মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ভিত্তিক ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির সভাপতি হাসিবুল ইসলামের ওপর হামলা হয়েছে। তাকে ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে কোপানোর চেষ্টা করেন এক ব্যক্তি। এতে তিনি আহত হন। ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে শ্রীমঙ্গল উপজেলার রাধানগর এলাকার বালিশিরা রিসোর্টের সামনে এ ঘটনা ঘটে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি চলন্ত ব্যাটারিচালিত অটোরিকশার কাছে গিয়ে হাসিবুলকে উদ্দেশ করে অশালীন ও উসকানিমূলক মন্তব্য করছেন। এ সময় তাকে ‘জঙ্গি ও ‘জুলাই জঙ্গি’ বলেও আখ্যা দিতে শোনা যায়।