ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, অযৌক্তিক ‘ব্ল্যাকলিস্টিং’ (কালো তালিকাভুক্তকরণ) বন্ধ, ছাঁটাইকৃত শ্রমিকদের পুনর্বাসন ও গ্রেপ্তারকৃত শ্রমিকদের মুক্তির দাবিতে আবারও আশুলিয়া শিল্পাঞ্চল অশান্ত হয়ে উঠেছে। গতকাল মঙ্গলবার আশুলিয়া ও গাজীপুর এলাকায় ছুটি ঘোষণা করা হয়েছে শতাধিক পোশাক কারখানায়।
কয়েক দিনের বিরতির পর গতকাল সকালে আশুলিয়ার জামগড়া এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে আন্দোলনরত পোশাকশ্রমিকরা। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে রাবার বুলেটে দুইজন শ্রমিক আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্পাঞ্চলে অতিরিক্ত পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন রয়েছে।
প্রত্যক্ষদর্শী পুলিশ ও শ্রমিকরা জানান, গতকাল সকালে নির্ধারিত সময়েই শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানায় প্রবেশ করে কার্ড পাঞ্চ করে কাজে যোগ দেন শ্রমিকরা। তবে এনভয়, হলিউড, দ্য রোজ, হামিম গ্রুপের নেক্সট কালেকশনসহ কয়েকটি কারখানার শ্রমিকরা কর্মস্থলে গেলেও দাবি আদায়ে কর্মবিরতি পালন করেন।
সকাল সাড়ে ১০টার দিকে আশুলিয়ার বাইপাইল- আবদুল্লাহপুর সড়কের জামগড়া এলাকায় শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় পুলিশ প্রথমে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ রাবার বুলেট, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। রাবার বুলেটে আহত স্টার্লিং স্টাইলস লিমিটেডের সুইং মেশিন অপারেটর মোছা. রাজিয়া বেগম ও ফিনিশিং বিভাগের অপারেটর আলমগীর হোসেনকে পার্শ্ববর্তী নারী ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়। আহত শ্রমিক রাজিয়া বেগম বলেন, কারখানা সাধারণ ছুটি দিলে আমরা শান্তিপূর্ণভাবে বাড়ির উদ্দেশে যাচ্ছিলাম। হঠাৎই পুলিশ আমাদের লক্ষ্য করে টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়ে।
আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের ব্যবস্থাপক (অপারেশন) হারুন অর রশিদ জানান, দুইজন পোশাকশ্রমিক রাবার বুলেটের আঘাত নিয়ে তাদের হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। তাদের মধ্যে রাজিয়া বেগমের মাথায় আঘাত থাকায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আলমগীর হোসেন নামে আরেক শ্রমিক প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যান।
বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু জানান, নরসিংহপুর এলাকার নিউএইজ কারখানার শ্রমিকরা সকালে কর্মস্থলে এসে দেখতে পায় মূল ফটকে অনির্দিষ্টকালের বন্ধের নোটিস লাগানো রয়েছে। এতে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। তারা বন্ধের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ শুরু করেন। তখন আতঙ্কে আশপাশের কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। শ্রমিকরা যে যার মত বাড়ি যাওয়ার সময় বেরন এলাকায় পুলিশ শ্রমিকদের লক্ষ্য করে রাবার বুলেট, টিয়ারশেল ছোড়ে। এতে বেশ কয়েকজন শ্রমিক আহত হন।
আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, শ্রমিকদের ছোড়া ইট-পাটকেলের আঘাতে ৪/৫ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে শতাধিক পোশাক কারখানা একদিনের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
গাজীপুরে ১১ কারখানা ছুটি : শ্রমিক অসন্তোষের কারণে গাজীপুরে ১১টি কারখানায় ছুটি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন। গতকাল সকালে শ্রমিকরা কারখানায় যোগ দেন। তবে সকাল ১০টার পর গাজীপুর সদর উপজেলা ও ভোগড়া এলাকার কয়েকটি কারখানায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। পরিস্থিতি সামাল দিতে ১১টি কারখানা ছুটি দেওয়া হয়। শ্রমিকরা একসঙ্গে কারখানা থেকে বের হলে কিছুটা জটলা তৈরি হয়। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে বুঝিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়।
শিল্প পুলিশ সূত্র জানায়, গতকাল ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ সড়কে শ্রমিকদের কোনো অবরোধ করার মতো ঘটনা ঘটেনি। তবে ভোগড়া বাইপাস এলাকায় মাসট্রেড ইন্টারন্যাশনাল গার্মেন্টস লি. শ্রমিক উত্তেজিত হলেও পুলিশ তাদের বুঝিয়ে সরিয়ে দিয়েছে। বর্তমান পরিবেশ স্বাভাবিক রয়েছে।