ভবন বানাতে অনিয়মই নিয়ম

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ০৭:৪২ এএম

রাজশাহী নগরীতে একের পর এক গড়ে উঠছে বহুতল ভবন। আবাসন ও বাণিজ্যিক চাহিদা মেটাতে বাড়ছে ভবনের উচ্চতা, বিস্তৃত হচ্ছে নগরায়ণ। কিন্তু এই সম্প্রসারণের সঙ্গে তাল মিলিয়ে নিশ্চিত হচ্ছে না ভবনের নিরাপত্তা ও নির্মাণবিধির যথাযথ প্রয়োগ। রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) তথ্য অনুযায়ী, জেলার ১ হাজার ২৪৫টি বহুতল ভবনের মধ্যে ৮৪৮টিই নির্মিত হয়েছে প্রয়োজনীয় রাস্তার জায়গা না রেখে কিংবা নির্মাণবিধি লঙ্ঘন করে। অন্যদিকে, ফায়ার সার্ভিসের হিসাবে নগরীর ৭২১টি ভবন রয়েছে ঝুঁকিপূর্ণ তালিকায়। 

একসময় পরিকল্পিত ও পরিচ্ছন্ন শহর হিসেবে পরিচিত ছিল রাজশাহী। প্রশস্ত সড়ক, খোলামেলা পরিবেশ ও সুশৃঙ্খল আবাসিক এলাকার জন্য নগরীটির আলাদা পরিচিতি ছিল। তবে গত তিন দশকে জনসংখ্যা বৃদ্ধি, আবাসনের চাহিদা ও বাণিজ্যিক সম্প্রসারণে বদলে গেছে নগরীর চিত্র। চলতি শতাব্দীর শুরুতেও রাজশাহী নগরীর সিঅ্যান্ডবি মোড়ে জীবন বীমা করপোরেশনের ১০ তলা ভবনটি ছিল রাজশাহীর সবচেয়ে উঁচু ভবন। এখন চোখ মেললেই নগরীর বিভিন্ন এলাকায় ১০ থেকে ১২ তলা বা তারও বেশি উঁচু ভবন দেখা যায়। তবে নগরায়ণের এই বিস্তারের সঙ্গে ভবন নির্মাণের নিয়মকানুন ও নিরাপত্তা নিশ্চিত করার প্রশ্নও সামনে এসেছে। নগরীতে বড় বড় বিপণিবিতান তৈরি হলেও সেগুলোর সামনে রাখা হয়নি পার্কিং সুবিধা। আর এর প্রভাবে রাস্তার ওপরে যানবাহন রেখে যেত হচ্ছে বিপণিবিতানে। এর ফলে পথে পথে তৈরি হচ্ছে যানজট। বহতল ভবন বানানোর ক্ষেত্রে বেশিরভাগ বাড়িওয়ালাই নিয়ম লঙ্ঘন করেন। কেউ রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের নির্দেশনা উপেক্ষা করছেন। আবার কেউ ফায়ার সার্ভিসের নির্দেশনা মানছেন না। সব মিলিয়ে নগরজুড়ে এখন নিয়ম ভাঙার ছড়াছড়ি। সেই সঙ্গে নগরীর অলিগলিতে রয়েছে ঝুঁকিপূর্ণ ভবন। 

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ-আরডিএর তথ্য অনুযায়ী, জেলার ১ হাজার ২৪৫টি বহুতল ভবনের মধ্যে ৮৪৮টি ভবন প্রয়োজনীয় রাস্তার জায়গা না রেখে বা নির্মাণবিধি লঙ্ঘন করে নির্মিত হয়েছে। অন্যদিকে, রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী শহরের ৭২১টি ভবনকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে।

নগরীর সাহেববাজার, উপশহর, লক্ষ্মীপুর, ভদ্রা, কাদিরগঞ্জসহ বেশিরভাগ এলাকায় দেখা যায়, অনেক ভবন রাস্তার একেবারে গা ঘেঁষে নির্মাণ করা হয়েছে। কোথাও ভবনের চারপাশে পর্যাপ্ত খোলা জায়গা নেই, কোথাও পাশাপাশি ভবনের দূরত্ব খুবই কম। কোনো কোনো স্থানে সরু প্রবেশপথের কারণে জরুরি পরিস্থিতিতে ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশ করাও কঠিন হতে পারে। নগর পরিকল্পনাবিদদের মতে, এসব অনিয়ম নগরীর স্বাভাবিক পরিবেশ নষ্ট করার পাশাপাশি জননিরাপত্তার জন্যও ঝুঁকি তৈরি করছে।

অনেক ভবনমালিক নির্মাণের অনুমোদন নিয়ে পরে অতিরিক্ত দুই বা তিন তলা নির্মাণ করেছেন বলে অভিযোগ রয়েছে। কোথাও অনুমোদিত নকশা অনুযায়ী খোলা জায়গা রাখা হয়নি, কোথাও রাস্তার জন্য ছেড়ে দেওয়ার কথা থাকা অংশও ভবনের আওতায় নেওয়া হয়েছে। এসব ক্ষেত্রে অনুমোদিত নকশা ও বাস্তব নির্মাণের মধ্যে পার্থক্য তৈরি হয়েছে। ফলে ভবনের নিরাপত্তা এবং দুর্যোগের সময় উদ্ধার কার্যক্রম পরিচালনা নিয়ে প্রশ্ন উঠছে।

রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও মার্কেটসহ নগরীর ৭২১টি ভবন বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। অনেক ভবনে অগ্নিনিরাপত্তার প্রয়োজনীয় ব্যবস্থা নেই। কোথাও জরুরি নির্গমন পথ সংকুচিত, কোথাও আবার অগ্নিনির্বাপণ যন্ত্রপাতি অপ্রতুল। নিয়ম না মেনে ভবন নির্মাণের কারণে ভবিষ্যতে দুর্ঘটনা বা বিপর্যয়ের আশঙ্কা রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, নির্মাণবিধি লঙ্ঘন করে ভবন তৈরি হলে অগ্নিকা-ের পাশাপাশি ভূমিকম্পেও ক্ষয়ক্ষতির ঝুঁকি বাড়তে পারে। বিশেষ করে অনুমোদনের বাইরে অতিরিক্ত তলা নির্মাণ, কাঠামোগত ত্রুটি এবং ভবনের চারপাশে পর্যাপ্ত জায়গা না রাখার মতো বিষয়গুলো বিপদের মাত্রা বাড়াতে পারে।

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আব্দুল ওয়াকিল বলেন, শুধু নোটিশ বা মামলা করেই দায়িত্ব শেষ করলে চলবে না। নিয়মবহির্ভূতভাবে নির্মিত ভবনের অবৈধ অংশ ভেঙে দিতে হবে। আরডিএকে মাঠ পর্যায়ে আরও কঠোর হতে হবে এবং মোবাইল কোর্ট পরিচালনা জোরদার করতে হবে। অন্যথায় এই অনিয়ম কোনোভাবেই বন্ধ হবে না।

আরডিএর প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মশিউর রহমান বলেন, ‘অনুমোদনহীন ভবনের মালিকদের বিরুদ্ধে নোটিস ও মামলা করার প্রক্রিয়ায় কিছুটা সময় লাগে। তবে নিয়মবহির্ভূত সব বর্ধিত অংশ পর্যায়ক্রমে অপসারণ করা হবে। বর্তমানে কোনো কর্মকর্তাকে প্রভাবিত করে প্ল্যান পাস করানোর সুযোগ নেই।

সর্বশেষ সর্বাধিক পঠিত