শেরপুরে সুজনের ২ যুগপূর্তি, মাদকবিরোধী কার্যক্রমের উদ্যোগ

আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পিএম

সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর দুই যুগ পূর্তি উপলক্ষে শেরপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে জেলা ডায়াবেটিক সমিতির হলরুমে ‘সচেতন, সংঘটিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ’ শীর্ষক এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ও সুজনের সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া।

সভায় স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. শওকত হোসেন। এ ছাড়া বক্তব্য দেন সুজনের নির্বাহী সদস্য ও সাংবাদিক রফিক মজিদ, আরিফ হোসেন, আল আমীন রাজু, ফজলুল কবির সুরুজ, তাহমিনা জলি, ঝিনাইগাতী উপজেলা সুজনের সভাপতি মেহেদী হাসান হালিম এবং শ্রীবরদী উপজেলা সুজনের সভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জুসহ অন্যরা।

সভায় শেরপুরে সুজনের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে মাদকবিরোধী কার্যক্রম হাতে নেওয়ার সিদ্ধান্ত হয়। এ লক্ষ্যে একটি এডহক কমিটির মাধ্যমে আগামী দিনে জেলায় মাদক নিয়ন্ত্রণে কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

কমিটিতে সুজনের সাধারণ সম্পাদক মো. শওকত হোসেনকে আহ্বায়ক এবং সাংবাদিক রফিক মজিদকে সদস্যসচিব করা হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত