দেশের গণতন্ত্র ও সুশাসন শক্তিশালী করতে তথ্য কমিশন সম্পূর্ণ নিরপেক্ষ ও স্বাধীনভাবে দায়িত্ব পালন করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন প্রধান তথ্য কমিশনার (চিফ ইনফরমেশন কমিশনার-সিআইসি) অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে তথ্য কমিশনের সম্মেলন কক্ষে নবগঠিত কমিশনের ১০০ দিনের কর্মপরিকল্পনা নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
দীর্ঘ দুই বছরেরও বেশি সময় অচল থাকার পর গত ১৭ অক্টোবর ড. নাহরিনকে প্রধান করে প্রতিষ্ঠানটিকে সচল করতে নতুন কমিশন গঠন করে সরকার। নতুন কমিশন আগামী ১৬ নভেম্বর থেকে জমে থাকা অভিযোগগুলোর শুনানি শুরু করবে উল্লেখ করে অধ্যাপক নাহরিন বলেন, গত ২ বছরে তথ্য কমিশনে ৯১৭টি অভিযোগ জমা হয়ে আছে। এ ছাড়া নতুন তথ্য কমিশন দায়িত্ব নেওয়ার পর আরও প্রায় ২০০টি অভিযোগ জমা পড়েছে।
ড. নাহরিন বলেন, তথ্য কমিশন সরকার বা জনগণের পক্ষে থাকবে না, সম্পূর্ণ নিরপেক্ষ থাকবে। কমিশনকে জনমুখী করতে ১০০ দিনের কর্মপরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, রাইট টু ইনফরমেশন (আরটিআই) সম্পর্কে সচেতনতা তৈরিতে চলতি নভেম্বর মাসের শেষ সপ্তাহে বিশ্ববিদ্যালয় পর্যায়ে সপ্তাহব্যাপী ‘তথ্যমেলা সপ্তাহ’ আয়োজন করা হবে। একই সঙ্গে দেশের স্কুল-কলেজেও এ কার্যক্রম শুরু করা হবে।
সিআইসি জানান, কর্মসূচির অংশ হিসেবে সংবাদকর্মী, কনটেন্ট ক্রিয়েটর ও রাজনীতিবিদদের প্রশিক্ষণের আওতায় আনা হবে। সরকারি অর্থায়ন বা বিদেশি অনুদানে পরিচালিত প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইট মনিটরিং করা হবে। একই সঙ্গে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে তথ্য অবমুক্তকরণ নীতিমালা প্রণয়নের কাজ করা হবে। এ লক্ষ্যে সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের কাছে পত্র পাঠানো হয়েছে।
তিনি বলেন, নাগরিকদের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েই বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইট পরিবীক্ষণ করা হচ্ছে। সেখানে বাজেটের তথ্য প্রকাশ করা হয়েছে কি না, তা দেখা হচ্ছে। প্রতিষ্ঠানগুলোকে ওয়েবসাইটে বাজেটের তথ্য প্রকাশ করতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে চিঠি দেওয়া হবে। যেসব প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এসব তথ্য থাকবে না, তাদের জবাবদিহির আওতায় আনা হবে।