নুহাশপল্লীতে শ্রদ্ধা নিবেদন নেত্রকোনায় হিমু উৎসব

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ এএম

নন্দিত কথাসাহিত্যিক, নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মবার্ষিকীতে তার নিজ হাতে গড়ে তোলা গাজীপুরের নুহাশপল্লী ছিল লেখক-পাঠকদের পদচারণায় মুখরিত।

গতকাল শুক্রবার সকালে গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউনিয়নের নুহাশপল্লীতে গিয়ে দেখা গেছে, সকাল থেকে হুমায়ূন ভক্তরা তার সমাধীস্থলে ফুলের শ্রদ্ধা নিবেদনসহ গান-কবিতা-নৃত্যসহ বিভিন্ন সৃষ্টিকর্মে মাধ্যমে তাকে স্মরণ করছেন। বিভিন্ন বয়সী লেখক-পাঠক ও ভক্তদের পদচারণায় মুখরিত পুরো নুহাশপল্লী। সকালে পরিবারের সদস্যদের নিয়ে সমাধীতে শ্রদ্ধা নিবেদন করেন হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন। এ ছাড়া হিমু পরিবহনের সদস্যরা দলবেঁধে এসে শ্রদ্ধা নিবেদন করেন।

নেত্রকোনায় আয়োজন করা হয় হিমু উৎসব। গতকাল বেলা ১১টায় হিমু পাঠক আড্ডার আয়োজনে হিমু উৎসবের প্রথম পর্বে আনন্দ শোভাযাত্রা বের হয়। সাতপাই সংগঠনের অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে হিমু-রুপা সেজে নানা বয়সী ভক্তরা প্রধান সড়কে হেঁটে যান।

ছেলেরা হলুদ পাঞ্জাবি পরে আর মেয়েরা নীল শাড়িতে রুপা সেজে আনন্দ শোভাযাত্রায় অংশ নেন। হিমু পাঠক আড্ডার প্রতিষ্ঠাতা আলপনা বেগমের পরিচালনায় হুমায়ূন সৃষ্ট চরিত্র হিমু, রুপাদের নিয়ে কেক কাটেন স্থানীয় বিশিষ্ট চিকিৎসক লুৎফা হক। এ সময় আরও উপস্থিত ছিলেন মডেল থানার ওসি আবুল খায়ের, বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মো. আতিকুর রহমান, প্রবীণ সাংবাদিক শ্যামলেন্দু পাল, সদর বিএনপির সাধারণ সম্পাদক তাজ উদ্দিন ফারাস সেন্টু প্রমুখ।

সর্বশেষ সর্বাধিক পঠিত