জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে রূপালী ব্যাংকের চুক্তি

আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রমের আবেদন ফি পরিশোধ সহজ, দ্রুত ও নিরাপদ করতে রূপালী ব্যাংক পিএলসির সঙ্গে চুক্তি করেছে বিশ্ববিদ্যালয়টি। এর ফলে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা রূপালী ব্যাংকের মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ‘রূপালীক্যাশ’-এর মাধ্যমে অনলাইনে ভর্তি আবেদন ফি পরিশোধ করতে পারবেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়। 

এতে রূপালী ব্যাংক পিএলসির চিফ ইনফরমেশন টেকনোলজি অফিসার মো. অহিদুল ইসলাম সরকার এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শারমীন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে মো. অহিদুল ইসলাম সরকার বলেন, এ উদ্যোগের ফলে শিক্ষার্থীরা ঘরে বসেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করতে পারবেন এবং রূপালীক্যাশের মাধ্যমে ফি পরিশোধ করতে পারবেন। পাশাপাশি ডিজিটাল লেনদেনের পরিধি বাড়বে, নগদ অর্থের ওপর নির্ভরতা কমবে এবং আর্থিক অন্তর্ভুক্তি আরও জোরদার হবে।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ভর্তির আবেদন সম্পন্ন করে পেমেন্টের মাধ্যম হিসেবে রূপালীক্যাশ নির্বাচন করলেই নির্ধারিত ফি পরিশোধ করা যাবে। এ সেবা চালুর ফলে রূপালীক্যাশের গ্রাহকেরাও সহজে বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফি পরিশোধের সুবিধা পাবেন।

বর্তমানে রূপালীক্যাশের মাধ্যমে শিক্ষা ফি, ই-কমার্স কেনাকাটার মূল্য এবং বিভিন্ন পরিষেবার বিলসহ নানা ধরনের লেনদেন করা যাচ্ছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রূপালী ব্যাংকের উপমহাব্যবস্থাপক (আইটি) মুহাম্মদ আরিফুজ্জামান সরকার এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াসউদ্দিন, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মাদ আলী নূর ও পরিচালক (ফাইন্যান্স ও অ্যাকাউন্টস) অধ্যাপক মোস্তাফিজ আহমেদ।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত