বরিশালে দুজনকে বিচারবহির্ভূত হত্যা 

হাসানাত আবদুল্লাহসহ চার আসামির বিষয়ে যুক্তিতর্কের শুনানি ৭ ডিসেম্বর 

আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ১০:০৮ পিএম

বরিশালের আগৈলঝাড়ায় ২০১৫ সালে ছাত্রদল ও জাসাসের (জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা) দুই নেতাকে বিচারবহির্ভূতভাবে হত্যাকাণ্ডের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় আ. লীগ দলীয় সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহসহ চার আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আগামী ৭ ডিসেম্বর মামলার সর্বশেষ ধাপ যুক্তিতর্ক উপস্থাপন শুরু হবে। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ মামলায় সাক্ষ্যগ্রহণ শেষে এ দিন ধার্য করে।  

ট্রাইব্যুনালের প্রসিকিউটর ফারুক আহাম্মদ দেশ রূপান্তরকে বলেন, এ মামলায় আসামিদের বিরুদ্ধে ২৩ জন সাক্ষ্য দিয়েছেন। নির্ধারিত তারিখে যুক্তিতর্কের শুনানি শুরু হলে ডিসেম্বরেই মামলার বিচার কার্যক্রম শেষ হতে পারে। 

মামলার শুরু থেকে পলাতক হাসানাত আবদুল্লাহ ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই। মামলায় অন্য আসামিরা হলেন, বরিশালের তৎকালীন পুলিশ সুপার (এসপি) এ কে এম এহসানউল্লাহ, উজিরপুর থানার সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মাহাবুল ইসলাম ও মো. জসিম উদ্দিন। আসামিদের মধ্যে মাহাবুল ও জসিম উদ্দিন গ্রেপ্তার আছেন।

বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ভুক্তভোগী দুজন হলেন আগৈলঝাড়া উপজেলা ছাত্রদলের তৎকালীন যুগ্ম সাধারণ সম্পাদক টিপু হাওলাদার এবং একই উপজেলার জাসাসের সাংগঠনিক সম্পাদক কবির মোল্লা। অভিযোগে বলা হয়, হাসানাত আবদুল্লাহর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ছিলেন টিপু হাওলাদার ও কবির মোল্লা। রাজনৈতিকভাবে মোকাবিলায় ব্যর্থ হয়ে হাসানাত আবদুল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে এই দুজনকে হত্যার পরিকল্পনা ও ষড়যন্ত্র করেন। এর ধারাবাহিকতায় ২০১৫ সালের ২১ ফেব্রুয়ারি দিবাগত রাতে গৌরনদী ও গোপালগঞ্জ হাইওয়ের আগৈলঝাড়া বাইপাস সড়কের বড় ব্রিজের পশ্চিম পাশে টিপু হাওলাদার ও কবির মোল্লাকে গুলি করে হত্যা করা হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত