মাদক নির্মূলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন নীলফামারীর পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম। একই সঙ্গে মাদকাসক্তদের আসক্তি থেকে ফিরিয়ে আনতে সচেতনতা বৃদ্ধি ও প্রয়োজনীয় আইনি পদক্ষেপ অব্যাহত রাখার কথা জানিয়েছেন তিনি।
বুধবার(১১ নভেম্বর) দুপুরে নীলফামারী পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
পুলিশ সুপার বলেন, ‘মাদক নির্মূলে সম্মিলিত চেষ্টা চালাতে হবে। দায়িত্ব নিয়ে সবাইকে কাজ করতে হবে। মাদকের ধরন পরিবর্তন হয়েছে। অনেকে বিভিন্নভাবে আসক্ত হচ্ছেন। তাদের এই আসক্তি থেকে বের করে আনতে হবে। এ লক্ষ্যে মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি মাদকসেবীদের বিরত রাখতে সচেতনতা বৃদ্ধি ও আইনি কার্যক্রম চলমান থাকবে।’
সভায় পুলিশ সুপার জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক, চাঁদাবাজি, কিশোর অপরাধ, সন্ত্রাসবিরোধী কার্যক্রম, ট্রাফিক ব্যবস্থাপনা ও জনবান্ধব পুলিশিং নিয়ে তার কর্মপরিকল্পনা তুলে ধরেন। আধুনিক প্রযুক্তিনির্ভর পুলিশি সেবা সম্প্রসারণের বিষয়েও কথা বলেন তিনি।
পুলিশ সুপার আরও বলেন, জনগণের আস্থা অর্জনে গণমাধ্যম গুরুত্বপূর্ণ অংশীদার। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক ভূমিকা রাখে। জেলা পুলিশ গণমাধ্যমকর্মীদের সঙ্গে সমন্বয় করে কাজ করতে আগ্রহী। অপরাধ প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধিতে তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকদের সহযোগিতাও কামনা করেন তিনি।
সভায় সাংবাদিকেরা জেলার বিভিন্ন সমস্যা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশি সেবার মানোন্নয়ন নিয়ে তাদের মতামত, পরামর্শ ও প্রত্যাশার কথা তুলে ধরেন। পুলিশ সুপার তাদের বক্তব্য গুরুত্বসহকারে শোনেন এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে জনস্বার্থে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ফারুক আহমেদ, নীলফামারী প্রেসক্লাবের সভাপতি এবিএম মঞ্জুরুল আলম সিয়াম, যুগ্ন সভাপতি হাসান রাব্বী প্রধান, সহসভাপতি ভুবন রায় নিখিল, সাধারণ সম্পাদক মো. মিল্লাদুর রহমান মামুন, সদস্য মীর মাহমুদুল হাসান আস্তাক, জ্যেষ্ঠ সাংবাদিক মো. আতিয়ার রহমান বাড্ডা, সাংবাদিক মো. আরিফিনুল হকসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহসিন এবং নীলফামারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. ফারুক আহমেদ জানান, জেলায় পূর্বের তুলনায় চুরি, ছিনতাই ও মাদক অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। বিশেষ করে ইপিজেড এলাকাসহ বিভিন্ন স্থানে যানজট নিরসনে পুলিশের তৎপরতা বাড়ায় সাধারণ মানুষের ভোগান্তি কমেছে। জেলার মানুষের স্বস্তি ফেরাতে পুলিশ প্রশাসন নিরলস কাজ করে যাচ্ছে বলে তারা উল্লেখ করেন।