গল্পের জাদুকরের জন্মদিন আজ

আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ এএম

বাংলা সাহিত্যের পাঠকপ্রিয় কথাসাহিত্যিকদের মধ্যে অনন্য এক নাম হুমায়ূন আহমেদ। তার গল্প বলার ধরন, সহজ ভাষা, চরিত্র নির্মাণ ও জীবনবোধ তাকে দিয়েছে স্বতন্ত্র পরিচয়। সাধারণ মানুষের জীবনের ছোট ছোট ঘটনা, হাসি-কান্না, প্রেম, বিরহ, মধ্যবিত্তের টানাপড়েন কিংবা মানুষের মনের রহস্য সবকিছুই তিনি তুলে ধরেছেন অসাধারণ মুনশিয়ানায়। তাই পাঠকের কাছে তিনি পরিচিত ‘গল্পের জাদুকর’ হিসেবে। আজ সেই গল্পের কারিগরের ৭৮তম জন্মবার্ষিকী। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করে ২০১২ সালের ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মৃত্যুবরণ করেন এই বহুমাত্রিক প্রতিভা। তিনি ছিলেন জনপ্রিয় উপজেলার কুতুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন এ কিংবদন্তি। আজ তার ৭৮তম জন্মবার্ষিকী। তার বাবা ফয়জুর রহমান আহাদ ও মায়ের নাম আয়েশা ফয়েজ। পেশাগত জীবনে হুমায়ূন আহমেদ ছিলেন একজন শিক্ষক। বগুড়া জিলা স্কুল থেকে ম্যাট্রিক ও ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করে রসায়ন বিষয়ে ঢাকা বিবিদ্যালয়ে পড়াশোনা করেন। পরে পিএইচডিও লাভ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে তিনি দীর্ঘদিন অধ্যাপক ছিলেন। পরবর্তী সময়ে লেখালেখি, নাটক ও চলচ্চিত্র নির্মাণে নিজেকে যুক্ত করেন।

তার প্রথম উপন্যাস ‘নন্দিত নরকে’। প্রথম বই দিয়েই বাংলা সাহিত্যে নিজের শক্ত অবস্থানের জানান দেন তিনি। এরপর একের পর এক উপন্যাস, গল্প, নাটক ও চলচ্চিত্র নির্মাণের মধ্য দিয়ে হয়ে ওঠেন বাংলা ভাষার অন্যতম জনপ্রিয় স্রষ্টা। তার উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে রয়েছে ‘শঙ্খনীল কারাগার’, ‘জোছনা ও জননীর গল্প’, ‘মধ্যাহ্ন’, ‘কোথাও কেউ নেই’, ‘দেবী’, ‘নিশীথিনী’ ও ‘হিমু’ সিরিজ।

হুমায়ূন আহমেদের সৃষ্ট চরিত্রগুলো যেন পাঠকের খুব চেনা। হিমু, মিসির আলি, শুভ্র কিংবা বাকের ভাই প্রতিটি চরিত্রই আলাদা বৈশিষ্ট্যে পাঠকের মনে জায়গা করে নিয়েছে। বিশেষ করে হিমুর হলুদ পাঞ্জাবি, ভবঘুরে জীবনদর্শন এবং মিসির আলির যুক্তিনির্ভর বিশ্লেষণ বাংলা সাহিত্যে তৈরি করেছে নতুন পাঠকগোষ্ঠী।

শুধু বইয়ের পাতায় নয়, টেলিভিশন নাটকেও তিনি সৃষ্টি করেছেন নতুন এক দর্শকশ্রেণি। ‘এইসব দিনরাত্রি’, ‘বহুব্রীহি’, ‘অয়োময়’ ও ‘কোথাও কেউ নেই’ নাটকগুলো আজও দর্শকের স্মৃতিতে উজ্জ্বল। চলচ্চিত্র নির্মাতা হিসেবেও তার পরিচিতি রয়েছে। ‘আগুনের পরশমণি’, ‘শ্রাবণ মেঘের দিন’, ‘দুই দুয়ারী’ ও ‘ঘেটুপুত্র কমলা’ তার উল্লেখযোগ্য চলচ্চিত্র।

সাহিত্য ও শিল্পকলায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদকসহ বিভিন্ন সম্মাননা পেয়েছেন। হুমায়ূন আহমেদ নেই, কিন্তু তার সৃষ্টি আজও বেঁচে আছে পাঠকের হৃদয়ে। নতুন প্রজন্মের পাঠকও তার বইয়ের পাতায় খুঁজে পায় জীবনের গল্প, হাসি, কান্না ও ভালোবাসা। সময়ের ব্যবধানে তার শারীরিক অনুপস্থিতি স্পষ্ট হলেও বাংলা সাহিত্যে তার জাদুকরী উপস্থিতি অমলিন। গল্পের ভেতর দিয়ে তিনি বেঁচে থাকবেন প্রজন্ম থেকে প্রজন্মে।

ভক্তদের পদচারণায় মুখর হবে নুহাশপল্লী

সাহিত্য ও শিল্প-সংস্কৃতির পাশাপাশি প্রকৃতির প্রতিও ছিল হুমায়ূন আহমেদের গভীর ভালোবাসা। গাজীপুরের পিরুজালী এলাকায় গড়ে তোলা নুহাশপল্লী তারই অনন্য নিদর্শন। নানা প্রজাতির গাছপালা, সবুজ প্রকৃতি ও নান্দনিক পরিবেশে সাজানো এ প্রাঙ্গণেই চিরনিদ্রায় শায়িত আছেন তিনি। হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মবার্ষিকী উপলক্ষে গাজীপুরের নুহাশপল্লীতে নানা আয়োজনে তাকে স্মরণ করবেন পরিবারের সদস্য, স্বজন, ভক্ত ও শুভানুধ্যায়ীরা। ফুলেল শ্রদ্ধা, মোমবাতি প্রজ্বালন, কেক কাটা ও প্রার্থনার মধ্য দিয়ে প্রিয় লেখকের প্রতি ভালোবাসা জানাবেন তারা।

জন্মদিনের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে নুহাশপল্লীর লিচুতলায় হুমায়ূন আহমেদের সমাধি প্রাঙ্গণে প্রায় ৫০০টি মোমবাতি প্রজ্বালন ও কেক কাটার আয়োজন করেন সেখানকার কর্মীরা। আজ দিনভর লেখকের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন ভক্ত, পাঠক, কবি, সাহিত্যিক ও নাট্যাঙ্গনের মানুষেরা।

জন্মদিন উপলক্ষে লেখকের স্ত্রী অভিনেত্রী মেহের আফরোজ শাওন এবং দুই ছেলে নিনিত ও নিষাদ হুমায়ূনের সমাধিতে উপস্থিত হয়ে কবর জিয়ারত করবেন। সেই সময় তার আত্মার শান্তি কামনায় প্রার্থনা করা হবে। সমাধিতে পুষ্পাঞ্জলি অর্পণের পাশাপাশি জন্মদিনের কেক কাটার আয়োজনও থাকবে।

প্রতিবারের মতো এবারও হুমায়ূন আহমেদের জনপ্রিয় চরিত্র হিমু ও রুপার সাজে নুহাশপল্লীতে আসবেন অনেক ভক্ত। হলুদ পাঞ্জাবি গায়ে হিমু ও নীল শাড়িতে রুপা সেজে তারা প্রিয় লেখকের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাবেন। লেখকের সৃষ্ট চরিত্রগুলোর প্রতি পাঠকদের এই ভালোবাসা যেন তার সাহিত্যকর্মের প্রতি নতুন প্রজন্মের টানকেই তুলে ধরে।

নুহাশপল্লীর ব্যবস্থাপক মো. মাসুদ পারভেজ বলেন, প্রতিবারের মতো এবারও হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে নানা আয়োজন রাখা হয়েছে। রাত ১২টা ১ মিনিটে মোমবাতি প্রজ্বালন ও কেক কাটার মধ্য দিয়ে আয়োজন শুরু হবে। এরপর দিনভর লেখকের ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাকে শ্রদ্ধা জানাতে আসবেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত