত বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছে শ্রমিকপক্ষ। এক নম্বর গ্রেডে ৪৮ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। শ্রমিক পক্ষের প্রস্তাব পর্যালোচনার জন্য সময় চেয়েছে মজুরি বোর্ড। পাশাপাশি মালিক পক্ষের প্রস্তাব ও মতামত জানাতে চার কার্যদিবস সময় দিয়েছে বোর্ড।

এ রকম একটা স্থিতিশীল ও উভয়পক্ষের স্বার্থরক্ষার সমঝোতার পথ যখন সুগম হচ্ছে তখন এ খাতে ফের অস্থিরতার বার্তা উঠে এসেছে ১০ নভেম্বর দেশ রূপান্তরের অনলাইনে প্রকাশিত কয়েকটি প্রতিবেদনে। একটি প্রতিবেদনে বলা হয়েছে, শিল্পাঞ্চল গাজীপুরে শ্রমিক অসন্তোষে ১১টি কারখানা ছুটি দেওয়া হয়েছে। বিশৃঙ্খলা এড়াতে কারখানা গেইট ও মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে সতর্ক অবস্থান নিয়ে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে, শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। মনে হচ্ছে, এ খাতে সংকট জিইয়ে রাখতে অন্তরালে কোনো পক্ষ তৎপর। আমরা নিশ্চিতই মনে করি, মালিক-শ্রমিক একে অন্যের প্রতিপক্ষ নয় বরং উৎপাদন ও শিল্পের পরিপূরক। আমরা এও দেখেছি, চলমান সংকটে মজুরি বোর্ডের প্রথম দফা বৈঠকের পর সরকার-মালিক ও শ্রমিক ত্রিপক্ষীয় যৌথ ঘোষণার পরও ঢাকাসহ কয়েকটি শিল্পাঞ্চলে সহিংস শ্রমিক আন্দোলনের ঘটনা ঘটেছে। এখনো এ নিয়ে নানামাত্রিক আশঙ্কার বার্তা মিলছে সংবাদমাধ্যমে। আমরা এর উৎসে নজর গভীর করার ফের তাগিদ দিই।

৪ নভেম্বর দেশ রূপান্তরে ‘অস্থিরতায় ১৩৭ অর্থদাতা’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে যে  বার্তা মিলেছে তা স্বস্তির নয়। পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়েছে, শ্রমিক অসন্তোষসহ শিল্পাঞ্চলে উত্তেজনা তৈরির পেছনে ১৩৭ জন সম্ভাব্য অর্থদাতার নাম রয়েছে। অর্থাৎ রপ্তানি ও বিকাশমুখী এই শিল্প খাত ঘিরে সুযোগসন্ধানী চক্র অপতৎপরতায় লিপ্ত রয়েছে। এই প্রেক্ষাপটে গভীর অনুসন্ধানক্রমে জরুরিভিত্তিতে এর আইনানুগ প্রতিবিধানের বিকল্প আমরা দেখছি না। মনে রাখা বাঞ্ছনীয়, পোশাকশিল্প খাত শুধু আমাদের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম বড় মাধ্যমই নয়, কর্মসংস্থানের পরিসর বিস্তৃত করার পাশাপাশি বিশ্বে বাংলাদেশের পরিচিতিও নতুনভাবে ছড়িয়েছে। দেশের অর্থনীতির রপ্তানি আয়ের অন্যতম জোগানদার পোশাকশিল্প। আমাদের প্রতিযোগী দেশের সংখ্যা কম নয়। বিকাশমান এ খাতে যদি অস্থিরতা চলতে থাকে তা হলে প্রতিদ্বন্দ্বীরা ক্রেতাদের মুখী করার সুযোগ খুঁজবে। তাতে  ক্ষতিগ্রস্ত  হবে আমাদের রপ্তানি বাণিজ্য, অভিঘাত লাগবে বৈদেশিক মুদ্রা আয়ে এবং সংকুচিত হবে কর্মসংস্থানের ক্ষেত্র।

মালিকদের যেমন এই দুর্মূল্যের বাজারে শ্রমিকদের স্বার্থ সুরক্ষায় যৌক্তিক দাবিগুলো আমলে নিতে হবে, তেমনি শ্রমিকদেরও শিল্প ও মালিকদের প্রতি হতে হবে সহানুভূতিশীল। উভয় পক্ষের স্বার্থ সুরক্ষার মধ্য দিয়েই সবার লাভের পথটি থাকতে পারে কণ্টকমুক্ত। এই শিল্প দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ খাত হওয়ার পেছনে রয়েছে অনেক চড়াই-উতরাই পেরিয়ে যাওয়ার ইতিহাস। শিল্প ও বিনিয়োগের সুরক্ষা এবং উত্তরোত্তর বিকাশেও সব পক্ষের যূথবদ্ধ প্রয়াসের বিকল্প নেই। প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে শিল্পের বিকাশ ও এর কর্মীদের অধিকতর দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলায় মনোযোগ গভীর করাও জরুরি। দরকার স্থিতিশীল এবং নিরাপদ কর্মপরিবেশও। এ সবই নিশ্চিত হতে পারে শ্রমিক-মালিক ও সরকারের যথাযথ সমন্বয়ের মাধ্যমে কর্ম সম্পাদনে। 

সর্বশেষ সর্বাধিক পঠিত