স্কুলে গিয়ে আর ফেরা হলো না পাপ্পুর

আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ১১:৩২ পিএম

গাজীপুরের কালিয়াকৈরে একটি বিদ্যালয়ের ভবনের রেলিং ভেঙ্গে নিচে পড়ে নবম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার চাপাইর এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থী কালিয়াকৈর উপজেলার চাপাইর পশ্চিমপাড়া এলাকার মো. সাজু মিয়ার ছেলে পাপ্পু মিয়া (১৫)। পাপ্পু স্থানীয় চাপাইর উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

এলাকাবাসী, নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, পাপ্পু প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে কালিয়াকৈর উপজেলার চাপাইর এলাকার চাপাইর উচ্চ বিদ্যালয়ে যায়। সেখানে অবস্থান কালে সে দুপুরে ওই বিদ্যালয় ভবনের দ্বিতীয় তলায় উঠে। এসময় সে হঠাৎ করেই ওই ভবনের দ্বিতীয় তলার রেলিং ভেঙ্গে নিচে পড়ে যায়।

এ দুর্ঘটনায় সে গুরুতর আহত হলে দ্রুত তাকে উদ্ধার করেন ওই বিদ্যালয়ের শিক্ষক ও সহকর্মীরা। পরে তারা গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গাজীপুরের চক্রবর্তী কেপিজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে পাপ্পুকে মৃত ঘোষণা করেন। তার এমন মর্মান্তিক দুর্ঘটনায় অন্য শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। 

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত শিক্ষার্থীর মরদেহ নেওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। ওই আবেদনের প্রেক্ষিতে নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত