সম্পর্ক গভীরে ঐকমত্য

আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ০৭:০৯ এএম

বাংলাদেশ ও তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক গভীর করা, বাণিজ্য বৃদ্ধি এবং প্রতিরক্ষা ও প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারে সম্মত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের মধ্যে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত বৈঠকে এ ঐকমত্য হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, তুরস্কের পর্যটন নগর আনতালিয়ায় বাংলাদেশ সময় রাত ১০টার পর এ বৈঠক শুরু হয়; চলে প্রায় আধা ঘণ্টা।

সরকারি সূত্রের তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ থেকে রপ্তানি বৃদ্ধি এবং শিক্ষা, স্বাস্থ্য, বিজ্ঞান ও প্রযুক্তি খাতে তুরস্কের সহযোগিতা কামনা করেন। তিনি বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে তুরস্কের সহযোগিতা চান। এরদোয়ানকে উদ্ধৃত করে তুরস্কের বার্তা সংস্থা আনাদুলুর প্রতিবেদনে বলা হয়, তুরস্ক ও বাংলাদেশ বিভিন্ন ক্ষেত্রে-বিশেষ করে বাণিজ্য ও প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা সম্প্রসারণের পদক্ষেপ অব্যাহত রাখলে উভয় দেশই উপকৃত হবে।

তুর্কি প্রেসিডেন্ট বৈঠকে তারেক রহমানকে জানান, কক্সবাজারের আশ্রিত ১০ লাখ রোহিঙ্গার মানবিক পরিস্থিতি যেন আন্তর্জাতিক মনোযোগের কেন্দ্রে থাকে, তা নিশ্চিত করতে তার দেশ নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ যে জলবায়ু পরিবর্তনের প্রভাব গভীরভাবে অনুভব করছে, তা উল্লেখ করে এরদোয়ান বলেন, বন্যা ব্যবস্থাপনা ও টেকসই অবকাঠামোর মতো খাতে বাংলাদেশের প্রয়োজনীয় প্রকল্পগুলোর বিষয়টি ‘কপ৩১’ জলবায়ু সম্মেলনের অন্যতম প্রধান আলোচ্য বিষয়। তুরস্ক আশা করে তাদের ‘ক্লাইমেট ইমপ্লিমেন্টেশন ব্রিজ’ উদ্যোগটি এ ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়তা করবে। স্থানীয় ম্যাক্স রয়েল হোটেলে অনুষ্ঠিত বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবীর ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান উপস্থিত ছিলেন।

দুই মাসেরও কম সময়ে দুই সরকার প্রধানের মধ্যে এটি দ্বিতীয় বৈঠক। তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদের ফাঁকে গত ২২ সেপ্টেম্বর নিউ ইয়র্কে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। 

প্রধানমন্ত্রী জাতিসংঘ জলবায়ু সম্মেলনে (কপ৩১) অংশ নিতে টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তুরস্কের স্থানীয় সময় গতকাল দুপুর ১২টা ৪০ মিনিটে ইস্তাম্বুল পৌঁছান। দুই ঘণ্টা ইস্তাম্বুলে ট্রানজিটের পর অন্য একটি ফ্লাইটে তিনি বিকেল ৪টার দিকে আনতালিয়া পৌঁছান। সেখানে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। প্রধানমন্ত্রীকে তুরস্কের সংস্কৃতি ও পর্যটনবিষয়ক উপমন্ত্রী ড. সর্দার শ্যাম আনতালিয়া বিমানবন্দরে স্বাগত জানান। এ সময় তাকে গার্ড অব অনার দেওয়া হয়। এর আগে সকাল সাড়ে ৭টায় তারেক রহমান ঢাকা ত্যাগ করেন।

প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের বক্তব্য তুলে ধরবেন। এতে জলবায়ু ন্যায়বিচার, উন্নত দেশগুলো দায়বদ্ধতা, জলবায়ু অর্থায়ন, অভিযোজন, ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং জলবায়ু সহনশীল টেকসই উন্নয়ন বিষয়ে দেশের অবস্থান তুলে ধরার কথা রয়েছে। অস্ট্রেলিয়াসহ কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার বৈঠক হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী শুক্রবার ভোরে দেশে ফেরার কথা রয়েছে।

এমিনে এরদোয়ানের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ : তুরস্কের প্রেসিডেন্টের স্ত্রী এমিনে এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। গতকাল মঙ্গলবার আন্তালিয়ায় জলবায়ু সম্মেলন চলাকালে তাদের এ সাক্ষাৎ হয়। সাক্ষাতের কথা উল্লেখ করে ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে জুবাইদা রহমানের সঙ্গে একটি ছবি প্রকাশ করেন এমিনে এরদোয়ান। 

সর্বশেষ সর্বাধিক পঠিত