টাকা দিয়েও মেলেনি বৈধ সংযোগ

আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ০৭:২৫ এএম

বিদ্যুৎ সংযোগের জন্য টাকা দিয়েছেন গ্রাহকরা। কোথাও বসেছে খুঁটি, টানা হয়েছে লাইন, স্থাপন করা হয়েছে মিটার। কিন্তু এসবের বৈধতা সম্পর্কে কিছুই জানে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অভিযোগ, সংযোগ দেওয়ার নামে কারও কাছ থেকে সাড়ে ৭ হাজার, কারও কাছ থেকে নেওয়া হয়েছে ৩৫ হাজার টাকা। এরপরও মেলেনি বৈধ সংযোগের নিশ্চয়তা। উল্টো অবৈধ মিটারে বিল তৈরি, কপি ছাড়াই বিল পরিশোধের চাপ এবং ভয়ভীতি দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ উঠেছে নাটোরের বাগাতিপাড়া পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর সাব-জোনাল অফিসের বিরুদ্ধে।

ভুক্তভোগীদের অভিযোগ ও সরেজমিনে অনুসন্ধানে জানা যায়, উপজেলার পেড়াবাড়িয়া মহল্লার সাথি খাতুনের কাছ থেকে বিদ্যুৎ মিটার দেওয়ার কথা বলে সাড়ে ৭ হাজার টাকা নেওয়া হয়। পরে তার বাড়িতে একটি মিটার স্থাপন করা হলেও সেটিতে অবৈধভাবে সংযোগ দেওয়া হয়েছে বলে অভিযোগ তার। আবার অফিসে যোগাযোগ করা হলে তার নামে বিদ্যুৎ বিল করে ভয়ভীতি দেখিয়ে ৫ হাজার টাকা বিল আদায়ের অভিযোগ উঠেছে। একইভাবে পৌরসভার লক্ষণহাটি মহল্লার মিজানুর রহমানের কাছ থেকে বিদ্যুতের খুঁটি স্থাপনের কথা বলে ৩৫ হাজার টাকা নিয়ে অবৈধভাবে মিটার সংযোগ দেওয়া ও বিল ছাড়াই জরিমানাসহ ১৮ হাজার টাকা দাবির অভিযোগ উঠেছে। অন্যদিকে একই মহল্লার সামিউল ইসলামকেও বিদ্যুৎ বিলের কপি না দিয়েও বিল পরিশোধের চাপ, থানা-পুলিশের ভয়ভীতি প্রদর্শন এবং সাদা কাগজে টাকা দাবির অভিযোগ করেছেন।

তিনটি ঘটনায়ই ইলেকট্রিশিয়ান জহুরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা। তাদের দাবি, বিদ্যুৎ সংযোগের জন্য প্রথমে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করলে সেখান থেকে ইলেকট্রিশিয়ানের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়। সেই পরামর্শ অনুযায়ী তারা জহুরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করেন এবং তার মাধ্যমেই মিটার ও বিদ্যুৎ সংযোগের কার্যক্রম সম্পন্ন করেন।

পৌরসভার লক্ষণহাটি মহল্লার মিজানুর রহমান বলেন, বিদ্যুতের একটি খুঁটি স্থাপনের কথা বলে ইলেকট্রিশিয়ান জহুরুল ইসলাম প্রথমে তার কাছ থেকে ৩০ হাজার টাকা এবং পরে আরও ৫ হাজার টাকা নেন। এক বছর ঘোরানোর পর একটি খুঁটি এনে দিয়ে বিদ্যুতের তার টেনে দিয়ে মিটার সংযোগ ব্যবস্থা করে দেন। কিন্তু মিটার স্থাপনের তিন মাস পেরিয়ে গেলেও তার নামে কোনো বিদ্যুৎ বিল তৈরি হয়নি। এ বিষয়ে জানতে আফিসে গেলে অফিস কর্তৃপক্ষ জরিমানাসহ ৭০০ ইউনিট হিসেবে ১৮ হাজার টাকা দাবি করেন। কিন্তু তার হাতে কোনো বিদ্যুৎ বিলের কপি দিতে রাজি হননি। এ ঘটনায় সংশ্লিষ্ট খুঁটি ও মিটারের বৈধতা নিশ্চিত করার পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

একই মহল্লার সামিউল ইসলাম অভিযোগ করে বলেন, তার বাড়িতে প্রায় চার মাস আগে পল্লী বিদ্যুতের সংযোগ দেওয়া হলেও এখন পর্যন্ত তাকে কোনো বিদ্যুৎ বিল সরবরাহ করা হয়নি। মিটারে ৫৯৬ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের হিসাব দেখানো হলেও বিল না পাওয়ায় বিপাকে পড়েছেন তিনি। তার অভিযোগ, বিলের কপি হাতে না দিয়েই বিদ্যুৎ বিল পরিশোধের জন্য চাপ দেওয়া হচ্ছে। এমনকি তাকে থানা-পুলিশের ভয় দেখানো হচ্ছে এবং সাদা কাগজে লিখে টাকা দাবি করা হচ্ছে। বিষয়টি সমাধানের জন্য একাধিকবার অনুরোধ করেও কোনো প্রতিকার পাননি বলে দাবি তার। এ বিষয়ে সুষ্ঠু সমাধান চান তিনি।

অন্যদিকে পৌরসভার পেড়াবাড়িয়া মহল্লার সাথি খাতুন অভিযোগ করে বলেন, পল্লী বিদ্যুতের মিটার দেওয়ার কথা বলে ইলেকট্রিশিয়ান জহুরুল ইসলাম তার কাছ থেকে ৭ হাজার টাকা নেন। ছয় মাস পর তার বাড়িতে একটি মিটার স্থাপন করে দেওয়া হয়। তবে মিটারটি অবৈধভাবে স্থাপন করা হয়েছে বলে অভিযোগ তার। ওই মিটারের বিপরীতে তার নামে কোনো বিদ্যুৎ বিলও তৈরি হচ্ছে না। অবৈধ মিটারে তার নাম দিয়ে বিল করে ভয়ভীতি দেখিয়ে ৫ হাজার টাকার বিদ্যুৎ বিল আদায়ের অভিযোগ করেন তিনি।

অভিযুক্ত ইলেকট্রিশিয়ান জহুরুল ইসলাম বলেন, এ বিষয়ে অফিস থেকে চিঠির মাধ্যমে তার কাছে ব্যাখ্যা চাওয়া হলে তিনি জবাব দিয়েছেন। তিনি বলেন, ‘আমি ওইসব গ্রাহকের বাড়িতে যাইনি, ওয়্যারিং করিনি এবং তাদের সঙ্গে কোনো ধরনের লেনদেনও করিনি। আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা।’

এ বিষয়ে বাগাতিপাড়া সাব-জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) হেলালুর রহমান বলেন, ‘বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ বিষয়ে একটি তদন্ত কমিটি কাজ করছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে। আমরা চাই, অপরাধীরা শাস্তি পাক।’

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জেনারেল ম্যানেজার (চলতি দায়িত্ব) মেসবাহ উদ্দিন বলেন, ‘অভিযোগের পরিপ্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি ঘটনাগুলো তদন্ত করছে। তদন্তে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের পর কমিটির প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সর্বশেষ সর্বাধিক পঠিত