হংকং থেকে মসলার আড়ালে এলো ৩০ কেজি সিসা, গ্রেফতার ৩

আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ১১:৪৮ এএম

মসলার চালানের আড়ালে হংকং থেকে আমদানি করা হয়েছিল ৩০ কেজি অবৈধ মাদক সিসা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) গোয়েন্দা নজরদারিতে ধরা পড়ে এই মাদক চোরাচালানের ঘটনা। এ ঘটনায় আমদানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্টসহ তিনজনকে গ্রেফতার করেছে সংস্থাটি।

ডিএনসির সহকারী পরিচালক মোস্তাক আহমেদের নেতৃত্বে পরিচালিত অভিযানে এসব মাদক উদ্ধার করা হয়।

ডিএনসি সূত্রে জানা গেছে, গোয়েন্দা দলের সদস্যরা প্রথমে ক্রেতা সেজে পাঁচ কেজি সিসার অর্ডার দেন। এরপর পুরো আমদানি প্রক্রিয়া নজরদারিতে রাখা হয়। একপর্যায়ে অর্ডার করা পাঁচ কেজি সিসা সংগ্রহ করতে গিয়ে চালানের সঙ্গে আমদানি করা আরও ২৫ কেজি মাদক উদ্ধার করা হয়। সব মিলিয়ে উদ্ধার করা হয় ৩০ কেজি সিসা।

এ ঘটনায় গ্রেফতার ব্যক্তিরা হলেন রাজধানীর বংশাল থানাধীন নর্থ সাউথ রোডের আস-সুন্নাহ প্রতিষ্ঠানের মো. সোলায়মান আহমেদ শুভ (৩১), উত্তরার সাবা অ্যান্ড রিহান এন্টারপ্রাইজের মালিক মো. শাকিল আহমেদ এবং একই এলাকার ট্রাস্ট গ্লোবাল ট্রেডিংয়ের মালিক মো. মেহেদী হাসান (৪৬)।

গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বংশাল থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত