বিস্তীর্ণ মাঠজুড়ে চলছে আলু চাষের কর্মব্যস্ততা। দূর থেকে দেখলে মনে হয়, ফসলের মাঠের মাঝখানে কোনো উঁচু স্থাপনা দাঁড়িয়ে আছে। তবে কাছে গেলে দেখা যায়, মাঠের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আস্ত একটি সেতু। সংযোগ সড়ক নির্মাণ না করায় সেতুটির নিচেও এখন পুরোদমে ফসল আবাদ হচ্ছে। এমনই এক অদ্ভুত দৃশ্যের দেখা মেলে দিনাজপুরের দুলালীগঞ্জ ঘাটে। দিনাজপুর সদর উপজেলার ঘুঘুডাঙ্গা ও বিরল উপজেলার বসন্তপুর চকেরহাট এলাকার মাঝ দিয়ে প্রবাহিত পুনর্ভবা নদীর ওপর নির্মাণ করা হয়েছে ২৫০ মিটার দীর্ঘ এই সেতুটি। কিন্তু দুই প্রান্তে সংযোগ সড়ক না থাকায় কোটি টাকার এই সেতুটি স্থানীয়দের কোনো কাজেই আসছে না।
স্থানীয়দের অভিযোগ, ব্রিজটি নির্মাণ করতেই ৮ বছর অতিক্রম হয়েছে। এখন সংযোগ সড়ক নির্মাণ না থাকায় ব্রিজটি ব্যবহার করতে পারছে না দুই পাড়ের কয়েক হাজার মানুষ। আর ঝুঁকি নিয়ে নৌকায় নদী পারাপার হচ্ছেন মানুষ। সম্প্রতি ডিঙ্গি নৌকায় নদী পার হতে গিয়ে পানিতে ডুবে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ২০ অক্টোবর ব্রিজটির নির্মাণকাজ শুরু হয়। ২৫০ মিটার ব্রিজটি নির্মাণে ব্যয় ধরা হয়েছিল ২২ কোটি ৫৭ লাখ ৮১ হাজার টাকা। ব্রিজটির ঠিকাদারি প্রতিষ্ঠান ছিল তমা কনট্রাকশন। অভিযোগ রয়েছে, তমা কনস্ট্রাকশনের অংশীদার হিসেবে ছিলেন তৎকালীন সংসদ সদস্য খালিদ মাহমুদ চৌধুরী।
সরেজমিনে গিয়ে দেখা যায়, নদী ও মাটির ওপর দাঁড়িয়ে আছে একটি ব্রিজ। পাশেই বড় নৌকা দিয়ে মোটরসাইকেল, সাইকেল, ভ্যানসহ সাধারণ মানুষ ও পশু পারাপার হচ্ছেন। নদীর তীব্র স্রোতের সঙ্গে পাল্লা দিয়ে ঝুঁকি নিয়ে নদী পার হচ্ছেন দুই পাড়ের কয়েক হাজার মানুষ। শুষ্ক মৌসুমে ঝুঁকি কিছুটা কম থাকলেও বর্ষা মৌসুমে নৌকায় নদী পারাপার হওয়া তীব্র ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। বেশি পরিমাণ মালপত্র ও কৃষিপণ্য নিয়ে প্রায় ১৫ কিলোমিটার সড়ক বেশি ঘুরে শহরে আসতে হয় সাধারণ মানুষদের। ব্রিজটির সংযোগ সড়ক না থাকায় ওই এলাকায় অসুস্থ রোগী নিয়ে চরম বেকাদায় পড়তে হয় স্বজনদের।
জানা গেছে, গত ২৫ অক্টোবর সকালে একটি ছোট ডিঙ্গি নৌকায় নদী পার হতে গিয়ে নদীতে ডুবে মারা যান আফজাল হোসেন (৫৫) নামে এক ব্যক্তি। তিনি বিরল উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের ধুলাতৈড় (ডাঙ্গাপাড়া) গ্রামের মৃত গেদু মোহাম্মদ এর ছেলে। পরে দুপুরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদী থেকে মরদেহ উদ্ধার করে।
স্থানীয়দের অভিযোগ, ২০১৮ সালে দুই পাশের সাধারণ মানুষ ও কৃষকদের কথা চিন্তা করে তৎকালীন সরকার পুনর্ভবা নদীর ওপর একটি ব্রিজ নির্মাণকাজ শুরু করেন। কাজ শুরুর পর থেকেই ধীরগতি চলতে থাকে। চলতি বছরের জুন মাসে ব্রিজটির নির্মাণ কাজ শেষ করে ঠিকাদারি প্রতিষ্ঠান। ২৫০ মিটারের ব্রিজটি নির্মাণ করতেই সময় ব্যয় হয়েছে ৮ বছর। নদীতে ব্রিজের সংযোগ সড়ক না থাকার কারণে ঝুঁকি নিয়ে নৌকায় পারাপার হচ্ছে দুই প্রান্তের কয়েক হাজার মানুষ। পাশাপাশি নৌকা থেকে মানুষ, পশুপাখি, বিদ্যালয়ের বই ও খাতা নদী পড়ে নষ্ট হচ্ছে।
বিরল উপজেলার ধুলাতৈর গ্রামের আবেদ আলী বলেন, ‘ব্রিজটি চালু না হওয়ার কারণে এই এলাকার কৃষকরা ফসলের ন্যায্যমূল্য পাচ্ছে না। পাশাপাশি অসুস্থ রোগী নিয়ে খুবই বিপদে পড়তে হয়। ব্রিজটি চালু হলে এলাকার অনেক উপকার হবে।’
মোজাফ্ফর হোসেন বলেন, ‘আমার বাসা বিরল উপজেলার কালিয়াগঞ্জ বাজারে। দিনাজপুর শহরে যেতে হলে নৌকা পার হতে হয়। নইলে আরও ১৫ কিলোমিটার বেশি ঘুরে অন্য ব্রিজ পার হয়ে শহরে যেতে হয়। ব্রিজটির কাজ শেষ হয়েছে। কিন্তু রাস্তা না থাকায় ব্যবহার করা যাচ্ছে। ঝুঁকি নিয়ে নৌকা পার হতে হচ্ছে।’
ঘুঘুডাঙ্গা উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেখ ছগীর আহাম্মদ বলেন, ‘এই বিদ্যালয়ের অর্ধেকই শিক্ষার্থী নদীর ওই পারের বাসিন্দা। সকালে ঝুঁকি নিয়ে নদী পার হতে হয় তাদের। আবার বিকালে বাড়ি যাওয়ার সময় ঝুঁকি নিয়ে নৌকায় পার হতে হয়। অনেক সময় নদীতে শিক্ষার্থী পড়ে যায়। আবার অনেক সময় তাদের বই-খাতাও পড়ে যায়। কিন্তু সংযোগ সড়ক না থাকায় ব্রিজটি দুই পাশের মানুষের কোনো কাজেই লাগছে না।’
দিনাজপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মো. আলী হোসেন বলেন, ‘ব্রিজটির সংযোগ সড়ক প্রাক্কলিত দর ইতিমধ্যে প্রকল্প পরিচালক বরাবর পাঠিয়ে দেওয়া হয়েছে। খুব শিগগিরই প্রকল্পটি অনুমোদন পেলে আমরা সংশ্লিষ্ট ঠিকাদারের মাধ্যমে কাজ শুরু করে দেব।’