গাজীপুরে তৈরি পোশাকশ্রমিকদের জন্য ন্যায্যমূল্যে চাল বিক্রির কার্যক্রম শুরু করেছে জেলা খাদ্য অধিদপ্তর। প্রথম পর্যায়ে গাজীপুর মহানগরের ৩০টি তৈরি পোশাক কারখানার শ্রমিকদের মধ্যে ১৫০ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। বাজারের তুলনায় কম দামে চাল পেয়ে খুশি শ্রমিকরা।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে গাজীপুর মহানগরের বিভিন্ন তৈরি পোশাক কারখানায় এ কার্যক্রম শুরু হয়। কারখানার ভেতরে সকাল থেকেই চাল নিতে শ্রমিকদের দীর্ঘ সারি দেখা যায়। জনপ্রতি ১০ কেজি করে চাল দেওয়া হচ্ছে ৩০ টাকা কেজি দরে। অর্থাৎ ৩০০ টাকায় ১০ কেজি চাল কিনতে পারছেন একজন শ্রমিক।
মহানগরের তিন সড়ক এলাকার স্প্যারো অ্যাপারেলস লিমিটেড কারখানার ৫০০ শ্রমিকের মধ্যে এ চাল বিতরণ করা হয়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে তুলনামূলক কম দামে চাল পেয়ে স্বস্তি প্রকাশ করেন শ্রমিকরা। শ্রমিকরা বলছেন, এ উদ্যোগ তাদের সংসারের খাদ্য ব্যয় কমাতে সহায়তা করবে। একই সঙ্গে চালের পাশাপাশি অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যও স্বল্পমূল্যে সরবরাহের দাবি জানান তারা।
পোশাক শ্রমিক ফরিদুল ইসলাম বলেন, সবকিছুর দাম বেশি, এরমধ্যে আমরা চাল কম দামে পেয়ে খুশি। ২৫ কেজির এক বস্তা চাল কিনতে ১ হাজার ৩০০ টাকা লেগে যায়। আমরা এখন এই টাকায় অনেক বেশি চাল পাব৷
স্প্যারো অ্যাপারেলস লিমিটেডের প্রধান নির্বাহী কাজী শরিফুল ইসলাম রেজা বলেন, তাদের কারখানায় প্রায় পাঁচ হাজার শ্রমিক রয়েছেন। প্রথম পর্যায়ে তাদের মধ্য থেকে ৫০০ শ্রমিককে বাছাই করে চাল দেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত রাখা এবং পর্যায়ক্রমে সব পোশাক কারখানার শ্রমিককে এর আওতায় আনার দাবি জানান তিনি।
জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. শফি আফজালুল আলম জানান, পর্যায়ক্রমে নির্ধারিত কারখানাগুলোতে শ্রমিকদের মধ্যে ন্যায্যমূল্যে চাল বিক্রি করা হবে।