তিন দিনেও সমাধান হয়নি, শূন্যরেখায় আটকে নারী

আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ পিএম

জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তের শূন্যরেখায় টানা তিন দিন ধরে অবস্থান করছেন এক নারী। তাকে নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে কোনো সমাধান না হওয়ায় খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন তিনি। তবে সীমান্তের দায়িত্বে থাকা দুই বাহিনীর কেউই ওই নারীর দায়িত্ব নিতে চাইছে না।

জানা গেছে, দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর সীমান্তের আন্তর্জাতিক পিলার ১০৭৬-এর কাছ দিয়ে গত মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৮টার দিকে ৩০ বছর বয়সী এক নারীকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ সময় জামালপুর ৩৫ বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে বিএসএফের ওই চেষ্টা ব্যর্থ হয়। পরে ওই নারী দুই দেশের মধ্যবর্তী নো ম্যানস ল্যান্ড বা শূন্যরেখায় অবস্থান নেন।

এরপর থেকে টানা তিন দিন ধরে খোলা আকাশের নিচে তীব্র রোদ উপেক্ষা করে শূন্যরেখায় অবস্থান করছেন তিনি। বিষয়টির সমাধান না হওয়ায় ওই নারীর মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয় বাসিন্দারা পতাকা বৈঠকের মাধ্যমে দ্রুত বিষয়টি সমাধানের দাবি জানিয়েছেন।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, মঙ্গলবার সকালে ওই নারীকে পুশইনের চেষ্টা করা হয়। তবে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে বিজিবি তা প্রতিরোধ করে। বিষয়টির সমাধান না হওয়া পর্যন্ত বিজিবি তৎপর থাকবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত