চলতি বছর মালয়েশিয়ায় যেতে একজন বাংলাদেশি কর্মীর অভিবাসন ব্যয় নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার টাকা। তবে সরকারি ব্যবস্থাপনায় সম্পূর্ণ বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে প্রথম ধাপে ১১২ জন যাবেন শিগগিরই।
গতকাল বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ ভবনে সংবাদ সম্মেলনে প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী এ তথ্য জানান। তিনি জানান, আগামী সপ্তাহের মধ্যে মেডিকেল সেন্টারের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক জানান, ১০ হাজার কর্মী পাঠানোর লক্ষ্যমাত্রার বিপরীতে মালয়েশিয়া থেকে এখন পর্যন্ত ৫৬৮টি চাহিদাপত্র পাওয়া গেছে। এর মধ্যে ডিএইচএল সাপ্লাই চেইন থেকে গত ২ নভেম্বর ১১২ কর্মী নিয়োগের চাহিদাপত্র আসে। এ জন্য ৫ নভেম্বর বিজ্ঞপ্তি প্রকাশের পর ৪ হাজার ২৯টি আবেদন জমা পড়ে। অনলাইন লটারির মাধ্যমে ৩০০ জনকে প্রাথমিকভাবে বাছাই করা হয়। তাদের মধ্যে অপারেশনস অ্যাসিস্ট্যান্ট পদে ২০০ এবং টেকনিক্যাল স্কিল ওয়ার্কার পদে ১০০ জন রয়েছেন।
এই ৩০০ জনের মধ্য থেকে চূড়ান্তভাবে ১১২ জনকে নিয়োগ দিতে মালয়েশিয়ার নয় সদস্যের প্রতিনিধিদল ঢাকায় এসেছে। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া ব্যবহারিক পরীক্ষা ও সাক্ষাৎকার চলবে ১৫ নভেম্বর পর্যন্ত। নিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরাই চূড়ান্ত প্রার্থী নির্বাচন করবেন।
রাশেদুল হক বলেন, নির্বাচিত কর্মীদের অভিবাসনসংক্রান্ত সরকার নির্ধারিত সব ব্যয় নিয়োগকারী কোম্পানি বহন করবে। বোয়েসেলও কোনো সার্ভিস চার্জ নেবে না। অর্থাৎ ‘জিরো মিনস জিরো’। কোনো কর্মকর্তা, দালাল বা মধ্যস্বত্বভোগী অর্থ দাবি করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে অতিরিক্ত অভিবাসন ব্যয় ও অনিয়মের অভিযোগে ২০২৪ সাল থেকে দেশটি বাংলাদেশি কর্মী নিয়োগে কড়াকড়ি আরোপ করে। এরপর শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে। চলতি বছরের ২২ জুন মালয়েশিয়া সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কাছে বাংলাদেশি কর্মী নিয়োগ বাড়ানোর অনুরোধ জানান। এর পরিপ্রেক্ষিতে মালেশিয়ার শ্রমবাজার দীর্ঘদিন পর উন্মুক্ত হচ্ছে।