পাবনা-ঢাকা রুটে দুই ট্রেন

ট্রায়াল রান সম্পূর্ণ, সৈয়দপুর কারখানায় চলছে শেষ মুহূর্তের কাজ

আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ১১:৩৯ এএম

আগামী ১৯ নভেম্বর পাবনা-ঢাকা রুটে চালু হতে যাচ্ছে নতুন দুটি আন্তনগর ট্রেন। ‘পাবনা প্রভাতী’ ও ‘পাবনা গোধূলি’ নামের ট্রেন দুটির জন্য ভারত থেকে আমদানি করা আধুনিক এলএইচবি (লিংকে-হফম্যান-বুশ) প্রযুক্তির ১২টি রেলকোচ দিয়ে একটি রেক প্রস্তুত করেছে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানা। রেকটির আংশিক কিছু কাজ বাকি রয়েছে। সেগুলো শেষ করে আগামী ১৭ নভেম্বরের মধ্যে রেলওয়ের ট্রাফিক বিভাগের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ট্রেন দুটি একটি কেবিন, দুটি এসি কোচ, একটি এসি পাওয়ার কার এবং বাকি সাধারণ আসনের কোচ নিয়ে চলাচল করবে। উভয় পথে আটটি স্টেশনে যাত্রাবিরতি থাকবে।

সূত্রে জানা গেছে, গত ৪ নভেম্বর বাংলাদেশ রেলওয়ের প্রস্তাব অনুমোদন করে ৫ নভেম্বর প্রজ্ঞাপন জারি করেছে রেলপথ মন্ত্রণালয়। অনুমোদিত সূচি অনুযায়ী, পাবনা প্রভাতী এক্সপ্রেস (ট্রেন নম্বর ৮০৮) প্রতিদিন সকাল ৮টায় পাবনা থেকে ছেড়ে দুপুর ২টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। অন্যদিকে, পাবনা গোধূলি এক্সপ্রেস (ট্রেন নম্বর ৮০৭) প্রতিদিন বিকেল ৩টা ২৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে রাত ৯টা ২০ মিনিটে পাবনায় পৌঁছাবে। 

রেলওয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ট্রেন দুটি আপ ও ডাউন উভয় পথে ঈশ্বরদী, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, শহীদ মনসুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর এবং ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি করবে। ফলে পাবনা ও ঢাকার পাশাপাশি এসব স্টেশনের যাত্রীরাও নতুন আন্তনগর ট্রেনসেবার সুবিধা পাবেন।

১২টি কোচের রেকটিতে একটি কেবিন, দুটি এসি কোচ, একটি এসি পাওয়ার কার এবং বাকি কোচগুলোতে সাধারণ আসনের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া গার্ডের কক্ষ ও মালপত্র রাখার জায়গা রয়েছে। ভারত থেকে প্রথম চালানে আসা ১৮টি কোচের মধ্য থেকে প্রয়োজনীয় কোচ বাছাই করে নতুন ট্রেন দুটির জন্য এই রেক প্রস্তুত করা হয়েছে।

সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) শাহ সুফি নূর মোহাম্মদ দেশ রূপান্তরকে বলেন, ‘কারখানায় আনা কোচগুলো বিভিন্নভাবে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। এ কাজে কারখানার শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তাদের পাশাপাশি ভারতের বিশেষজ্ঞদের ২০ সদস্যের একটি দল কাজ করেছে। ৮ নভেম্বর সৈয়দপুর থেকে পঞ্চগড় পর্যন্ত কোচগুলোর প্রথম ট্রায়াল রান সম্পন্ন হয়েছে। কোনো ধরনের ত্রুটি ছাড়াই পরীক্ষামূলক চলাচল সফল হয়েছে। ১৮টি কোচের মধ্যে ১২টি দিয়ে পাবনা-ঢাকা রুটের নতুন ট্রেনের জন্য একটি রেক প্রস্তুত করা হয়েছে। আংশিক কিছু কাজ বাকি রয়েছে। সেগুলো শেষ করে ১৭ নভেম্বরের মধ্যে রেলওয়ের ট্রাফিক বিভাগের কাছে হস্তান্তর করা হবে।’

রেলওয়ে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ১৯ নভেম্বর পাবনা রেলওয়ে স্টেশনে সড়ক পরিবহন, সেতু ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম আনুষ্ঠানিকভাবে ‘পাবনা প্রভাতী’ ও ‘পাবনা গোধূলি’ নামে নতুন দুটি আন্তনগর ট্রেন উদ্বোধন করবেন বলে পরিকল্পনা রয়েছে।

এর আগে গত ৮ নভেম্বর সৈয়দপুর রেলওয়ে কারখানা থেকে পঞ্চগড় পর্যন্ত কোচগুলোর প্রথম পরীক্ষামূলক চলাচল অনুষ্ঠিত হয়। ওই দিন বেলা ১১টার দিকে সৈয়দপুর থেকে যাত্রা শুরু করে কোচগুলোর বহর। সৈয়দপুর-পার্বতীপুর-দিনাজপুর-ঠাকুরগাঁও-পঞ্চগড় রেলপথে চলাচলের সময় বিভিন্ন কারিগরি বিষয় পর্যবেক্ষণ করা হয়। পথে কাঞ্চন কার্ভ এলাকায় ট্রেন থামিয়ে ব্রেকসহ আনুষঙ্গিক যন্ত্রাংশ পরীক্ষা করা হয়। বিকেল সাড়ে ৪টার দিকে কোচগুলো পঞ্চগড় রেলওয়ে স্টেশনে পৌঁছায়। পরে সেগুলো আবার সৈয়দপুর রেলওয়ে কারখানায় ফিরিয়ে আনা হয়।

ভারত থেকে আমদানি করা কোচগুলো আধুনিক এলএইচবি প্রযুক্তির ব্রডগেজ কোচ। ইউরোপীয় মানদণ্ড অনুসারে তৈরি এসব কোচে যাত্রীদের নিরাপত্তা ও আরামদায়ক ভ্রমণের বিষয়টি গুরুত্ব দেওয়া হয়েছে। দুর্ঘটনার সময় একটি কোচের ওপর অন্য কোচ উঠে যাওয়ার ঝুঁকি কমাতে এতে অ্যান্টি-টেলিস্কোপিক ও অ্যান্টি-ক্লাইম্বিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। পুরোনো স্ক্রু কাপলিং ব্যবস্থার পরিবর্তে কোচগুলোতে রয়েছে আধুনিক সেন্টার বাফার কাপলিং (সিবিসি), যা কোচগুলোর সংযোগ আরও মজবুত করবে এবং চলাচলের সময় ঝাঁকুনি কমাতে সহায়তা করবে।

এ ছাড়া কোচগুলোতে রয়েছে সিসিটিভি ক্যামেরা, প্যাসেঞ্জার অ্যালার্ম সিস্টেম, অগ্নিনিরাপত্তা সরঞ্জাম ও জরুরি যোগাযোগের ব্যবস্থা। যাত্রীদের সুবিধার জন্য রাখা হয়েছে শিশু পরিচর্যার আলাদা বেবি কেয়ার রুম ও নামাজের স্থান। পাশাপাশি রয়েছে পরিবেশবান্ধব বায়ো-টয়লেট, ইলেকট্রো-নিউম্যাটিক চাপযুক্ত ফ্লাশিং ব্যবস্থা, একাধিক অবস্থানে হেলানো যায় এমন বিশেষ আসন, স্টেইনলেস স্টিলের হাতল ও পায়ের বিশ্রামের ব্যবস্থা। আধুনিক অভ্যন্তরীণ সাজসজ্জা ও ফোল্ডিং সুবিধাযুক্ত আসনও রয়েছে। বাংলাদেশের রেলওয়ের পরিচালনব্যবস্থা বিবেচনায় কোচগুলোর ছাদ কাঠামোগতভাবে শক্তিশালী করা হয়েছে। এগুলো ঘণ্টায় সর্বোচ্চ ১৬০ কিলোমিটার গতিতে চলার উপযোগী করে তৈরি।

সর্বশেষ সর্বাধিক পঠিত