কারিগরি শিক্ষায় দক্ষ জনশক্তি গড়তে চায় সরকার: শিক্ষামন্ত্রী

আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ পিএম

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

আজ বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এ (বিইউপি) বিভিন্ন অবকাঠামো উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি একথা বলেন। 

তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। এজন্য বাজেটে জিডিপির ২% বরাদ্দ দেওয়া হয়েছে, পর্যায়ক্রমে তা বৃদ্ধি করা হবে। শিক্ষাখাতের টেকসই উন্নয়নে এই বাজেটের সদ্ব্যবহার করতে হবে। কোন ধরনের অপচয় যেন না হয় সেদিকে সকলকে লক্ষ্য রাখতে হবে। 

তিনি আরও বলেন, দেশের টেকসই উন্নয়নের জন্য মানব সম্পদ উন্নয়ন সবচেয়ে গুরুত্বপূর্ণ। এজন্য দেশের বিপুল জনশক্তিকে মানবসম্পদে রূপান্তরিত করতে হবে। তাই আমরা কারিগরী ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণের (টিভেট) উপর গুরুত্ব দিয়ে কাজ করছি। কর্মীদের কারিগরি শিক্ষায় দক্ষ করে বিদেশে পাঠাতে পারলে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করাও সম্ভব হবে।

মন্ত্রী বলেন, বর্তমান চতুর্থ শিল্প বিপ্লবের যুগে শিক্ষা ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন ঘটেছে। এই পরিবর্তনের সাথে মানিয়ে চলতে হলে আমাদেরকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ন্যানোটেকনোলজির মত বিষয়গুলোতে দক্ষ হতে। পাশাপাশি, কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষতিকারক দিকগুলো সম্পর্কেও সকলকে সতর্ক থাকতে হবে।  

মন্ত্রী ছাত্র ও ছাত্রীদের জন্য ১৪ তলা বিশিষ্ট দুইটি আবাসিক হল, শিক্ষক, কর্মকর্তাদের ও কর্মচারীদের জন্য  ১৪ তলা বিশিষ্ট ২ টি আবাসিক ভবন উদ্বোধন করেন। এছাড়াও, অনুষ্ঠানে বিইউপি'র শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিযোগিতায়  কৃতিত্বপূর্ণ অর্জনের জন্য  সম্মাননা প্রদান করা হয়। শিক্ষামন্ত্রী তাদের হাতে সার্টিফিকেট তুলে দেন। 

বিইউপি'র ভাইস চ্যান্সেলর মেজর জেনারেল ড. মোঃ মাহবুব-উল আলম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত