শাহ আমানত বিমানবন্দর

বিশৃঙ্খলার দায়ে তিনজন ‘স্ট্যান্ড রিলিজ’

আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ০১:১৩ এএম

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে গত কয়েকদিন ধরে প্রশাসনিক অচলাবস্থা চলছে। সম্প্রতি সফর করে যাওয়া আন্তর্জাতিক অডিট টিমের উপস্থিতিতে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির দায়ে বিমানবন্দরের প্রশাসনিক কর্মকর্তা কায়সার এম মোহায়মেনসহ তিন কর্মকর্তী-কর্মচারীকে গত ৯ নভেম্বর ‘স্ট্যান্ড রিলিজ’ করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বেবিচক সদর দপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন) তিরান হোসেন স্বাক্ষরিত অফিসাদেশ অনুযায়ী, এম কায়সার  মোহায়মেন ও বিমানবন্দর ওয়েলফেয়ার কমিটির সেক্রেটারি হাকিম সরকারকে যশোর বিমানবন্দরে এবং  ইএম ডিভিশনের  ফোরম্যান ফজলুল করিম মজুদারকে ঈশ্বরদী বিমানবন্দরে বদলি করা হয়েছে।

অভিযোগ উঠেছে, দুর্নীতি-অনিয়ম এবং প্রশাসনিক বিশৃঙ্খলা সৃষ্টির নেপথ্য নায়ক এম কায়সার মোহায়মেন। একসঙ্গে ছয়টি পদে দায়িত্বপালনকারী এ কর্মকর্তার স্বেচ্ছাচারিতা ও গাফিলতির কারণে বিমানবন্দরের প্রায় সাড়ে তিনশ কর্মকর্তা-কর্মচারী  গেল অক্টোবর মাসের বেতন সময়মতো পাননি। এ কারণে ২ নভেম্বর দুপুরে আন্তর্জাতিক অডিট টিমের উপস্থিতিতে মোহায়মেনের দপ্তরের সামনে প্রতিবাদ বিক্ষোভ করেন বিপুলসংখ্যক কর্মী।

সূত্র জানিয়েছে, সেদিনের প্রতিবাদ কর্মসূচিতে অগ্রণী ভূমিকায় ছিলেন হাকিম সরকার ও  ফোরম্যান ফজলুল করিম মজুমদার। বিমানবন্দরের একাধিক কর্মকর্তার ভাষ্য, বিশৃঙ্খল পরিস্থিতির জন্য দায়ী এম কায়সার মোহায়মেনকে বরিশাল বিমানবন্দরে বদলির সিদ্ধান্ত ন্যায্য। কিন্তু হাকিম সরকার ও ফজুলল করিম মজুমদারের বদলির সিদ্ধান্ত অন্যায্য। কারণ ওই দুই কর্মচারীর বিরুদ্ধে কখনো অনিয়ম-দুর্নীতির অভিযোগ ওঠেনি।

অক্টোবর মাসের বেতন সময়মতো না পাওয়ায় ২ নভেম্বর দুপুরে প্রশাসনিক কর্মকর্তা এম কায়সার মোহায়মেনের দপ্তরের সামনে প্রতিবাদ-বিক্ষোভ করেন বিমানবন্দরের কর্মীরা। সে সময় তারা মোহায়মেনের বিরুদ্ধে বিভিন্ন সময় দুর্নীতি ও হয়রানির অভিযোগ তুলে তার উপযুক্ত বিচার দাবি করেন। সংশ্লিষ্ট সূত্রের অভিযোগ,  বিশৃঙ্খল পরিস্থিতির অজুহাত তুলে ফজলুল করিম ও হাকিম সরকারকে বদলি করানো হয়েছে।

নাম প্রকাশ না করে বিমানবন্দরের একাধিক কর্মকর্তার অভিযোগ, বেবিচক বদলি আদেশ জারি করলেও এম কায়সার মোহায়মেনের বদলির আদেশ ঠেকাতে ঢাকায় সদর দপ্তরে তৎপরতা চালাচ্ছেন বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন নুর হোসেন। মোহায়মেন ছাড়া বিমানবন্দর পরিচালনা করা তার (পরিচালক) পক্ষে সম্ভব নয় বলেও সদর দপ্তরকে জানিয়ে দিয়েছেন তিনি। মোহায়মেনের একসঙ্গে ছয়টি পদে দায়িত্ব পালন করার বিষয়টি স্বীকার করেছেন বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন নুর হোসেন।

মোহায়মেনের বদলির আদেশ ঠেকাতে ঢাকায় তৎপতার চালানোর অভিযোগ প্রসঙ্গে মঙ্গলবার বিকেলে তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘প্রশাসনিক কর্মকর্তা বিমানবন্দরের একটি গুরুত্বপূর্ণ পদ। এ ছাড়া মোহায়মেন এমটি এবং সম্পত্তি বিভাগসহ একাধিক শাখার দায়িত্ব পালন করছেন। সদর দপ্তরকে বলেছি, আমি মোহায়মেনকে ছেড়ে দিচ্ছি। কিন্তু তার জায়গায় অন্য একজনকে পদায়ন না করলে বিমানবন্দরের প্রশাসনিক শাখায় অচলাবস্থা সৃষ্টি হবে। সদর দপ্তর আমাকে আশ^স্ত করেছে আগামী তিন-চার দিনের মধ্যে মোহায়মেনের জায়গায় অন্য একজন পাঠাবে।’  

কায়সার এম মোহায়মেনের বিরুদ্ধে অধস্তনদের সঙ্গে দুর্ব্যবহার, বদলি-পদোন্নতির ফাইল আটকে রাখা, ইজারাদারদের হুমকি দেওয়াসহ বিভিন্ন অনিয়মের অভিযোগও করেছেন সংশ্লিষ্টরা। বিমানবন্দরের এক কর্মকর্তার ভাষ্য, ওয়েলফেয়ার  সেক্রেটারি হাকিম সরকার ২৭ বছর ধরে এবং ইএম বিভাগের ফোরম্যান ফজলুল করিম মজুমদার ২৯ বছর ধরে চাকরি করেছেন। তারা এম কায়সার মোহায়মেনের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকায় বিমানবন্দরের একটি চক্রের রোষানলে পড়েন।

বিমানবন্দরের পরিচালকের ‘কাছের  লোক’ বলে পরিচিত প্রশাসনিক কর্মকর্তা এম কায়সার মোহায়মেনের বিরুদ্ধে ফজুলুল করিম ও হাকিম সরকারকে ফাঁসানোর জন্য তার দপ্তরে কর্মরত শাহিদাকে দিয়ে সাদা কাগজে সই নেওয়ার অভিযোগ রয়েছে। জানা গেছে, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর একসঙ্গে ছয়টি দায়িত্ব পালন করছেন এম কায়সার মোহায়মেন। তিনি একাধারে এডি (প্রশাসন), এডি (এমটি), এডি (কেনাকাটা/পিপিআর), এডি (ফ্রেইট), এডি (ভূ-সম্পত্তি)। একসঙ্গে ছয়টি পদ ধরে রাখার কারণে অবাধে দুর্নীতি অনিয়ম করে যাচ্ছিল মোহায়মেন।

আন্তর্জাতিক অডিট টিমের উপস্থিতিতে বিশৃঙ্খল পরিস্থিতির জন্য বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন নুর হোসেন প্রায় সব কর্মচারী-কর্মকর্তাকে নিজ দপ্তরে ডেকে জিজ্ঞাসাবাদ করলেও এম কায়সার মোহায়মেনকে জিজ্ঞাসাবাদ করেননি বলে অভিযোগ কর্মচারীদের। এ প্রসঙ্গে বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন নুর হোসেন বলেন, ‘বেতন না পাওয়া নিয়ে কর্মচারীদের ক্ষোভের বিষয়ে এবং তাদের কাছ থেকে ঘুষ হিসেবে টাকা নেওয়ার অভিযোগ ওঠায় প্রায় সবাইকে আমার দপ্তরে ডেকে জিজ্ঞাসাবাদ করেছি। কেউ তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ দিতে পারেননি। এজন্য মোহায়মেনকে ডেকে জিজ্ঞাসাবাদ করিনি।’

অভিযোগ রয়েছে গত ১৮ অক্টোবর কর্মচারীদের  পে-স্কেল ফিক্সেশন ফাইল তার  (মোহায়মেন) দপ্তরের অ্যাকাউন্টস থেকে পাঠানো হলেও তিনি পরের দিন ১৯ অক্টোবর অফিশিয়ালি রিসিভ করেন। পরিচালকের নির্দেশে কর্মচারীরা প্রস্তুত করে ফাইল ঢাকার দপ্তরে পাঠানোর ব্যবস্থা করলেও কায়সার ফাইলে সই না করায় তা পাঠানো সম্ভব হয়নি। এভাবে তিনি গত ২৯ অক্টোবর পর্যন্ত ফাইল নিজ দপ্তরে ফেলে রাখেন। পরে ওই দিনই বিকেলে বিমানে করে ফাইল ঢাকায় পাঠানো হয়।

এ কারণে সাড়ে তিনশ কর্মচারীর অক্টোবর মাসের বেতন আটকে যায়। বিলম্বে ঢাকায় ফাইল পাঠানোর ফলে ফাইল অডিট এবং স্বাক্ষর হতে বিলম্ব হয়। চট্টগ্রাম থেকে পরিচালকের পিএ এবং অ্যাকাউন্টস অফিসারকে ঢাকায় নিয়ে গিয়ে ঢাকার টিমের সঙ্গে সমন্বয় করে এবং সদর দপ্তরের এডমিনের বড় এক কর্মকর্তার নির্দেশে ফাইলে সই করে চট্টগ্রাম পাঠানো হয়।

কর্মচারীরা ৫ নভেম্বর বেতন পান  পে-স্কেলের বর্ধিত অংশ ছাড়া। তবে এখনো পর্যন্ত বিমানবন্দরে ২২ জন কর্মচারী অক্টোবর মাসের বেতন পাননি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এ ব্যাপারে এম কায়সার মোহায়মেনের মোবাইলে মঙ্গলবার বিকেল ৪টার দিকে একাধিকবার কল করলেও তিনি ফোন রিসিভ না করায় তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে বক্তব্য পাওয়া যায়নি।

সর্বশেষ সর্বাধিক পঠিত