বিশ্বজুড়ে বক্স অফিসে ১ হাজার ১০০ কোটি রুপি আয়ের মাইলফলক অতিক্রম করেছে রণবীর কাপুর ও যশ অভিনীত সিনেমা ‘রামায়ণ’। মুক্তির নবম দিনে সিনেমাটির আয় দাঁড়িয়েছে ১ হাজার ১১০ কোটি ৭০ লাখ রুপি। তবে দুই পর্বের সিনেমাটি নির্মাণে সম্মিলিত বাজেট প্রায় ৪ হাজার কোটি রুপি।
নিতেশ তিওয়ারি পরিচালিত সিনেমাটিতে রামের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর, রাবণের ভূমিকায় যশ এবং সীতার চরিত্রে সাই পল্লবী। গুরুত্বপূর্ণ চরিত্রে আরও রয়েছেন রবি দুবে, লারা দত্ত ও অরুণ গোভিল।
১৪ নভেম্বর প্রকাশিত এনডিটিভি প্রফিটের প্রতিবেদন অনুযায়ী, ভারতে সিনেমাটির নিট আয় ৬১২ কোটি ৪৫ লাখ রুপি। দেশটিতে গ্রস আয় ৭৩২ কোটি ২০ লাখ রুপি। বিদেশের বাজার থেকে এসেছে ৩৭৮ কোটি ৫০ লাখ রুপি। সব মিলিয়ে বিশ্বব্যাপী আয় ১ হাজার ১১০ কোটি ৭০ লাখ রুপি।
অন্যদিকে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, দুই পর্বের ‘রামায়ণ’ নির্মাণে সম্মিলিত বাজেট প্রায় ৪ হাজার কোটি রুপি। অর্থাৎ প্রতি পর্বের গড় বাজেট প্রায় ২ হাজার কোটি রুপি। তবে এই হিসাবের মধ্যে নির্মাণ ও প্রচার-প্রচারণার খরচও রয়েছে।
সিনেমাটির দ্বিতীয় পর্ব মুক্তির পরিকল্পনা রয়েছে ২০২৮ সালের দীপাবলিতে। ফলে দুই পর্ব মিলিয়ে শেষ পর্যন্ত এই বিশাল বিনিয়োগ কতটা ব্যবসায়িক সাফল্য এনে দেয়, তা নিয়ে দর্শক ও চলচ্চিত্রসংশ্লিষ্টদের আগ্রহ রয়েছে।