ডিসেম্বরের মধ্যে সিইপিএর খসড়া চূড়ান্ত করবে বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া

আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ১২:২৪ এএম

বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বিস্তৃত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তির (সিইপিএ) খসড়া আগামী ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করার বিষয়ে একমত হয়েছে দুই দেশ। খসড়া চূড়ান্ত হওয়ার পর উচ্চপর্যায়ে আনুষ্ঠানিক স্বাক্ষরের প্রস্তুতি নেওয়া হবে।

গতকাল মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি হুনের দ্বিপক্ষীয় বৈঠকে এ বিষয়ে মতৈক্য হয়। বাণিজ্য সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী, অতিরিক্ত সচিব (ডব্লিউটিও) খাদিজা নাজনীনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকে বাণিজ্যমন্ত্রী কোরিয়ান বিনিয়োগকারীদের পরিচালনাগত ও আমদানি-সংক্রান্ত সমস্যা অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের আশ্বাস দেন। একই সঙ্গে জাহাজ নির্মাণ খাতে যৌথ বিনিয়োগ এবং স্থানীয় প্রকৌশলী ও জনবলকে কাজে লাগাতে বাংলাদেশে বিশেষায়িত ‘ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার’ গড়ে তোলার প্রস্তাব দেন তিনি। দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণে সিইপিএ দ্রুত চূড়ান্ত করার আগ্রহ প্রকাশ করেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত। তিনি জানান, চুক্তির খসড়া ও বিস্তারিত প্রশ্নমালার বিষয়ে দক্ষিণ কোরিয়া এরই মধ্যে বাংলাদেশকে নিজেদের অবস্থান জানিয়েছে। বৈঠকে চুক্তি চূড়ান্তকরণ ও পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত