আবার লগি-বৈঠা আগুন সন্ত্রাস

আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ০৭:০৫ এএম

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটি কর্মসূচিকে ঘিরে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় নাশকতা চালিয়েছে দুর্বৃত্তরা। সোমবার সকাল থেকে মঙ্গলবার রাত পর্যন্ত ২৪টির বেশি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। ডিএমপি বলছে, অন্তত ১১ জেলায় গাড়িতে আগুন দেওয়া হয়েছে। এতে নাগরিকদের মনে ভীতি ছড়িয়ে পড়েছে। নিষিদ্ধ সংগঠনটির কর্মসূচি ঘিরে লগি-বইঠার প্রদর্শনীও দেখা গেছে কিছু স্থানে। সোমবার রাতে শরীয়তপুরের জাজিরা ও গোপালগঞ্জে লগি-বৈঠা হাতে বিক্ষোভ করা হয়েছে। ২০ বছর আগে ২০০৬ সালে ২৮ অক্টোবর জামায়াতের একটি সমাবেশ ঠেকাতে লগি-বইঠার কর্মসূচি ঘোষণা করেছিল আওয়ামী লীগ ও ১১ দল। রাজধানীর পল্টনের ঐ ঘটনায় বেশ কয়েকজনকে পিটিয়ে হত্যা করা আওয়ামী লীগের নেতাকর্মীরা। গতকাল পদ্মা সেতুর দক্ষিণ পাড়ে শরীয়তপুরের জাজিরায় লগি-বৈঠা নিয়ে টোল প্লাজায় অবরোধের চেষ্টা চালানো হয়। এ সময়, শতাধিক ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুর করা হয়। ফরিদপুরে পার্কিং করে রাখা একটি বাসে আগুন লাগানো হয় মঙ্গলবার। এতে বাসটির ভেতরে ঘুমিয়ে থাকা চালক দগ্ধ হয়ে মারা যান। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় লগি-বৈঠা নিয়ে বিক্ষোভে পুলিশ বাধা দিতে গেলে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এ সময় পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে। পুলিশ বেশ কিছু বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে। বিভিন্ন প্রতিষ্ঠানের ফটকে রাতের আঁধারে তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে। রাজধানীর শ্যামলীতে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সামনে ‘ঠিকানা’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়েছে। উত্তর শাহজাহানপুরে বিএনপির অফিসের পাশের ঝিলপাড় এলাকা থেকে ছয়টি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে।

এ নিয়ে আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবরের বিস্তারিত-

তিন দিন ধরে সারা দেশে চলমান নাশকতার ঘটনা নিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির দেশের ৬৪  জেলার পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করেছেন। নাশকতায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা, টহল জোরদার ও গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশনা দিয়েছেন তিনি। বৈঠকে সব মহানগর পুলিশ কমিশনার ও রেঞ্জের উপমহাপরিদর্শকরা (ডিআইজি) উপস্থিত ছিলেন। গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুর এই চার জেলায় বাড়তি পুলিশ মোতায়েন করতে বলা হয়েছে।

পুলিশের একটি সূত্র বলছে, জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে সারা দেশে নাশকতা করছেন তার দলের নেতাকর্মীরা। বিদেশে পলাতক নেতারা উসকানি দিচ্ছেন এবং নাশকতার জন্য টাকা পাঠাচ্ছেন। সম্প্রতি নাশকতার ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে নেপথ্যের ব্যক্তিদের নাম পাওয়া গেছে।

রাজধানীর কয়েকটি স্থানে গতকাল ককটেল বিস্ফোরণে কয়েকজন আহত হয়েছে। ধানম-ি ৩২ নম্বর, সায়েন্সল্যাব ও মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ব্যবসায় বিভাগের সামনে একটি প্রাইভেট কার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণে আহত হয়েছেন এক চালক। এদিকে, ২৪ ঘণ্টায় নাশকতার চেষ্টাকালে ৩৩ জনকে হাতেনাতে গ্রেপ্তারের কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের অধিকাংশই কার্যক্রম নিষিদ্ধ একটি সংগঠনের সঙ্গে জড়িত। তাদের মধ্যে সংগঠনটির অর্থায়নে নাশকতামূলক কর্মকান্ডে যুক্ত কয়েকজনও রয়েছেন। গতকাল মঙ্গলবার ভোর থেকে রাত পর্যন্ত এসব ঘটনা ঘটেছে।

মঙ্গলবার দুপুরে ধানমন্ডি ৩২ নম্বরের সামনে থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। ককটেলের সঙ্গে একটি চিরকুটও পাওয়া যায়। এতে লেখা ছিল ‘বাংলাদেশ মুক্তির ডাক ৭১’ ও ‘জয় বাংলা, জয় মুজিববাদ’। ধানমন্ডি থানার ওসি মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব বলেন, উদ্ধার করা ককটেল দুটি কলাবাগান মাঠে বোম্ব ডিসপোজাল ইউনিট নিষ্ক্রিয় করা হয়। ককটেলের সঙ্গে কোনো চিঠি পাওয়া যায়নি। একটি সাদা কাগজ ছিল, যার উপরে ‘প্রজন্ম ৭১’ এবং পেছনের পাতায় লেখা ছিল ‘বাংলাদেশ মুক্তির ডাক ৭১’ ও ‘জয় বাংলা, জয় মুজিববাদ’।

দুপুরেই সায়েন্সল্যাব এলাকায় সিটি কলেজের পাশে মিরপুর সড়ক থেকে দুটি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। পুলিশের স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) বোম্ব ডিসপোজাল ইউনিট ককটেল দুটি উদ্ধার করে। গাবতলী-মোহাম্মদপুর সড়কের বেড়িবাঁধে বাংলাদেশ ইউনিভার্সিটির সামনেও একটি ককটেল উদ্ধারের ঘটনা ঘটে। স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ককটেলটি ঘিরে রাখে। পরে নিষ্ক্রিয় করার জন্য এসআরইউর বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ওসি আব্দুল হালিম।

স্ত্রীর সঙ্গে ভিডিও কলে কথা বলছিলাম, হঠাৎ বিস্ফোরণ: দুপুর ২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্তর্জাতিক বিজনেস বিভাগের সামনে এবং কলা ভবনের শ্যাডো এলাকায় পৃথক দুটি ককটেল বিস্ফোরণে এক শিক্ষার্থীসহ দুজন আহত হয়েছেন। আহতরা হলেন বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের শিক্ষার্থী আরেফিন সেলিম ও প্রাইভেট কার চালক সোহেল। এদের মধ্যে গাড়িচালক সোহেলের অবস্থা আশঙ্কাজনক।

বিকেলে ঢামেক হাসপাতালের এক্স-রে রুমে সোহেল ঘটনার বর্ণনা দিয়ে বলেন, ‘আমি আন্তর্জাতিক বিজনেস বিভাগের ফ্যাকাল্টি নাবিলা ম্যাডামের গাড়ি চালাই। তাকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে ড্রাইভিং সিটে বসেই স্ত্রীর সঙ্গে ভিডিও কলে কথা বলছিলাম। এ সময় হঠাৎ ড্রাইভিং সিটের সামনের গ্লাস লক্ষ্য করে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। সঙ্গে সঙ্গে আমি রক্তাক্ত হয়ে পড়ি, যা ভিডিও কলে দেখে আমার স্ত্রী কান্নাকাটি শুরু করে। তিনি জানান, শরীরের বিভিন্ন স্থানে ককটেলের স্পিøন্টার লেগে তিনি রক্তাক্ত হয়েছেন। বুকে চাপ অনুভব করছেন এবং কানেও কম শুনছেন।

গ্রেপ্তার ৩৩: রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় ২৪ ঘণ্টায় ৩৩ জনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল ডিএমপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত সোমবার দুপুর ১২টা থেকে গতকাল দুপুর পর্যন্ত ককটেল বিস্ফোরণের সময় এবং বিভিন্ন চেকপোস্টে অভিযান চালিয়ে নাশকতাকারী সন্দেহে ৩৩ জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। এর বাইরেও গ্রেপ্তারের ঘটনা রয়েছে।

ঢাবিতে ককটেল বিস্ফোরণের ঘটনায় কর্মচারী বরখাস্ত : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় জড়িত থাকার প্রাথমিক সত্যতা পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে প্রক্টরিয়াল টিম ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক জরুরি সমন্বয় সভায় এ সিদ্ধান্ত হয়।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, অপরাধীর পরিচয় যা-ই হোক না কেন, অভিযোগের সত্যতা পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বক্ষণিক টহল জোরদারের সিদ্ধান্ত হয়। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয়ের ছয়টি প্রবেশপথে নিরাপত্তা চেকপোস্ট স্থাপন করা হবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে পরিচয়পত্র সঙ্গে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। ক্যাম্পাসের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে সিসিটিভির মনিটরিং জোরদার করা হচ্ছে। সভায় প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর অধ্যাপক ইসরাফিল প্রাংসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সরকার খুব দ্রুত সহিংসতা নিয়ন্ত্রণে আনবে তথ্য উপদেষ্টা :

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, খালি বাসে আগুনের ঘটনায় মানুষের মধ্যে কিছুটা নিরাপত্তাবোধজনিত সমস্যা হওয়া খুবই স্বাভাবিক। যারা ককটেল ফাটাচ্ছে বিচারের আওতায় আনতে পারলে প্রবণতা কমে যাবে। সরকার খুব দ্রুত এগুলোকে নিয়ন্ত্রণে আনবে। গতকাল মঙ্গলবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। 

শরীয়তপুর ও জামালপুরে আওয়ামী লীগ নেতাকর্মীদের মিছিলসংক্রান্ত বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তথ্য উপদেষ্টা বলেন, কার্যক্রম নিষিদ্ধ থাকলেও তারা ‘হুটহাট’ নামছে। আওয়ামী লীগের কর্মসূচি নিষিদ্ধ। আওয়ামী লীগের কোনো ব্যক্তি কী করেছেন? উনি কী তার দলের কোনো কর্মসূচিজনিত সভা করেছেন কিনা, সেটা গুরুত্বপূর্ণ। তিনি বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না দল হিসেবে, সেটা আইসিটি (আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল)-তে বিচারাধীন এবং এর আগ পর্যন্ত ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী যে আইন আছে, সেটার সংশোধনীর মাধ্যমে তার কর্মকাণ্ড নিষিদ্ধ আছে। কয়েক দিন ধরে সহিংস পরিস্থিতি এবং ‘অধিকাংশ’ মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানোর কথা তুলে ধরে এক সাংবাদিক জানতে চান, ফরিদপুরে বাসে আগুন দেওয়ার ঘটনায় চালক নিহত হওয়া, ঢাকায় রবিবার স্কুল বাসে আগুন দেওয়া এসব আসলে কী হচ্ছে?

শরীয়তপুর প্রতিনিধি জানান, সোমবার দিবাগত রাত দেড়টার দিকে জাজিরায় পদ্মা সেতুর টোল প্লাজার কাছে নাওডোবা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের ৭০০ থেকে ৮০০ জন নেতাকর্মী জড়ো হন। একপর্যায়ে তারা লগি-বৈঠা হাতে টোল প্লাজার সামনে এক্সপ্রেসওয়েতে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সড়কে দাঁড়িয়ে থাকা দুটি ট্রাকও ভাঙচুর করা হয়। বিক্ষোভের কারণে দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে ঢাকামুখী এবং ঢাকা থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলগামী যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পদ্মা সেতু দক্ষিণ থানা, শিবচর হাইওয়ে থানা ও জেলা পুলিশের সদস্যরা বিক্ষোভকারীদের সরিয়ে দেন। পুলিশ জানায়, এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। এদিকে, খবর পেয়ে বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে সড়কে নেমে প্রতিবাদ জানায়। শিবচর হাইওয়ে থানার ওসি এনামুল হাসান বলেন, অতিরিক্ত পুলিশ, পদ্মা সেতু দক্ষিণ থানা ও হাইওয়ে পুলিশের সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের সরিয়ে দেন।

পদ্মা দক্ষিণ থানার ওসি আব্দুস সালাম বলেন, ‘গভীর রাতে যারা আইনশৃঙ্খলা বিঘœ ঘটিয়েছে ভিডিও ফুটেজ দেখে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

পুলিশ গতকাল সন্ধ্যায় নাওডোবা এলাকায় অভিযান চালায়। একটি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ করা হয়।

গোপালগঞ্জ প্রতিনিধি জানান, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে টুঙ্গিপাড়া মোড়ে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে লগি-বৈঠা নিয়ে বিপুলসংখ্যক নেতাকর্মী জড়ো হন। সেখানে তারা টায়ার জ¦ালিয়ে বিক্ষোভ করেন। তাদের সঙ্গে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও যোগ দেন। পুলিশ বাধা দিতে গেলে তাদের সঙ্গে বিক্ষোভকারীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে বিক্ষুব্ধ নেতাকর্মীরা পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেন। পরে নেতাকর্মীরা টুঙ্গিপাড়া মোড়সহ আশপাশের এলাকায় লগি-বৈঠা নিয়ে অবস্থান করে বিক্ষোভ প্রদর্শন করেন।

এর আগে সোমবার দিবাগত রাতে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও সড়কের ওপর আগুন জ¦ালিয়ে অবরোধ সৃষ্টি করেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা শহরের জেলা স্কুলের প্রধান ফটক, সরকারি মহিলা কলেজের দেয়াল, পাসপোর্ট অফিসের দেয়াল এবং সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ফটকসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ঘটান। এসব ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ছাড়া শহরের বেদগ্রাম এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে আগুন জ¦ালিয়ে অবরোধ করেন ছাত্রলীগ। এ ছাড়া কোটালীপাড়ায় মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

এ ব্যাপারে গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ বলেন, সোমবার রাতে পুলিশ ৮ জনকে গ্রেপ্তার করেছে, ৭টি মোটরসাইকেল জব্দ করেছে এবং ১৫টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে। মঙ্গলবার দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ফরিদপুর প্রতিনিধি জানান, গত সোমবার দিবাগত রাত ২টার দিকে ফরিদপুর নতুন বাসস্ট্যান্ড এলাকায় পার্কিং করে রাখা একটি বাসে আগুন লাগায় দুর্বৃত্তরা। এতে বাসটির চালক কালাচাঁন শেখের (৩৪) মৃত্যু হয়েছে। কালাচাঁন শেখ ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার নুরুদ্দিন শেখের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে নতুন বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা একটি লোকাল বাসে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন চালক কালাচাঁন শেখ। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং চালককে উদ্ধার করে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মো. সাদ্দাম জানান, প্রাথমিকভাবে জানা গেছে, আগুনের ধোঁয়ায় দমবন্ধ হয়ে ওই বাসচালকের মৃত্যু হয়েছে। মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ বিষয়ে ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী বলেন, এ ঘটনায় এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে। প্রয়োজনীয় তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

নিজস্ব প্রতিবেদক, খুলনা জানান, জেলায় ককটেল নিক্ষেপ, রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের বগিতে ও উপজেলা বিএনপির ওয়ার্ড অফিসে আগুন লাগানোর ঘটনা ঘটেছে। গতকাল ভোর ৬টায় বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির প্রধান কার্যালয়ে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মোটরসাইকেলে এসে পাঁচ-ছয় যুবক এই ঘটনা ঘটিয়েছে বলে জানা গেছে। দৌলতপুর থানার ওসি আলিমুর রহমান জানিয়েছেন, ঘটনাস্থল থেকে ককটেল  উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় কেউ হতাহত হয়নি। এর আগে ভোর ৪টার দিকে খুলনা রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা নকশীকাঁথা ট্রেনের একটি বগিতে আগুনের ঘটনা ঘটে। এতে বগির একটি আসন ক্ষতিগ্রস্ত হয়। স্টেশন মাস্টার জাকির হোসেন জানান, ঢাকা থেকে আসা ট্রেনটি রাত ১২টার দিকে খুলনা স্টেশনে পৌঁছায়। পরে বগিতে আগুন লাগার বিষয়টি নজরে এলে দ্রুত তা নিভিয়ে ফেলা হয়। সোমবার রাত ৮টার দিকে দৌলতপুরে কৃষক দলের নেতাকর্মীদের একটি ঘরোয়া আলোচনা সভা লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল বের করেন দলের নেতাকর্মীরা।

বটিয়াঘাটা থানার ওসি এসএম মিজানুর রহমান বলেন, ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনার সঙ্গে জড়িতরা শহর থেকে এসেছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ তাদের গ্রেপ্তারে তৎপরতা শুরু করেছে।

নেত্রকোনা প্রতিনিধি জানান, জেলার মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে গতকাল ভোর ৬টার দিকে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে একটি বগিটির চারটি আসনের রেক্সিন পুড়ে যায়। তবে তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ট্রেনটি। ফলে নির্ধারিত সময় সকাল ৮টায় ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জহিরুল ইসলাম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনটি ভোর ৫টা ১০ মিনিটে মোহনগঞ্জ স্টেশনে পৌঁছায়। ট্রেন থামার পর যাত্রীরা নেমে যান। এ সময় ট্রেনের গার্ড ও কর্মীরাও খাবার খেতে বাইরে ছিলেন। ট্রেনটি ফাঁকা থাকার সুযোগে দুর্বৃত্তরা একটি বগিতে আগুন ধরিয়ে দেয়।

এ ছাড়া সোমবার দিবাগত রাতে নেত্রকোনার চল্লিশা রেললাইনে আগুন দেয় দুর্বৃত্তরা। রাতে জেলার বিভিন্ন স্থানে মশাল মিছিলসহ সড়কে অগ্নিসংযোগ বেশ কিছু ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা।

গাজীপুর প্রতিনিধি জানান, গতকাল ভোরে গাজীপুরের জয়দেবপুর থানার হোতাপাড়ার মনিপুর এলাকার শ্যামলী মোড়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বাসটি কারখানার শ্রমিক আনা-নেওয়ার কাজে ব্যবহৃত হতো। এর আগে সোমবার চন্দ্রা ত্রিমোড় এলাকায় আজমেরি গ্লোরী পরিবহনের দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এদিন রাত ১১টার দিকে চন্দ্রা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিস এসব আগুন নিয়ন্ত্রণে আনে। এসব ঘটনায় কোনো হতাহত হয়নি।

নওগাঁ প্রতিনিধি জানান, গত সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নওগাঁ শহরের বাইপাস সড়কের গাবতলী মোড় এলাকায় দাঁড়িয়ে থাকা ‘আল বারাকা’ পরিবহনের দুটি বাসে আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় নওগাঁ সদর মডেল থানার ওসি মিন্টু রহমান দেশ রূপান্তরকে জানান, গ্যারেজে বাস দুটিতে মেরামতের কাজ চলছিল। এ সময় সেখানে মশার কয়েল, ঝুট পোড়া কিংবা বিড়ি-সিগারেটের আগুন থেকে কোনোভাবে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে থাকা নাইটগার্ডের বরাত দিয়ে তিনি জানান, তিনি কাউকে ইচ্ছাকৃতভাবে আগুন লাগাতে দেখেননি।

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী জানান, রাজশাহীর তানোরের কলমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আজিজপুর গ্রামে স্থানীয় বিএনপির কার্যালয়ে গতকাল ভোরে কে বা কারা আগুন দেয়। এতে কার্যালয়টির ভেতরে থাকা আসবাবপত্র পুড়ে গেছে। নাশকতার উদ্দেশ্যে এই আগুন দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। তানোর থানার ওসি মাহমুদুল হাসান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ফেনী প্রতিনিধি জানান, ফেনীর তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ফটকে রাতের আঁধারে তালা ঝুলিয়ে দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ। প্রতিষ্ঠানগুলো হলো ফেনী সরকারি কলেজ, ফেনী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ও ফেনী গিরীশ অক্ষয় একাডেমি (জিএ একাডেমি)। সামাজিক মাধ্যমে ভিডিওতে দেখা যায়, মুখে মাস্ক ও মাথায় ক্যাপ পরিহিত কয়েকজন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধান ফটকে তালা লাগিয়ে কয়েকটি ছাপানো কাগজ সাঁটিয়ে দিয়ে ঘটনাস্থল ত্যাগ করছে। কাগজে লিখা ছিল ‘বাংলাদেশ ছাত্রলীগ ঘোষিত ছাত্র ধর্মঘট সফল হোক, স্বার্থক হোক’। এর নিচে লিখা ছিল ‘ফেনী জেলা ছাত্রলীগ’।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, সামাজিক মাধ্যমে ভিডিও দেখে বিষয়টি আমাদের নজরে এসেছে। কোনো প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুলিশের কাছে এ ঘটনায় অভিযোগ করা হয়নি। বিষয়টি অবগত হয়ে র্এই মধ্যে পুলিশ ঘটনাস্থলগুলো পরিদর্শন করেছে। তবে সেখানে কোনো আলামত পাওয়া যায়নি। এ ধরনের ঘটনা এড়াতে আমাদের গোয়েন্দা তৎপরতা রয়েছে।

রাঙ্গামাটি প্রতিনিধি জানান, রাঙ্গামাটি শহরে গভীর রাতে বিভিন্ন স্থানে পোস্টার সাঁটানোর পাশাপাশি সরকারি অফিস, আদালত ও শিক্ষাপ্রতিষ্ঠানের ফটকে তালা লাগানোর ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে সরকারি বিভিন্ন দপ্তর, আদালত ও শিক্ষাপ্রতিষ্ঠানের ফটকে তালা ঝুলতে দেখে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যান ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তারা তালা ভেঙে প্রতিষ্ঠানগুলোর প্রবেশপথ খুলে দেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন বলেন, রাতের আঁধারে কারা এসব তালা লাগিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা চলছে।

এ ছাড়া চট্টগ্রামের আনোয়ারায় পিএবি সড়কে গতকাল ভোর ৬টার দিকে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভের চেষ্টা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করেছে পুলিশ। হবিগঞ্জের মাধবপুরে দুটি স্থানে রাতে মশাল মিছিল হয়েছে। এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকালে বিক্ষোভ মিছিল করেছে মাধবপুর পৌর ছাত্রদল। পাবনায় সোমবার গভীর রাতে পাবনা-কুষ্টিয়া মহাসড়ক ও পাবনা-চাটমোহর আঞ্চলিক মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধের পাশাপাশি বেড়া কলেজের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এ ছাড়া মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ ক্যাম্পাস থেকে গতকাল সকালে এবং রংপুরের মিঠাপুকুরে সোমবার রাতে লাল টেপে মোড়ানো বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।

কুড়িগ্রামে দুজনকে এবং সাভারে নাশকতাকতার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।

সর্বশেষ সর্বাধিক পঠিত