হাসপাতালের ফিশারির মাছ ধরে নিয়ে যাওয়ার অভিযোগ স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে

আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ পিএম

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সীমানাপ্রাচীরের ভেতরে থাকা ফিশারি পুকুর থেকে ভোররাতে মাছ ধরে নিজের গাড়িতে করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজন চন্দ্র দাসের বিরুদ্ধে। শুক্রবার (১৩ নভেম্বর) ভোরে জেলেদের দিয়ে পুকুরে জাল টানিয়ে মাছ ধরার পর সেগুলো গাড়িতে করে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে থাকা ওই ফিশারি পুকুরে উপজেলা মৎস্য দপ্তরের প্রণোদনা কর্মসূচির আওতায় মাছের পোনা অবমুক্ত করা হয়েছিল। সরকারি প্রণোদনায় অবমুক্ত করা মাছ কীভাবে এবং কার নির্দেশে ধরা হলো, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

হাসপাতালের পরিসংখ্যান বিভাগের ভারপ্রাপ্ত পরিসংখ্যানবিদ মোহাম্মদ মাসুম ও পরিচ্ছন্নতাকর্মী মো. জামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তাঁদের ভাষ্য, শুক্রবার ভোরে হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ও তাঁর গাড়িচালক পুকুরে জাল টেনে মাছ ধরে নিয়ে গেছেন। তবে এ বিষয়ে তাঁরা কোনো কিছু জানতে চাননি।

উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে বলেন, গত অর্থবছরে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওই ফিশারি পুকুরে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে মাছের পোনা অবমুক্ত করা হয়েছিল।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মাজারুল ইসলাম জনি বলেন, শুক্রবার সকালে স্বাস্থ্য কর্মকর্তা জেলেদের দিয়ে ফিশারি পুকুরে মাছ ধরিয়েছেন। কিছু মাছ হাসপাতালের কর্মীদের দিয়েছেন, আর বাকি মাছ নিয়ে গেছেন। তিনি বলেন, সকালে হাসপাতালে দায়িত্ব পালনকালে তিনি ঘটনাটি দেখেছেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজন চন্দ্র দাস বলেন, ‘এখানে মাছগুলো দেখাশোনা করার জন্য সরকার আমাকে রেখেছে। দায়িত্ব আমার।’ সাংবাদিকের পরিচয় জানতে চেয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘আপনি কে এগুলো জানার? আমার মাছ আমি কী করব, সেটা আমার বিষয়। আগামীকাল সকাল ১০টায় আমার অফিসে আসবেন।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি বলেন, বিষয়টি তাঁর জানা নেই। খোঁজখবর নিয়ে দেখছেন।

এ বিষয়ে বক্তব্য জানতে চাঁদপুরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীনের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

সর্বশেষ সর্বাধিক পঠিত