কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির নিষিদ্ধঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের কর্মসূচি ঘিরে রাজধানী ঢাকাসহ সারা দেশে ব্যাপক নাশকতা শুরু হয়েছে। গত কয়েক দিন ধরেই বাস ও ট্রেনে আগুন, ককটেল বিস্ফোরণের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক নেমে এসেছে। এসব অপকর্ম রুখতে মাঠে নেমেছে বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতারা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সহযোগিতা করতে শাসক দলের নেতাকর্মীদের লাঠিসোঁটা হাতে রাজধানীর মোড়ে মোড়ে দল বেঁধে সতর্ক অবস্থান নিতে দেখা গেছে গতকাল বুধবার। কোথাও কোথাও নাশকতার প্রতিবাদে বিক্ষোভও হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের পাশাপাশি প্রতিবাদ বিক্ষোভে অংশ নিয়েছে জামায়াতের ছাত্র সংগঠন ছাত্রশিবিরও। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তাদের এই সক্রিয়তা চোখে পড়েছে। একই সঙ্গে সন্দেহভাজন নাশকতাকারীদের ধরতে পুুলিশকে মোড়ে মোড়ে তল্লাশি চালাতে দেখা গেছে।
তবে, এর মধ্যেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গতকাল নাশকতার ঘটনা ঘটেছে। রাজধানীতে অন্তত তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ঢাকার বাইরে চাঁদপুরে বিএনপি অফিস এবং পাবনায় গ্রামীণ ব্যাংকেও অগ্নি সংযোগ করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল করেছে ছাত্রদল। আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ও মিরপুরসহ রাজধানীর বিভিন্ন পয়েন্টে বিক্ষোভ মিছিল এবং শো-ডাউন করেছেন ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা। এসব মিছিল থেকে সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিরোধে মাঠে থাকার ঘোষণা দিয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্কাবস্থান ও বিএনপির নেতাকর্মীদের মাঠে উপস্থিতির ভেতরেই গতকাল বুধবার ও আগের রাতে ঢাকার মগবাজার, মিরপুরসহ বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। যানবাহনে আগুনের ঘটনাও ঘটেছে।
তবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, কয়েকটি বিচ্ছিন্ন ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ বলা যাবে না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু দেশ রূপান্তরকে বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দলের নেতাকর্মীদের রাজপথে থাকার নির্দেশ দিয়েছেন। তার নির্দেশনা অনুযায়ী নেতাকর্মীরা রাজপথে আছেন, থাকবেন। কথা হয় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের সঙ্গে। তিনি দেশ রূপান্তরকে বলেন, দেশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা, সন্ত্রাসীদের গ্রেপ্তার করার দায়িত্ব সরকারের। জনগণের জানমালের হেফাজতে জামায়াতে ইসলামীসহ বিরোধীদলীয় নেতাকর্মীরা প্রস্তুত রয়েছেন। সরকার যদি এই সন্ত্রাসী কার্যক্রম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়, তবে জনগণকে নিয়ে সন্ত্রাস প্রতিরোধে মাঠে নামবে বিরোধী দল। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী তো নিজেই স্বীকার করছেন না। তারা বলছেন কয়েক জায়গায় হামলা হয়েছে। তাহলে এখানে বিরোধী দল কী করবে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারের পক্ষ থেকে এখনো ঐক্যের কোনো আহ্বান জানানো হয়নি।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বলছে, নগরবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং যানবাহনের নিরাপত্তা রক্ষায় রাজধানীজুড়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। নগরীর গুরুত্বপূর্ণ প্রবেশপথ, সড়ক ও অপরাধপ্রবণ এলাকাগুলোয় জোরাল চেকপোস্ট স্থাপনের পাশাপাশি বাড়ানো হয়েছে পুলিশি টহল ও নজরদারি। গতকাল বুধবার ডিএমপির গণমাধ্যম শাখার ডিসি মো. আকতার হোসেন এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ডিএমপির বিভিন্ন থানা ও ইউনিটের সমন্বয়ে পরিচালিত এসব কার্যক্রমে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের কাগজপত্র যাচাই এবং সন্দেহজনক চলাচলের ওপর বিশেষ নজর রাখা হচ্ছে। পাশাপাশি ছিনতাই, চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমস্থলে পুলিশের উপস্থিতি জোরদার করা হয়েছে। পুলিশের এ কাজের সঙ্গে বিভিন্ন স্থানে সরকারদলীয় সমর্থকদের উপস্থিতিও দেখা গেছে।
পুলিশ জানায়, নগরবাসীর নিরাপদ চলাচল নিশ্চিত করা এবং অপরাধ সংঘটনের আগেই তা প্রতিরোধে ডিএমপির এ তৎপরতা অব্যাহত রয়েছে। বিশেষ করে নগরীর সড়কে চলাচলরত যানবাহন ও চালকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপি সর্বদা সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করছে। নগরবাসীর জানমাল ও যানবাহনের নিরাপত্তা রক্ষায় পুলিশের এ তৎপরতা অব্যাহত থাকবে।
এদিকে, পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ডিএমপি এলাকায় গত সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার রাত ১১টা ৩০ মিনিট পর্যন্ত ২০টি স্থানে ৩১টি ককটেল বিস্ফোরণ হয়েছে। ওই সময় রাজধানীর সাতটি স্থানে আটটি যানবাহনে অগ্নিসংযোগ করা হয়। নাশকতার ঘটনায় ওই দিন শুধু রাজধানীতেই ৫৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রাজধানীর বিভিন্ন এলাকায় গতকাল বুধবারও ককটেল বিস্ফোরণ, যানবাহনে আগুনের ঘটনা ঘটেছে। তবে নাশকতার ঘটনাগুলো গত দুই দিনের চেয়ে কিছুটা কম ঘটেছে। নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচিতে অংশ নেওয়া জন্য দেশের বিভিন্ন অঞ্চলে তাদের নেতাকর্মীদেরকে লগি-বইঠা তুলে নিতে দেখা গেছে। এতে জনগণের ভেতর আরও উদ্বেগ-উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে।
এদিকে, মঙ্গলবার সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেন, সরকারের একজন প্রতিমন্ত্রী জামায়াতের একজন সংসদ সদস্যকে ফোন করে বিরোধী দল কেন রাজপথে নামছে না, তা জানতে চেয়েছেন। ওই প্রতিমন্ত্রীর পাশে বিএনপির একজন জ্যেষ্ঠ নেতাও ছিলেন বলে উল্লেখ করেন তিনি। একজন অনির্বাচিত প্রতিমন্ত্রী কীভাবে একজন নির্বাচিত সংসদ সদস্যকে শাসান, সেই প্রশ্নও তোলেন জামায়াত আমির।
এর আগে বিরোধীদলীয় সভাকক্ষে অনুষ্ঠিত জামায়াতের সংসদীয় দলের সভায়ও এ নিয়ে আলোচনা হয়েছে। সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ঐক্যের আহ্বান জানানো হলে নাশকতা ও অগ্নিসংযোগের ঘটনা রাজনৈতিকভাবে প্রতিরোধে রাজপথে নামবে দলটির নেতাকর্মীরা। এ ছাড়া পরিস্থিতির অবনতি হলে যেকোনো সময় রাজপথে নামার প্রস্তুতি রয়েছে বলেও জানানো হয়। সভা সূত্র জানায়, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ঢাকা-১৬ আসনের জামায়াতের সংসদ সদস্য কর্নেল (অব.) আবদুল বাতেনকে ফোন করেছিলেন। মিরপুর এলাকায় জামায়াতের নেতাকর্মীদের মাঠে নামাতে বলেছিলেন তিনি।
এ ফোনালাপ নিয়ে সংসদীয় দলের সভায়ও আলোচনা হয়েছে। বিরোধী দলের নেতাকর্মীরা প্রস্তুত থাকবেন, তবে সরকার আনুষ্ঠানিকভাবে ঐক্যের আহ্বান না জানানো পর্যন্ত রাজপথে নামবেন না। পরিস্থিতির অবনতি হলে আওয়ামী লীগের কর্মসূচি প্রতিরোধে মাঠে নামার প্রস্তুতি নেওয়ার ব্যাপারেও আলোচনা হয়েছে।
বিভিন্ন এলাকায় নাশকতার চেষ্টা : রাজধানীতে তিনটি বাসে অগ্নিসংযোগের পাশাপাশি গতকাল দেশের বিভিন্ন স্থানে হামলা, অগ্নিসংযোগ ও নাশকতার চেষ্টার ঘটনা ঘটেছে। খুলনায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার প্রস্তুতিকালে একজনকে আটক করা হয়েছে। পাবনায় ব্যাংকে পেট্রোলবোমা হামলা ও অগ্নিসংযোগ এবং চাঁদপুরের মতলবে বিএনপি কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বরিশালে প্রেসার কুকারসদৃশ বোমা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া রাঙ্গামাটি ও জামালপুরে ১২ জনসহ বিভিন্ন স্থান থেকে আরও বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে রাজধানীসহ বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার, টহল, তল্লাশি ও নজরদারি বাড়িয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মিরপুরে তিন বাসে অগ্নিসংযোগ : রাজধানীর মিরপুরে তিনটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শাহ আলী থানার এসআই মো. রিপন জানান, মঙ্গলবার দিবাগত রাত পৌন ১টায় চিড়িয়াখানা রোডের জাহাঙ্গীর হোটেলের সামনে পার্কিং করে রাখা চিড়িয়াখানা সিটি পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ছাড়া গতকাল বুধবার সকাল পৌনে ৭টায় পল্লবী থানার কালশী রোডের ফুলকলি মোড়ে পার্কিং করে রাখা বিকল্প ও অভিজাত পরিবহনের দুটি বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পল্লবী থানার ওসি জালাল উদ্দিন বলেন, জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এদিকে গত মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে প্রায় এক কিলোমিটার দূরে জয় বাংলাসহ স্লোগান দেওয়ার অভিযোগে তিন যুবককে আটক করে পুলিশে দিয়েছেন ছাত্রদলের এক নেতা। তারা হলেন মাদারীপুরের কালকিনি উপজেলার সাব্বির হোসেন, পুরান ঢাকার চকবাজারের ফারহান আহম্মেদ ও নাটোরের বড়াইগ্রাম উপজেলার সজিবুর রহমান। গুলশান থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দেওয়া হয়েছে। এ ছাড়া ছাত্রলীগের খিলগাঁও থানা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইরফান হোসেন তুষারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিরাপত্তা জোরদার : নগরবাসীর জানমালের নিরাপত্তা ও অপরাধমূলক কর্মকান্ড প্রতিরোধে রাজধানীতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের ডিসি আকতার হোসেন বলেন, নগরীর গুরুত্বপূর্ণ প্রবেশপথ, সড়ক ও অপরাধপ্রবণ এলাকাগুলোতে চেকপোস্ট স্থাপনের পাশাপাশি বাড়ানো হয়েছে টহল ও তল্লাশি। গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমস্থলে পুলিশের উপস্থিতি জোরদারসহ যানবাহন ও চালকদের নিরাপত্তা নিশ্চিতেও গুরুত্ব দেওয়া হয়েছে।
বিএনপি অফিসে অগ্নিসংযোগ : গত মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বিএনপির সংসদ সদস্য আলহাজ ড. মোহাম্মদ জালাল উদ্দিনের নিজ ইউনিয়নে একটি দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। মতলব উত্তর থানার ওসি মানস বড়ুয়া বলেন, টিন দিয়ে তৈরি বিএনপি কার্যালয়ের একটি অংশে আগুনে পুড়ে গেছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বশির আহমেদ খান জানান, এটা এমপি সাহেবের রাজনৈতিক দেউলিয়াত্ব। তিনি এবং তার স্বজনরা আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে রাজনীতি করায় এ ঘটনা ঘটেছে।
পাবনায় গ্রামীণ ব্যাংকে বোমা হামলা-অগ্নিসংযোগ : গত মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১টার দিকে পাবনা সদর উপজেলার দোগাছি বাজারে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোলবোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। হেলমেট পরিহিত ও মুখ ঢাকা ১০-১৫ জনের একটি দল ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ভাঙচুর ও ২-৩টি পেট্রোলবোমা ভেতরে ছুড়ে মারে। পরে তারা আগুন ধরিয়ে পালিয়ে যায় বলে জানিয়েছেন ব্যাংকটির নৈশপ্রহরী আব্দুল ওহাব। ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে গুরুত্বপূর্ণ নথিপত্রের ক্ষয়ক্ষতি হয়নি। পাবনা সদর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
বরিশালে বোমা উদ্ধার : গতকাল বুধবার বরিশাল জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হুমায়ুন কবির বলেন, গত মঙ্গলবার রাত ১১টার দিকে পশ্চিম সুজনকাঠী এলাকায় কাওছার নামের একজনের ব্যাগে বোমা দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ওই ব্যাগের মধ্যে প্রেসার কুকারে স্কচটেপ দিয়ে মোড়ানো বোমা উদ্ধার করে। গতকাল ঢাকা থেকে এসআরবির একটি বোমা নিষ্ক্রিয়কারী দল এসে বোমাটি নিষ্ক্রিয় করে। এ ঘটনায় তিনজনের নামসহ অজ্ঞাত পরিচয় আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে। গ্রেপ্তার কাওছার ছাড়াও ফাহিম দাড়িয়া ও নাসির ঘরামী নামে দুজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
খুলনায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুনের চেষ্টা : গতকাল ভোররাতে নগরীর শিববাড়ি মোড়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিতে আসা ফাহাদ হোসেন নামের এক যুবককে আটক করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোররাতে তিন যুবক একটি মোটরসাইকেলে এসে শিববাড়ি মোড়ে অবস্থান নেয়। এ সময় একজন স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার উদ্দেশ্যে স্তম্ভের কাছে যায়। সন্দেহ হলে পুলিশ তাকে তল্লাশি করে। এ সময় তার কাছ থেকে প্লাস্টিকের বোতলভর্তি পেট্রোল ও পটকা উদ্ধার করা হয়। সোনাডাঙ্গা থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, পালিয়ে যাওয়া অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
রাঙ্গামাটি ও জামালপুরে গ্রেপ্তার ১২ : রাঙ্গামাটিতে কোতোয়ালি থানা পুলিশ অভিযান চালিয়ে যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কোতোয়ালি থানার ওসি মো. জসীম উদ্দীন বলেন, গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করা হয়েছে। এ ছাড়া জামালপুরের মাদারগঞ্জে নাশকতা মামলায় যুবলীগ ও আওয়ামী মৎস্যজীবী লীগের দুই নেতা মামুনুর রশীদ মামুন ও হাসান মাহমুদকে গ্রেপ্তার করেছে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ।