৩০ বছরে প্রথম হারের পর ধৈর্য ধরতে বললেন স্কালোনি 

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ১১:০৯ এএম

উরুগুয়ের কাছে ২-১ গোলে হেরে কিছুটা হোঁচটই খেয়েছে আর্জেন্টিনা। ২০১৯ সালের পর প্রথমবার প্রীতি ম্যাচে হার এবং ঘরের মাঠে প্রায় ৩০ বছর পর প্রীতি ম্যাচে পরাজয়ের এই তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হলেও ফলাফলকে খুব বেশি পাত্তা দিচ্ছেন না সফলতম কোচ লিওনেল স্কালোনি। নতুন প্রজন্মের কাঁধে এখনই পাহাড়সম দায়িত্ব না চাপিয়ে সংবাদ সম্মেলনে সমর্থকদের কাছে কিছুটা ‘ধৈর্য’ চেয়েছেন তিনি। 

এই পরাজয়ের ফলে যেমন ভেঙে গেল টানা ৩০টি প্রীতি ম্যাচে অপরাজিত থাকার দীর্ঘ রেকর্ড, তেমনি ঘরের মাঠে প্রীতি ম্যাচে আর্জেন্টিনার হারের খরাও দীর্ঘ প্রায় ৩০ বছর (২৯ বছর ১০ মাস ১৬ দিন) পর ফিরে এল। এর আগে ঘরের মাঠে সবশেষ ১৯৯৬ সালের ২৮ ডিসেম্বর মার দেল লা প্লাতায় সাবেক যুগোশ্লোভিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে হেরেছিল আর্জেন্টিনা। অবশ্য গত বিশ্বকাপ বাছাইপর্বেও এই লা বোম্বোনেরাতেই উরুগুয়ের কাছে হেরেছিল আলবিসেলেস্তেরা।

সর্বশেষ বিশ্বকাপ ফাইনালের পর থেকেই দল পুনর্গঠনের কাজে হাত দিয়েছেন স্কালোনি। উরুগুয়ের বিপক্ষে ম্যাচে রক্ষণভাগে ক্রিস্টিয়ান রোমেরো বা নিকোলাস তাগলিয়াফিকোদের অনুপস্থিতিতে সুযোগ পেয়েছিলেন লিওনার্দো বালের্দি, ফাকুন্দো মেদিনাদের মতো তরুণরা। আক্রমণভাগে হুলিয়ান আলভারেজদের সঙ্গে থিয়াগো আলমাদা কিংবা বদলি হিসেবে নামা রোমান ভেগা ও মাতিয়াস সুলেদের একসঙ্গে খেলার অভিজ্ঞতা আন্তর্জাতিক পর্যায়ে বেশ সীমিত। আর এই বাস্তবতাই ম্যাচের পর সংবাদ সম্মেলনে তুলে ধরেছেন কোচ।

তরুণদের নিয়ে কথা বলতে গিয়ে সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘ওরা সব তরুণ ছেলে এবং আমরা বিশ্বাস করি সঠিক মুহূর্তগুলো বেছে নেওয়া জরুরি। দুর্ভাগ্যবশত, আজ ওদের ফুটবল উপভোগ করার মতো সঠিক পরিবেশ আমরা তৈরি করে দিতে পারিনি। আমাদের ধৈর্য ধরতে হবে, কারণ ওরা এমন কিছু তরুণ যারা দলের জন্য নিজেদের উজাড় করে দেবে। তবে আমরা এটা আশা করতে পারি না যে এখনই ওরা দলটাকে নিজেদের কাঁধে বয়ে বেড়াবে। কাজটা বেশ কঠিন, বিশেষ করে এমন এক দুর্দান্ত প্রতিপক্ষের বিপক্ষে।’ 

ম্যাচে ২-০ গোলে পিছিয়ে পড়ার পর দলের লড়াকু মানসিকতা এবং সার্বিক পারফরম্যান্স নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন স্কালোনি। প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা এবং ইতিবাচক দিকগুলো নিয়ে আলবিসেলেস্তেদের কোচ বলেন, ‘ফল ছাপিয়ে এই ম্যাচে বিশ্লেষণ করার মতো বেশ কিছু ইতিবাচক বিষয় রয়েছে। লজিক্যালি কিছু জায়গা আমাদের ঠিক করতে হবে। আমরা জানতাম ওরা বেশ কঠিন প্রতিপক্ষ হবে। আমাদের ঠিক এটাই করে যেতে হবে, কাজ চালিয়ে যাওয়া। দল যেভাবে দুই গোল খাওয়ার পর প্রতিক্রিয়া দেখিয়েছে, তাতে আমি সন্তুষ্ট। দল ঘুরে দাঁড়িয়েছে এবং ধৈর্য দেখিয়েছে। তবে আমি আরও বেশি উচ্চ তীব্রতা ও প্রতিপক্ষের মাঠে গিয়ে বল কেড়ে নেওয়ার সেই ভয়ডরহীন মানসিকতা দেখতে চেয়েছিলাম।’ 

দল পুনর্গঠনের এই জটিল প্রক্রিয়ায় হারের চেয়েও তরুণদের মানিয়ে নেওয়ার সুযোগ করে দেওয়াকে বেশি প্রাধান্য দিচ্ছেন স্কালোনি। দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা জানিয়ে তিনি আরও বলেন, ‘আমরা চাই এই ছেলেদের এই জার্সিতে খেলার অভ্যস্ত হওয়ার সুযোগ করে দিতে। পরিকল্পনা এমন নয় যে দলটা ক্রমাগত ভেঙে পড়বে। আমরা এই ছেলেদের আরও কিছুটা স্থিতিশীলতা দিতে চাই। যখন আমি ধৈর্যের কথা বলি, তখন দলগত ও প্রক্রিয়াগত ধৈর্যের কথাই বলি। এই খেলোয়াড়দের শান্ত থেকে খেলতে হবে। আমরা তো আগেই জানি যে বড় তারকারা এখন দলে নেই, আর যারা আছে তারা কতটা ভালো সেটা আমরা জানি। আমাদের তাদের সময় দিতে হবে এবং সেই সুযোগ আমাদের হাতে আছে। আমরা এভাবেই লড়ে যাব। তরুণরা এসেই ম্যাচ জিতিয়ে দেবে, এমনটা যেন আমরা না ভাবি। আশা করি সেটাই হবে, তবে তাদের ওপর সেই অতিরিক্ত দায়িত্বের বোঝা চাপাবেন না।’ 

এদিকে, প্রীতি ম্যাচে প্রায় তিন দশক পর ঘরের মাঠে হারের এই রেকর্ড এবং গোলরক্ষক জেরোনিমো রুলির অধিনায়ক হিসেবে অভিষেক নিয়েও কথা বলেছেন স্কালোনি। অভিষেক ম্যাচেই অধিনায়ক হওয়া রুলিকে নিয়ে তিনি বলেন, ‘জেরো (রুলি) পুরোপুরি আস্থার প্রতীক। আমার কোনো আক্ষেপ নেই, হজম করা গোলগুলোর সঙ্গে ওর কোনো সম্পর্ক ছিল না। আমরা ওর পারফরম্যান্সে খুশি।’

আগামী বুধবার বাংলাদেশ সময় ভোর ৫টায় কোস্টারিকার বিপক্ষে নিজেদের পরবর্তী প্রীতি ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা। সেই ম্যাচ প্রসঙ্গে স্কালোনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, একাদশে কিছু পরিবর্তন আসবে এবং তরুণদের কেউ কেউ আবারও নিজেদের প্রমাণের সুযোগ পাবেন। ‘আমাদের সামনে এগিয়ে যেতে হবে। সেটা করতে আমরা বাধ্য। কারণ আমরা আর্জেন্টিনা জাতীয় দল এবং সবসময় আমাদের সর্বোচ্চ পর্যায়ে লড়াই করতে হয়। উন্নতির একমাত্র পথ হলো ম্যাচ খেলা এবং তরুণদের সেই সুযোগটা দেওয়া।’ 

সর্বশেষ সর্বাধিক পঠিত