কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের ফলুয়ারচর নৌঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদে অপরিকল্পিতভাবে ড্রেজিংয়ের অভিযোগ উঠেছে। এতে নদীর তীরবর্তী বিস্তীর্ণ চর ও বসতভিটা ভাঙনের ঝুঁকিতে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নৌপথ সচল রাখার কথা বলে ঘাটের পাশেই বালু উত্তোলন করা হচ্ছে। এতে ইতিমধ্যে প্রায় দেড় একর জমি নদীগর্ভে বিলীন হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফলুয়ারচর নৌঘাট এলাকায় প্রায় ১৫০ মিটারজুড়ে ড্রেজিং করা হয়েছে। এর প্রস্থ প্রায় ১২০ ফুট এবং গভীরতা ৩০ ফুট। গত বছর থেকে ওই এলাকায় নদীভাঙন বন্ধ থাকায় বিস্তীর্ণ চর জেগে উঠেছিল। তবে ড্রেজিংয়ের কারণে সেই চর আবারও ভাঙনের মুখে পড়েছে। স্থানীয়দের আশঙ্কা, এভাবে বালু উত্তোলন অব্যাহত থাকলে যেকোনো সময় বড় অংশের চর ধসে পড়তে পারে। ক্ষতিগ্রস্ত হতে পারে আশপাশের বসতবাড়িও।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, একটি প্রভাবশালী মহল বালু ব্যবসার উদ্দেশ্যে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) যোগসাজশে পরিকল্পিতভাবে সেখানে ড্রেজিং করছে। আগামী শুষ্ক মৌসুমে বাল্কহেডে করে ঘাট এলাকায় বালু এনে স্তূপ করে বিক্রির পরিকল্পনাও রয়েছে বলে অভিযোগ তাঁদের। এ বিষয়ে প্রতিবাদ জানাতে গেলে স্থানীয়দের ভয়ভীতি দেখিয়ে সরিয়ে দেওয়ার অভিযোগও উঠেছে।
বিআইডব্লিউটিএর নির্দেশনায় বলা হয়েছে, রৌমারীর ফলুয়ারচর নৌঘাট থেকে চিলমারী নৌঘাট পর্যন্ত নৌযান চলাচলে নাব্যতার সংকট দেখা দিলে কিংবা চলাচল ব্যাহত হলেই কেবল প্রয়োজনীয় স্থানে ড্রেজিং করা যাবে। কিন্তু সেই নির্দেশনা উপেক্ষা করে নৌঘাটের পাশেই ড্রেজিং করা হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
এ ছাড়া বিআইডব্লিউটিএর শর্ত অনুযায়ী, বালু উত্তোলনের সময় নদীর তীরবর্তী স্থাপনা ও সাধারণ মানুষের কোনো ক্ষতি করা যাবে না। পাশের ফসলি জমিরও ক্ষতি করা যাবে না। তবে স্থানীয়দের দাবি, এসব শর্ত মানা হচ্ছে না। কয়েক দিনের মধ্যেই দিন-রাত ড্রেজিং করে বিপুল পরিমাণ বালু উত্তোলন করা হয়েছে। এতে দেড় একরের মতো জমি নদীতে বিলীন হয়েছে।
নৌঘাটের ইজারাদার মো. তৌহিদুল ইসলাম বলেন, পানি কমে যাওয়ায় ঘাটটি আগের জায়গা থেকে কিছুটা দূরে সরে গেছে। এতে মালবাহী যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে। ফলে তাদের লোকসান গুনতে হচ্ছে। এ কারণে ড্রেজিং করা হচ্ছে।
বিআইডব্লিউটিএর কর্মকর্তা নির্মল কুমার রায় বলেন, অপরিকল্পিতভাবে ড্রেজিংয়ের বিষয়ে তিনি কিছু জানেন না। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলার পরামর্শ দেন তিনি।
বিআইডব্লিউটিএর নির্বাহী প্রকৌশলী কুড়িগ্রামের সমীর চন্দ্র পাল বলেন, নৌযানের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে কয়েকটি স্থানে ড্রেজিংয়ের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে নৌঘাটসংলগ্ন চরে ড্রেজিংয়ের বিষয়ে তিনি কিছু জানেন না।
রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুল হাসান বলেন, নির্দেশনা অনুযায়ী ড্রেজিং করা হচ্ছে না বলে তিনি শুনেছেন। ঘাটের পাশেই ড্রেজিং করা হচ্ছে। বিষয়টি সরেজমিনে তদন্ত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।