গুচ্ছগ্রামে বাল্যবিয়ের চক্রে বন্দি কিশোরীরা

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ এএম

সুন্দরবনের কোলঘেঁষা খুলনার কয়রা উপজেলার গোবরা গুচ্ছগ্রাম। এখানে ২২০ পরিবারের বসবাস। নদী, বন আর প্রতিকূল প্রকৃতির সঙ্গে লড়াই করে বেঁচে থাকা এসব পরিবারের অনেক শিশুর জীবন শুরুতেই বদলে যাচ্ছে বিয়ের কারণে। যে বয়সে তাদের হাতে থাকার কথা বই-খাতা আর স্কুল ব্যাগ, সেই বয়সেই তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে সংসারের দায়িত্ব। ৯ থেকে ১২ বছর বয়সের মধ্যেই অনেক কিশোরীর বিয়ে হয়ে যাচ্ছে। কেউ বিয়ের পর স্বামীর সংসারে টিকতে পারছে না, কেউ ফিরে আসছে বাবার বাড়িতে। কারও শৈশব হারিয়ে যাচ্ছে সংসার ও সন্তান লালন-পালনের চাপে।

গোবরা গুচ্ছগ্রামের বাসিন্দা সালমা খাতুনের বিয়ে হয়েছিল মাত্র ১৩ বছর বয়সে। কিন্তু সেই সংসার টেকেনি। বিয়ের পর বিচ্ছেদের কারণে তাকে আবারও ফিরে আসতে হয়েছে আগের জীবনে।

আরও করুণ অভিজ্ঞতা আসমা খাতুনের। মাত্র ১২ বছর বয়সে প্রথম বিয়ে হয় তার। কয়েক মাস যেতে না যেতেই রান্না করতে না পারা ও সংসারের কাজকর্ম ঠিকমতো বুঝতে না পারার অভিযোগে শ্বশুরবাড়ির লোকজন তাকে বাড়ি থেকে বের করে দেন। পরে সামাজিক সালিশের মাধ্যমে বিষয়টি মীমাংসা হয়। আবারও বিয়ে দেওয়া হয় তাকে। কিন্তু দ্বিতীয় সংসারও টেকেনি। এভাবে একের পর এক বিয়ে ও বিচ্ছেদের মধ্য দিয়ে মাত্র ১৫ বছর বয়সেই তার চতুর্থ বিয়ে হয়েছে।

আরেক শিশু রেহানাকে (ছদ্মনাম) মাত্র ১০ বছর বয়সে বিয়ে দেওয়া হয়। তার স্বপ্ন ছিল স্কুলে পড়াশোনা করবে, বড় হয়ে নিজের পায়ে দাঁড়াবে। কিন্তু সেই স্বপ্নপূরণের আগেই ইটভাটার এক শ্রমিকের সঙ্গে তার বিয়ে দেওয়া হয়। শিশুটির বাবা তার মাকে ছেড়ে অন্যত্র বিয়ে করেছেন। মা গুচ্ছগ্রামে বসবাস করেন। অভাব-অনটন ও পারিবারিক অনিশ্চয়তার মধ্যে বেড়ে ওঠা শিশুটির জীবনে বিয়েই যেন হয়ে উঠেছে নতুন বাস্তবতা।

শুধু মেয়েরাই নয়, গুচ্ছগ্রামের কিশোর ছেলেরাও অল্প বয়সে বিয়ে করে সংসার শুরু করছে। গোবরা গুচ্ছগ্রামের আরাফাত হোসেনের বয়স মাত্র ১৭ বছর। এই বয়সেই বিয়ে করে সংসার করছেন তিনি। ফলে অল্প বয়সে বিয়ে, সংসারের দায়িত্ব এবং অর্থনৈতিক অনিশ্চয়তাÑসব মিলিয়ে কিশোর-কিশোরীদের স্বাভাবিক বেড়ে ওঠার সুযোগ সংকুচিত হচ্ছে।

সম্প্রতি গোবরা গুচ্ছগ্রামে সরেজমিন গিয়ে এসব তথ্য পাওয়া গেছে। একই চিত্র দেখা গেছে কয়রা সদরের মদিনাবাদ গুচ্ছগ্রামেও। স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা গেছে, কয়রা উপজেলার পাঁচটি গুচ্ছগ্রামেই কমবেশি বাল্যবিয়ের ঘটনা রয়েছে। তবে এসব গুচ্ছগ্রামে ঠিক কতজন কিশোরী বাল্যবিয়ের শিকার হয়েছে, তার কোনো নির্ভরযোগ্য সমন্বিত পরিসংখ্যান পাওয়া যায়নি।

গোবরা আলোকিত যুবসংঘের সভাপতি শাহরিয়ার আমিন বনি বলেন, ‘আমরা প্রতিনিয়ত ক্লাবের পক্ষ থেকে গুচ্ছগ্রামের মানুষকে সচেতন করার চেষ্টা করি। বিশেষ করে মেয়েদের পাশাপাশি ছেলেদেরও অল্প বয়সে বিয়ে না দেওয়ার বিষয়ে বোঝাই। কিন্তু এরপরও দেখছি, ছেলে-মেয়ের অল্প বয়সেই বিয়ে হয়ে যাচ্ছে। এমনকি অল্প বয়সে অনেকে মা হচ্ছে। এর ফলে তারা বড় ধরনের শারীরিক ও পারিবারিক সমস্যার মুখোমুখি হচ্ছে।’

সুন্দরবন নিয়ে কাজ করা শুভ্র শচীন বলেন,  এখানকার মানুষের জীবনকে নানা সংকট প্রতিনিয়ত কঠিন করে তুলছে। এসব সংকটের সঙ্গে দারিদ্র্য ও পারিবারিক অনিশ্চয়তা যুক্ত হলে মেয়েদের শিক্ষা অব্যাহত রাখা এবং নিরাপদ শৈশব নিশ্চিত করা আরও কঠিন হয়ে পড়ে।

সর্বশেষ সর্বাধিক পঠিত