শিশুর প্রথম বছর থেকেই ভাষার বিকাশ

আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ১২:৩৩ এএম

তানজীর আহম্মেদ তুষার

ক্লিনিক্যাল ফিজিওলজিস্ট অ্যান্ড প্রফেসর মনোবিদ্যা বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়

ভাষার বিকাশ মানে শুধু বাক্য বলা নয় বরং শব্দের পেছনের প্রকৃত অর্থ অনুধাবন করে মানুষের সঙ্গে সমাজসিদ্ধভাবে যোগাযোগ করার, আদেশ নিষেধ বুঝতে পারার ও তথ্য গ্রহণ করতে পারার ক্ষমতা। এই ক্ষমতার বিকাশের ওপর তার বুদ্ধির বিকাশও অনেকখানি নির্ভর করে। শুধু তাই নয়, শিশুর সার্বিক বিকাশের স্বার্থে শিশুর ভাষার বিকাশ ঘটানো অত্যন্ত জরুরি। আসুন জেনে নিই, প্রথম বছরে কীভাবে শিশুর ভাষার বিকাশকে ত্বরান্বিত করা যায়।

শিশুর কান্নায় সাড়া দিন

শিশুর প্রথম যোগাযোগমাধ্যম কান্না। এ সময় কেবল কান্নার মাধ্যমেই সে তার ক্ষুধা, ক্লান্তিবোধ, ভয় পাওয়া, অসুস্থতা, অস্বস্তি ও কাপড় ভিজিয়ে ফেলার মতো কথাগুলো জানাতে পারে। তাই শিশু কান্না করলে তার প্রতি ইতিবাচকভাবে সাড়া দিন। তার প্রতি বিরক্ত না হয়ে তার প্রয়োজন বা অসুবিধা বোঝার চেষ্টা করুন। এতে সে আপনার সঙ্গে যোগাযোগ করতে উৎসাহিত হবে।

শিশুর সঙ্গে কথা বলুন

মনে রাখতে হবে শিশুর ভাষার বিকাশ শুরু হয় মাতৃগর্ভ থেকেই। তখন থেকেই সে শব্দের প্রতি সচেতন হয়। বাবা-মায়ের কণ্ঠস্বর শুনতে পায় ও বুঝতে চেষ্টা করে। জন্মের পর সেই প্রক্রিয়া চলমান থাকে। প্রথম কয়েক মাস মনে হতে পারে সে কোনো শব্দ শোনে না বা বোঝে না। কিন্তু বিষয়টি সম্পূর্ণ উল্টো, এ সময় শিশু শব্দ উৎপন্ন করতে না পারলেও শব্দ বুঝতে শেখে এবং তার শব্দভা-ার একটু একটু করে বাড়তে থাকে।

তাই গর্ভাবস্থা থেকেই শিশুর সঙ্গে কথা বলা শুরু করুন ও জন্মের পর তা বাড়িয়ে দিন। হয়তো সে আপনার কোনো কথার উত্তর দেবে না এমনকি প্রথম কয়েক মাসে সে কোনো প্রতিক্রিয়াই দেখাবে না তবুও কথা বলতে থাকুন। কারণ সে আপনার বলা শব্দগুলো তার শব্দভা-ারে জমা করছে। তাই তার সঙ্গে সারা দিনে যখনই সুযোগ পান কথা বলতে থাকুন।

শিশুর হাসিতে আনন্দ প্রকাশ করুন

শিশুর হাসিতে আনন্দ ও গর্ব প্রকাশ করুন। মা-বাবার চোখেমুখে আনন্দ ও গর্বের অনুভূতি শিশু দেখলে সে বুঝতে পারে কান্না ছাড়াও যোগাযোগ করা যায়। তখন শিশু বিভিন্নভাবে যোগাযোগের চেষ্টা করতে উদ্বুদ্ধ হয়।

ভালোবাসা ভাষায় প্রকাশ করুন

শিশুর প্রতি ভালোবাসা এবং তার বিভিন্ন ক্রিয়াকলাপের জন্য আনন্দ পেলে তা শব্দের মাধ্যমে প্রকাশ করুন। এসব ক্রিয়া করতে পারার জন্য তাকে যথাযথ শব্দ দিয়ে প্রশংসা করুন।

গান ও গল্প শোনান

শিশুদের জন্য অনেক গান রয়েছে। সেগুলো শিশুকে গেয়ে শোনান। এছাড়া তাকে গল্প পড়ে শোনান। এতে তার মধ্যে শব্দভা-ার আরও সমৃদ্ধ হবে। সে এটাও বুঝতে পারবে যে যোগাযোগের জন্য শুধু শব্দই নয়, শব্দগুলোর সঙ্গে অবাচনিক প্রকাশভঙ্গিও গুরুত্বপূর্ণ।

ব্যাবলিং করলে

শিশু যখন বা-বা, মা-মা, দা-দা করবে অর্থাৎ ব্যাবলিং করবে তখন তার সঙ্গে কথা বলতে থাকুন। কথার কোনো বিষয় খুঁজে না পেলে যে কোনো বিষয়ে কথা বলুন। এতে সে বুঝতে পারবে যে যোগাযোগ হচ্ছে দ্বিমুখী প্রক্রিয়া; তাই অন্য কেউ কথা বললে তার প্রক্রিয়াতে কথা বলতে হয়।

টুকি খেলুন

শিশুর সঙ্গে একটি কাপড় দিয়ে আপনার মুখ ঢেকে টুকি খেলুন। এতে সে অনেক আনন্দ পাবে। যোগাযোগ করলে যে আনন্দ পাওয়া যায় তা বুঝতে পারবে। কথার বিপরীতে যে কথা বলতে হয় এবং এক জনের কথা শেষে আরেক জনের কথা বলতে হয় এটাও বুঝতে পারবে।

ঘুম থেকে ওঠার পর শান্ত মিউজিক

শিশু ঘুম থেকে ওঠার পর তাকে শান্ত ও ঠান্ডা মিউজিক শুনতে দিন। এতে সুর ও স্বর যে অনুভূতি ও মেজাজ প্রকাশ করে তা সে বুঝতে পারবে। পরে কথা বলার সময় সে স্বরের পরিবর্তন করে ভালোভাবে কথা বলতে শিখবে।

সবাই মিলে বেড়াতে যান

অনেক বাবা-মা ছোট্ট শিশুকে নিয়ে বেড়াতে যেতে পছন্দ করেন না। ঝামেলা বা অসুস্থ হয়ে যাওয়ার ভয়েই হয়তো বের হন না। কিন্তু বড়দের সঙ্গে শিশুকে নিয়ে বেড়াতে গেলে শিশু বড়দের কথা বলাকে গভীরভাবে পর্যবেক্ষণ করে। বড়রা কীভাবে অন্যদের সঙ্গে হাসে, বিভিন্ন কথার সঙ্গে কীভাবে অঙ্গভঙ্গি করে, কথার স্বর কেমন হয়, কোন ক্ষেত্রে কী কথা বলে প্রতিক্রিয়া করতে হয় তা দেখতে পারে। শিশুরা যা দেখে পরে তারা তা করার চেষ্টা করে। তাই মাঝে মাঝে শিশুকে নিয়ে বেড়াতে বের হোন।

সর্বশেষ সর্বাধিক পঠিত