শেখ হাসিনার প্রত্যর্পণই চায় সরকার

 ‘দন্ডিতকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই’

আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ০৭:০৬ এএম

প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে চায় সরকার। তিনি নিজে দেশে ফিরতে চাইলে তাকে প্রত্যর্পণের ক্ষেত্রে ভারতের কোনো আইনি জটিলতা থাকার কথা নয় বলে মনে করেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। গতকাল মঙ্গলবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সরকারের কর্মকাণ্ড ও অর্জন নিয়ে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম মনে করেন শেখ হাসিনাকে বাংলাদেশ সরকারের পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়া হলে তা হবে বিচারের সঙ্গে ‘মকারি’র (উপহাস)। গতকাল ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

জাহেদ উর রহমান বলেন, ‘আমরা ওনাকে প্রত্যর্পণ করতে চাই। ওনাকে ধরে আনতে চাই। এখন উনি তো নিজেই আসতে চান। তার মানে ওনার তো কোর্টে যাওয়ার দরকার নেই। উনি বলবেন আমাকে প্রত্যর্পণ করে দাও। সুতরাং প্রত্যর্পণ নিয়ে যে আইনি প্রক্রিয়ার কথা বলা হয়েছে, যে আইনি জটিলতার কথা বলা হয়েছে, আমি অন্তত সেটা দেখি না।’

তিনি আরও বলেন, ‘ভারতের সঙ্গে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তি রয়েছে। আনুষ্ঠানিক চ্যানেলে একাধিকবার শেখ হাসিনাকে ফেরত চাওয়া হয়েছে। তিনি গুরুতর অপরাধে দণ্ডিত আসামি। তাকে যে প্রক্রিয়ায় ফেরত পাওয়ার কথা, সরকার সেই প্রক্রিয়া অনুসরণ করেই দেশে ফিরিয়ে আনতে চায়। তার বিচার কীভাবে হবে, সেটি সরকারের বিষয়।’

প্রত্যর্পণের উদ্যোগ নেওয়া হলে শেখ হাসিনা আদালতের আশ্রয় নিতে পারতেন উল্লেখ করে উপদেষ্টা ডা. জাহেদ বলেন, ‘ভারত সরকারের এই মুহূর্তে কোনো সমস্যা থাকার কথা না। কারণ, যাকে প্রত্যর্পণ করার কথা, তিনি নিজেই আসতে চান। সো, লিগ্যাল কোনো ইস্যু আছে বলে আমরা আসলে এখন আর মনে করি না।’

অতি সম্প্রতি শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের বিষয়ে একটি আইনি প্রতিষ্ঠানের চিঠি পাওয়া প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, এটি আওয়ামী লীগের কোনো কৌশল হতে পারে। তবে শেখ হাসিনা নিজে এখনো আবেদন করেননি। ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার কথা আগেই জানিয়েছিলেন শেখ হাসিনা। তিনি রয়টার্সকে বলেছিলেন, আদালতে আত্মসমর্পণ করতে তিনি দেশে ফিরতে চান। এক প্রতিবেদনে রয়টার্স খবর দেয়, শেখ হাসিনার পক্ষে লন্ডনভিত্তিক ল ফার্ম ম্যাট্রিক্স চেম্বার্স দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনের ভারপ্রাপ্ত হাই কমিশনার প্রীতি রহমানকে চিঠি দিয়ে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার অনুরোধ জানিয়েছে।

এভাবে ল ফার্ম দিয়ে চিঠি পাঠানো আওয়ামী লীগের কোনো কৌশল হতে পারে মন্তব্য করে জাহেদ উর রহমান বলেন, ‘গতকাল আমরা দেখেছি, দিল্লিতে আমাদের প্রেস মিনিস্টার পরিষ্কারভাবে জানিয়েছেন, একটি ল ফার্ম থেকে চিঠি পেয়েছেন। তারা বলেছে, তাকে (শেখ হাসিনা) পাসপোর্ট দেওয়ার ব্যবস্থা নেওয়া হোক। কিন্তু তিনি কোনো অ্যাপ্লিকেশন করেননি।’

উপদেষ্টা বলেন, ভারত সরকারও শেখ হাসিনার সেখানে অবস্থানের বিষয়টি স্বীকার করেছে। এ বিষয়ে বাংলাদেশ সরকার কূটনৈতিক চ্যানেলে একাধিকবার যোগাযোগ করেছে।

চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম পাসপোর্ট আইনের সংশ্লিষ্ট ধারা উল্লেখ করে বলেন, বলেন, ‘দণ্ডিত ও বিচার এড়িয়ে পলাতক ব্যক্তিকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই। কোনো ব্যক্তি পাসপোর্টের আবেদনের আগের পাঁচ বছরের মধ্যে নৈতিক স্খলনজনিত অপরাধে কমপক্ষে দুবছরের কারাদণ্ডে দণ্ডিত হলে তাকে পাসপোর্ট দিতে অস্বীকৃতি জানানোর সুযোগ রয়েছে পাসপোর্ট আইনে।’

তিনি বলেন, ‘মানবতাবিরোধী অপরাধ নৈতিক স্খলনজনিত অপরাধের অন্তর্ভুক্ত। এ কারণে খুব সংগত কারণেই বাংলাদেশ সরকার তার পাসপোর্ট বাতিল করেছে।’ সংবিধানের ৩৬ অনুচ্ছেদ তুলে ধরে চিফ প্রসিকিউটর বলেন, ‘এই অনুচ্ছেদে নাগরিকের বিদেশে যাওয়া এবং দেশে ফেরার অধিকার দেওয়া হয়েছে। তবে দণ্ডিত বা পলাতক ব্যক্তির ক্ষেত্রে এ অধিকার প্রযোজ্য নয়।’

তিনি বলেন, ‘৩৬ অনুচ্ছেদের ভিত্তিতে শেখ হাসিনার দেশে ফেরার অধিকার আছে এমন বক্তব্য বিভ্রান্তিকর।’

ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি বলেন, ‘একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে বাংলাদেশ সরকার কী করে পাসপোর্ট ইস্যু করবে? একজন দণ্ডিত ব্যক্তিকে রাষ্ট্রের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে যদি পাসপোর্ট, ট্রাভেল পাস ইস্যু করে, তাহলে তো বিচারের সঙ্গে এটা রাষ্ট্রের একটা মকারির শামিল হবে।’

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশ্লিষ্ট ধারা উল্লেখ করে তিনি বলেন, ‘ট্রাইব্যুনালের রায় ঘোষণার ৩০ দিনের মধ্যে আপিল করতে হয়। নির্ধারিত সময়ের মধ্যে আপিল না করলে পরে আর আপিলের সুযোগ নেই। শেখ হাসিনা রায় ঘোষণার ৩০ দিনের মধ্যে আপিল করেননি। ফলে তার আপিল করার সুযোগ নেই।

শেখ হাসিনাকে ঘিরে বিভিন্ন তৎপরতার পেছনে বিশেষ কোনো উদ্দেশ্য রয়েছে এমন সন্দেহ প্রকাশ করে আমিনুল ইসলাম বলেন, ‘শেখ হাসিনাকে কী কেউ ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করছে? কিংবা শেখ হাসিনার দলের কোনো কোনো ভেস্টেড কোয়ার্টার কোনো রাজনৈতিক অস্থিরতা তৈরি করার জন্য কি তারা এটা করছেন? এই বিষয়টি কিন্তু স্পষ্ট নয়, তবে আমাদের কাছে সন্দেহ হচ্ছে।’

তিনি বলেন ‘আমাদের এটি বলতে কোনো দ্বিধা নাই যে, শেখ হাসিনা কখনোই সত্যিকার অর্থে বাংলাদেশে আসার জন্য তার কোনো সদিচ্ছা ছিল না, নেই। সদিচ্ছা থাকলে শেখ হাসিনা বিচার চলাকালে দেশে এসে মামলার মুখোমুখি হতেন, কিংবা রায় প্রকাশের ৩০ দিনের মধ্যে দেশে এসে আপিল করতেন।’

উল্লেখ্য, গণঅভ্যুত্থানে ক্ষমতা হারিয়ে শেখ হাসিনা ২০২৪ সালের ৫ আগস্ট ভারতে চলে যান। ২০২৫ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড দেয়। বাংলাদেশ সরকার এর আগে তাকে ফেরত চেয়ে ভারতের কাছে আনুষ্ঠানিক অনুরোধ পাঠালেও দিল্লি তাতে সাড়া দেয়নি।

সর্বশেষ সর্বাধিক পঠিত