একটি কণ্ঠ, অসংখ্য ভাষা, হাজারো গান! কখনো গজলের মায়াবী সুরে, কখনো পপসংগীতের উচ্ছ্বাসে, আবার কখনো বাংলা গানের আবেগে—যে কণ্ঠ কয়েক প্রজন্মের হৃদয়ে জায়গা করে নিয়েছে, তিনি উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। সময় বদলেছে, বদলেছে সংগীতের ধারা ও প্রজন্ম; কিন্তু তাঁর কণ্ঠের জাদু আজও অমলিন।
১৭ নভেম্বর ১৯৫২ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের সিলেটে জন্মগ্রহণ করেন রুনা লায়লা। বাবা সৈয়দ মোহাম্মদ এমদাদ আলী ছিলেন সরকারি কর্মকর্তা, মা আমেনা লায়লা ছিলেন সংগীতশিল্পী। সংগীতের আবহেই বেড়ে ওঠা তাঁর। বাবার চাকরির সুবাদে শৈশব কাটে পাকিস্তানের লাহোরে। সেখানেই সংগীতের প্রতি গভীর ভালোবাসা তৈরি হয়।
মাত্র ১২ বছর বয়সে, ১৯৬৪ সালে উর্দু চলচ্চিত্র ‘জুগনু’র ‘গুড়িয়াসি মুন্নি মেরি’ গান দিয়ে প্লেব্যাক সংগীতে যাত্রা শুরু। এরপর পাকিস্তান টেলিভিশনে নিয়মিত সংগীত পরিবেশনা এবং চলচ্চিত্রের গানে নিজের স্বতন্ত্র পরিচয় তৈরি করেন তিনি। বাংলাদেশের স্বাধীনতার আগেই চলচ্চিত্রের গানে প্রতিষ্ঠা পান এই শিল্পী।
বাংলা, হিন্দি, উর্দু, পাঞ্জাবি, গুজরাটি, সিন্ধি, বেলুচি, পশতু, ফারসি, আরবিসহ ১৮টি ভাষায় ১০ হাজারের বেশি গান গেয়েছেন রুনা লায়লা। ১৯৭৪ সালে কলকাতায় রেকর্ড করেন কালজয়ী বাংলা গান ‘সাধের লাউ’। একই সময়ে ভারতীয় সংগীতাঙ্গনেও তাঁর জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে। ‘দমাদম মাস্ত কালান্দার’ গানটি তাঁকে আন্তর্জাতিক পরিচিতি এনে দেয়। গজল, লোকসংগীত, আধুনিক ও চলচ্চিত্রের গান—প্রতিটি ধারায় রেখেছেন অনন্য স্বাক্ষর।
কণ্ঠশিল্পীর পাশাপাশি সুরকার হিসেবেও সফল রুনা লায়লা। তাঁর সুরে গান গেয়েছেন আশা ভোঁসলে, হরিহরণ, রাহাত ফতেহ আলী খান ও আদনান সামীর মতো শিল্পীরা। ‘একটি সিনেমার গল্প’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ সুরকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি। পেয়েছেন দেশ-বিদেশের অসংখ্য পুরস্কার ও সম্মাননা।
ব্যক্তিগত জীবনেও রয়েছে তাঁর ভালোবাসার গল্প। ১৯৯৯ সালে চিত্রনায়ক আলমগীরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন রুনা লায়লা। আগের সংসারে তাঁর একমাত্র মেয়ে তানি লায়লা। আলমগীরের আগের ঘরের মেয়ে সংগীতশিল্পী আঁখি আলমগীরও তাঁদের পরিবারের সদস্য। স্বামী, সন্তান ও পরিবারের ভালোবাসায় সংগীতের বাইরেও তাঁর জীবনে রয়েছে আপন এক জগৎ।
দীর্ঘ সংগীতজীবনের এই পর্যায়েও নতুন প্রজন্মের শিল্পীদের উৎসাহ দেন তিনি। গান শোনা ও ভালো লাগলে শিল্পীদের প্রশংসা করাকে নিজের ভালো লাগার অংশ মনে করেন। স্টেজ শোয়ের ব্যস্ততা আগের তুলনায় কমলেও সংগীতের প্রতি ভালোবাসা কমেনি তাঁর।
৭৪ বছরে পা রাখছেন রুনা লায়লা। তাঁর গান কখনো প্রেমের স্মৃতি, কখনো বিরহের দীর্ঘশ্বাস, কখনো জীবনের কঠিন সময়ে সান্ত্বনা হয়ে বেঁচে থাকবে শ্রোতার হৃদয়ে। কারণ, কিছু শিল্পী শুধু গান করেন না, তাঁরা সময়কে সুরে বেঁধে রাখেন। রুনা লায়লা তেমনই এক নাম।
শুভ জন্মদিন, উপমহাদেশের সুরসম্রাজ্ঞী! আপনার কণ্ঠের মায়া বেঁচে থাকুক আরও বহু প্রজন্মের ভালোবাসায়।