দেশে এখনো প্রায় সাড়ে ৩ কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে। তাদের মধ্যে প্রায় ১ কোটি মানুষ চরম দারিদ্র্যের মধ্যে রয়েছে। দারিদ্র্যের হার কমলেও দরিদ্র মানুষের সংখ্যা কমানো যাচ্ছে না বলে মন্তব্য করেছেন নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ও সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। গতকাল বৃহস্পতিবার রাজধানীর শেরে বাংলা নগরে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে সর্বদলীয় সংসদীয় ককাসের জনপ্রকাশের অনুষ্ঠানে প্ল্যাটফর্ম গঠনের প্রেক্ষাপট, উদ্দেশ্য ও কর্মপরিধি তুলে ধরার সময় তিনি এসব কথা বলেন। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম এ অনুষ্ঠানের আয়োজন করে।
ককাস সংসদ সদস্যদের একটি অনানুষ্ঠানিক ও স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের উদ্যোগে বিভিন্ন দলের মোট ২৫ জন সংসদ সদস্য নিয়ে ককাস গঠিত হয়েছে। প্ল্যাটফর্মটির জনপ্রকাশে সভাপতিত্ব করেন ককাসের প্রধান ও বিএনপির সংসদ সদস্য এ এম মাহবুব উদ্দিন খোকন। প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এছাড়া বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের সংসদ সদস্যরা আলোচনায় অংশ নেন।
অনুষ্ঠানে ককাস গঠনের লক্ষ্য তুলে ধরে জানানো হয়, সুবিধাবঞ্চিত মানুষের অভিজ্ঞতা, বহুমাত্রিক চাহিদা ও অধিকারভিত্তিক দাবিগুলো সংসদীয় আলোচনা, আইন প্রণয়ন, নীতি ও বাজেট প্রক্রিয়ায় কার্যকরভাবে তুলে ধরা হবে। পাশাপাশি গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়নে জবাবদিহি নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে। সামাজিক, জাতিগত ও ধর্মীয় পরিচয়, জেন্ডার, বয়স, ভৌগোলিক অবস্থান, প্রতিবন্ধিতা, শিক্ষা ও দক্ষতা, স্বাস্থ্য, পেশা এবং বিভিন্ন অভিঘাতে বিপন্ন জনগোষ্ঠীর দাবিকে অগ্রাধিকার দেবে এই ককাস। এ সময় ককাসের সদস্য সংসদ সদস্যরা অভিপ্রায়পত্রে সই করেন।
নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, দেশের ১৮ কোটি মানুষের মধ্যে প্রায় সাড়ে ৩ কোটি এখনো দারিদ্র্যসীমার নিচে রয়েছে। এর মধ্যে প্রায় ১ কোটি মানুষ চরম দারিদ্র্যের শিকার। এ ছাড়া দারিদ্র্যসীমার ওপরে উঠে আসা মানুষের মধ্যেও অন্তত ২ কোটি মানুষ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছেন। তারা দুদিন কাজ করতে না পারলেই আবার দারিদ্র্যসীমার নিচে নেমে যেতে পারেন। তিনি বলেন, সুবিধাবঞ্চিত মানুষের অধিকার নিশ্চিতের দায়িত্ব শুধু নাগরিক সমাজ বা বেসরকারি উদ্যোক্তাদের নয়, জনপ্রতিনিধিদেরও এ দায়িত্ব নিতে হবে। যাদের ভোটে জনপ্রতিনিধিরা নির্বাচিত হয়েছেন, সেই জনগোষ্ঠীর অধিকার ও স্বার্থরক্ষায় তাদের সরাসরি ভূমিকা রাখা প্রয়োজন।
ককাসের গঠন নিয়ে তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে সংসদের বাইরে জাতীয় সংসদের বিভিন্ন দলের সংসদ সদস্যদের এভাবে এক মঞ্চে বসার নজির এটাই প্রথম। বিশেষ করে পিছিয়ে পড়া মানুষের পক্ষে এমন সর্বদলীয় ঐক্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, দেশে এত মানুষ সুবিধাবঞ্চিত থাকার পেছনে আমরা রাজনীতিবিদরাই দায়ী, অন্য কেউ নয়। বর্তমানে দেশ ও সমাজ পরিচালনার মূল চালিকাশক্তি রাজনীতিবিদদের হাতে। রাজনীতি সঠিক পথে পরিচালিত হলে দেশও ঠিক হয়ে যাবে।
বাংলাদেশের অন্যতম প্রধান সমস্যা হিসেবে দুর্নীতির কথা উল্লেখ করে স্পিকার বলেন, সুবিধাবঞ্চিত মানুষের জন্য গঠিত এই ককাস দুর্নীতির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ককাসের প্রথম কাজ হওয়া উচিত দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়া। কারও বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলে তা প্রকাশ্যে তুলে ধরতে হবে। এমনকি স্পিকার কিংবা চিফ হুইপের বিরুদ্ধে অভিযোগ থাকলেও তা বলতে হবে।
ককাসের প্রধান ও বিএনপির সংসদ সদস্য এ এম মাহবুব উদ্দিন খোকন বলেন, দুর্নীতি বন্ধ করা না গেলে সুবিধাবঞ্চিত মানুষের উন্নয়নের স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব হবে না। সংসদ সদস্যরা যদি শপথ নেন যে নিজেরা দুর্নীতি করবেন না এবং অন্যকেও দুর্নীতি করতে দেবেন না, তাহলে দেশের উন্নয়ন সহজ হবে। শুধু রাজনীতিবিদ নন, নাগরিক সমাজসহ সবাই দুর্নীতি থেকে বেরিয়ে এলে দেশের অন্তত ৪০ শতাংশ অর্থের অপচয় রোধ করা সম্ভব বলে তিনি মনে করেন।
জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ও ককাসের সহ-সভাপতি পদে প্রস্তাবিত মো. সাইফুল আলম বলেন, শহর ও গ্রামের মানুষের জীবনযাত্রায় পার্থক্য থাকলেও সুবিধাবঞ্চিত মানুষের সমস্যাগুলো প্রায় একই। তাদের প্রধান সমস্যা শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য ও বাসস্থান। এসব সমস্যা সমাধান করলে সবার সমস্যা দূর হবে।
জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, পিছিয়ে পড়া মানুষদের সামনে এগিয়ে নিতে সরকার কাজ করতে চায়। কৃষক, শ্রমজীবী মানুষ ও নারীদের জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। কৃষকদের সহায়তা, ফ্যামিলি কার্ড ও স্বাস্থ্য কার্ডের মতো কর্মসূচির মাধ্যমে তাদের সুযোগ-সুবিধা বাড়ানোর চেষ্টা চলছে।