হাসপাতাল আছে, স্বাস্থ্যসেবা নেই

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ এএম

ভারত সীমান্তবর্তী ভৈরবা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতাল গত তিন বছরেও চালু না হওয়ায় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে ঝিনাইদহের মহেশপুর উপজেলার পাঁচটি ইউনিয়ন। ইউনিয়নগুলোর মধ্যে রয়েছেÑ নাটিমা, বাঁশবাড়িয়া, যাদবপুর, কাজিরবেড় ও নেপা। এখানে প্রায় এক লাখ মানুষ বসবাস করে। দ্রুত হাসপাতালটি চালু করার দাবি জানিয়েছে স্থানীয়রা। স্বাস্থ্য বিভাগ বলছে, হাসপাতালের জন্য চাহিদাপত্র পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। অনুমোদন পেলেই চালু করা হবে।

ঝিনাইদহ জেলা শহর থেকে ৬০ কিলোমিটার দূরে ভারত সীমান্তবর্তী ভৈরবা সাকোরখাল এলাকায় ২০২৩ সালের ২৫ অক্টোবর উদ্বোধন করা হয় ২০ শয্যাবিশিষ্ট এই হাসপাতালটি। পড়ে থেকে নষ্ট হচ্ছে হাসপাতালের ভবন। খসে পড়ছে পলেস্তারা। অনেক স্থানে দেখা দিয়েছে ফাটল। চুরি হচ্ছে যন্ত্রাংশ।

স্থানীয়দের অভিযোগ, হাসপাতালটি উদ্বোধন হওয়ায় আশার আলো দেখলেও তিন বছরেও কোনো পদক্ষেপ নেয়নি স্বাস্থ্য বিভাগ। এলাকার হাজার হাজার মানুষের সেবা নিতে ছুটতে হয় উপজেলা বা জেলা হাসপাতালে। ভোগান্তি রোধ আর স্বাস্থ্যসেবা হাতের নাগালে পেতে দ্রুত হাসপাতালটি চালুর দাবি জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দারা জানায়, এলাকার কেউ অসুস্থ হলে চিকিৎসার জন্য দূরে যেতে হয়। বিশেষ করে রাতে জরুরি রোগী নিয়ে যাতায়াত করতে গিয়ে নানা সমস্যার মুখোমুখি হতে হয়। হাসপাতালটি চালু থাকলে প্রাথমিক চিকিৎসা, জরুরি স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় চিকিৎসা হাতের কাছেই পাওয়া যেত। এতে সময় ও অর্থ দুটোই সাশ্রয় হতো।

স্থানীয় বাগান মাঠ গ্রামের গোলাম কাদের বলেন, হাসপাতালটি চালু হলে এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের চিকিৎসাসেবার সংকট অনেকটাই দূর হবে।

ঝিনাইদহ সিভিল সার্জন ডা. মো. কামরুজ্জামান বলেন, হাসপাতালটি চালু করার জন্য প্রয়োজনীয় প্রশাসনিক অনুমোদন এখনো পাওয়া যায়নি। অনুমোদন পাওয়া গেলে হাসপাতালটি চালুর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত