কেবল সনদসর্বস্ব জ্ঞান দিয়ে ব্যক্তি বা দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, অর্জিত শিক্ষা ও দক্ষতাকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে। দেশের সাধারণ মানুষের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। যাদের শ্রম ও অবদানে দেশের অর্থনীতি সচল থাকে, জীবনের চাকা ঘোরে তাদের গুরুত্ব দিতে হবে। গতকাল মঙ্গলবার সকালে বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি)-এর ২৭তম সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হিসেবে বক্তব্য প্রদানকালে এ কথা বলেন।
শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, সনদ অর্জনের মধ্য দিয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ হতে পারে, কিন্তু মানুষ হয়ে ওঠার শিক্ষা কখনো শেষ হয় না। কেবল সনদসর্বস্ব জ্ঞান দিয়ে ব্যক্তি বা দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। এর জন্য প্রয়োজন অন্তর্গত প্রেরণা, সুগভীর দেশপ্রেম এবং মানবিক ও নৈতিক মূল্যবোধ। উচ্চশিক্ষার সাফল্য শুধু বিশ্ববিদ্যালয় কিংবা ডিগ্রিধারীর সংখ্যা দিয়ে পরিমাপ করা যায় না। শিক্ষার গুণগত মান, সময়োপযোগী পাঠ্যক্রম, যোগ্য শিক্ষক, শিক্ষার্থীদের বাস্তব জ্ঞান ও দক্ষতা অর্জন এবং শোভন কর্মসংস্থানই একটি বিশ্ববিদ্যালয়ের প্রকৃত সাফল্যের মাপকাঠি।
রাষ্ট্রপতি বলেন, আজ যে জ্ঞান ও দক্ষতা দিয়ে আমরা কাজ করছি, আগামী কয়েক বছরে সেটির জন্য হয়তো সম্পূর্ণ নতুন দক্ষতার প্রয়োজন হবে। তাই ডিগ্রি অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের প্রতিনিয়ত নতুন কিছু শেখা, সমস্যা সমাধানের দক্ষতা ও পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার মানসিকতা তৈরি করতে হবে। তিনি বলেন, বিগত দেড় দশকে রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সঙ্গে শিক্ষাব্যবস্থাও ধ্বংসের দ্বারপ্রান্তে উপনীত হয়েছিল। কোনো রকম বাছ-বিচার ছাড়াই বিশ্ববিদ্যালয় করার অনুমতি দেওয়া হয়েছিল।