জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুরের পৈতৃক বাড়ির আগুনের উত্তাপ ছড়িয়েছে জাতীয় সংসদে। বুধবার গভীর রাতের আগুনে একতলা টিনশেড বাড়ির পাঁচটি কক্ষ পুড়ে যায় এবং এতে দুটি ছাগল মারা যায়। এনসিপি নেত্রী ঘটনাস্থলে হাজির হয়ে সংবাদ সম্মেলন করে দাবি করেছেন প্রতিপক্ষের পেট্রোলবোমা হামলায় ভস্মীভূত হয়েছে তাদের ঘর। গতকাল জাতীয় সংসদে এ নিয়ে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা বেশি। নাশকতামূলক কর্মকা-ের প্রমাণ মেলেনি। তবে তদন্ত হচ্ছে, প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
প্রাথমিক তদন্তের প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখানে পেট্রোলবোমা ব্যবহৃত হয়নি।
এ নিয়ে সংসদে কথা বলেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি জুলাই গণঅভ্যুত্থানের নেতাকর্মীদের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হচ্ছে বলে উল্লেখ করে বলেছেন, এ সরকার কি কোনো ধরনের নিরাপত্তা দেবে? তারা দিতে না পারলে সেটি আমাদের জানিয়ে দিক। যদি আমাদের মানবাধিকার না থাকে এবং শত্রুর মানবাধিকার নিয়ে এ সরকারের বেশি কনসার্ন থাকে, তাহলে আমাদেরকেই আমাদের পথ দেখতে হবে।’ নাহিদ বলেন, আমরা যদি প্রথম টার্গেট হই, দ্বিতীয় টার্গেট কিন্তু উনারাও (বিএনপি) হবেন। আমাদের পরিবার আক্রান্ত হলে উনাদের পরিবারও কিন্তু আক্রান্ত হবে ফ্যাসিবাদী শক্তির দ্বারা। তারা এতটাই নৃশংস।
এদিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নুসরাতের বাড়িতে আগুনের ঘটনার নিন্দা জানিয়েছেন জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। গতকাল বৃহস্পতিবার আগুনে ক্ষতিগ্রস্ত বাড়ির সামনে সংবাদ সম্মেলন করে সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম বলেছেন, বাড়িতে হামলা করে আন্দোলন-সংগ্রাম দমিয়ে রাখা যাবে না। নুসরাত অভিযোগ করে বলেন, হামলার তিন ঘণ্টা আগে সামাজিক মাধ্যমে হুমকিমূলক পোস্ট দেওয়া হয়েছিল। এর আগেও ফোনে হুমকি পেয়েছি। তিনি বলেন, বুধবার রাতে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের পলাতক সভাপতির ফেসবুক আইডি থেকে একটি সতর্কতামূলক পোস্ট দেওয়া হয়। মধ্যরাতে সিসিটিভি ফুটেজের সময় অনুযায়ী রাত ১২টা ১৫ মিনিট ৩০ সেকেন্ডে বাড়িতে পরপর চারটি বিস্ফোরণ হয়। তিনি বলেন, বিস্ফোরণের ধরন দেখে পেট্রোলবোমা হামলা বলে মনে হচ্ছে। একই সঙ্গে তিনি বাড়িটি পরিত্যক্ত ছিল না উল্লেখ করে বলেন, দীর্ঘ ৫-৬ বছর ধরে একটি অসহায় পরিবার বসবাস করছিল। আগুনে পরিবারের একটি শিশু আহত হয়েছে এবং কয়েকটি পশু মারা গেছে। বাড়ির প্রায় সবকিছুই পুড়ে গেছে।
বুধবার রাত ১২টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে গিয়ে রাত ১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শফিকুল ইসলাম বলেন, রাতে আগুন নেভানোর পর আশপাশের সম্ভাব্য স্থানে লাইট দিয়ে দেখেছি, তবে আগুন লাগানোর কাজে ব্যবহৃত কোনো দাহ্য পদার্থ কিংবা কোনো বিস্ফোরক দ্রব্য আমাদের চোখে পড়েনি।
কুষ্টিয়ার দৌলতপুর থানার ওসি মোহাম্মদ খালেদুর রহমান বলেছেন, পেট্রোলবোমা হামলার কোনো আলামত পাওয়া যায়নি। আমরা অনুসন্ধান করছি, যদি এটা বোমা হয়, তাহলে এখানে কারা জড়িত তা খুঁজে বের করব। এনসিপি নেত্রীর দাবির সূত্রে ওই বাড়িতে পেট্রোলবোমা চালানো হয়েছে কি না এমন প্রশ্নের উত্তরে ওসি বলেন, ফায়ার সার্ভিস অগ্নিকা-ের ঘটনাটি তদন্ত করছে। তদন্ত শেষে আগুনের প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। তবে এখন পর্যন্ত সেখানে পেট্রোলবোমা বা বিস্ফোরকজাতীয় কোনো আলামত পুলিশ পায়নি।
কী ধরনের আলামত পেলে বোঝা যেত যে, পেট্রোলবোমা নিক্ষেপ করা হয়েছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পেট্রোলবোমার ক্ষেত্রে গ্লাস বা এ ধরনের কোনো কিছু পাওয়া যায়। এ ক্ষেত্রে এগুলোর কোনো কিছুই পাওয়া যায়নি। এ নিয়ে আরও অনুসন্ধান চলছে। তিনি বলেন, এ ছাড়া পল্লী বিদ্যুতের লোকজনদেরও ডেকে দেখানো হয়েছে যে বিদ্যুৎ বিভ্রাটের কোনো আলামত রয়েছে কি না, তারাও জানিয়েছে শর্টসার্কিট থেকে আগুনের কোনো আলামত খুঁজে পাওয়া যায়নি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সংসদে দাঁড়িয়ে বলেছেন, অগ্নিকা-ের ঘটনায় নাশকতার অভিযোগসহ সব দিক খতিয়ে দেখতে পুলিশ, বিজিবি, ফায়ার সার্ভিস ও সিভিল প্রশাসনের সমন্বয়ে যৌথ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার প্রাথমিক তদন্ত ও বিজিবির প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে তিনি জানান, পরিত্যক্ত ওই পুরনো বাড়িটির দুর্বল ইলেকট্রিক ওয়্যারিং থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একটা টিনশেড আধাপাকা বাড়িতে অগ্নিকাণ্ড ঘটে। এর ২০ মিটার দূরত্বে তার মা-বাবা তিনতলা বাড়িতে অবস্থান করেন। তিনি বলেন, এ বাড়িতে কেউ থাকে না। দুটি ছাগল ছিল এবং অন্যান্য জিনিসপত্র ছিল। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার গেছেন। থানার ওসি গেছেন। সকালে তিনি (মন্ত্রী) নিজে কথা বলে এসপিকেও পাঠিয়েছেন। বিজিবির টিমও ওখানে গেছে। ফায়ার সার্ভিস ট্রিপল নাইনে খবর পাওয়ার পর তাৎক্ষণিকভাবে পার্শ্ববর্তী থানা থেকে ফায়ার সার্ভিসের গাড়ি এনে আগুন নিয়ন্ত্রণ আনে। ইতিমধ্যে জিডি করা হয়েছে। সেই জিডি অনুসারে পুলিশ তদন্ত করছে।
জামায়াত আমিরের নিন্দা : নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার নিন্দা জানিয়ে গতকাল জামায়াত আমির ডা. শফিকুর রহমান নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন বুধবার রাত ১২টার পর এনসিপির জাতীয় নারীশক্তির সদস্য সচিব, এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামের বাড়িতে পেট্রোলবোমা হামলা ও অগ্নিসংযোগের নিন্দা জানাই।
এ হামলাকে কাপুরুষোচিত আখ্যা দিয়ে তিনি লেখেন, অবশ্যই দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে। সরকার এ দায়িত্ব পালনে ব্যর্থ হলে এর খেসারত উচ্চমূল্যে দিতে হবে। নীরব বসে থাকার কোনো সুযোগ নেই।
সরকার কি নিরাপত্তা দিতে পারবে, না পারলে জানিয়ে দিক সংসদে নাহিদ : এদিকে সংসদ সদস্য, জুলাই গণঅভ্যুত্থানের নেতা, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের নেতাকর্মীদের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হচ্ছে বলে উল্লেখ করেছেন এনসিপির আহ্বায়ক ও সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। গতকাল সংসদে তিনি বলেছেন, এ সরকার কি কোনো ধরনের নিরাপত্তা দেবে? তারা দিতে না পারলে সেটা আমাদেরকে জানিয়ে দিক।