দেশে ফ্যাসিবাদের স্থান হবে না: জামায়াত আমির

আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ০৮:২৮ পিএম

দেশে আর কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান দেখতে চায় না জনগণ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।

সোমবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় রাজধানীর আল ফালাহ মিলনায়তনে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ারের সঞ্চালনায় বৈঠকে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ এবং কর্মপরিষদের পুরুষ ও নারী সদস্যরা উপস্থিত ছিলেন।

বৈঠকের শুরুতে ডা. শফিকুর রহমান মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শহীদদের স্মরণ করেন। তিনি বলেন, দেশ, জাতি ও জামায়াত বর্তমানে নানা চ্যালেঞ্জের মুখোমুখি। এসব পরিস্থিতি মোকাবিলা করে দেশ, জাতি ও উম্মাহর কল্যাণে কাজ চালিয়ে যেতে হবে।

সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে জামায়াত আমির বলেন, দুনিয়ার অর্জন নয়, আখিরাতই তাঁদের প্রধান লক্ষ্য হওয়া উচিত। দৈনন্দিন জীবন ও সাংগঠনিক কর্মকাণ্ডে এ বিশ্বাসের প্রতিফলন ঘটাতে হবে। নৈতিকতা, আদর্শ ও দ্বীনি মূল্যবোধ ধারণের পাশাপাশি দায়িত্ব পালনে স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।

দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক ঘটনাবলির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে ডা. শফিকুর রহমান বলেন, এসব ঘটনা নিয়ে সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের বক্তব্য জাতিকে হতাশ করেছে। জননিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকারকে অবিলম্বে কার্যকর উদ্যোগ নিতে হবে। জনগণ এমন বাংলাদেশ দেখতে চায়, যেখানে ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের কোনো জায়গা থাকবে না।

জুলাই গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ২০২৪ সালের জুলাইয়ে এক হাজার ৪০০-এর বেশি মানুষের আত্মত্যাগ এবং হাজার হাজার মানুষের আহত হওয়ার মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশে গণভোটের ম্যান্ডেট বাস্তবায়ন সময়ের দাবি। সংসদে জামায়াত একটি দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করবে। জনগণের পক্ষে কথা বলবে এবং কোনো অন্যায়ের সঙ্গে আপস করবে না। জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরের দাবিতেও দলটি অনড় থাকবে বলে জানান তিনি।

বিরোধীদলীয় নেতা আরও বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ নিয়ে পর্দার আড়ালে কী হচ্ছে, তা জনগণের জানার অধিকার রয়েছে। এ বিষয়ে সংসদে ইতোমধ্যে নোটিশ দেওয়া হয়েছে। সেখানে এসব বিষয়ে জবাব না পাওয়া গেলে জনগণের সামনে বিষয়গুলো তুলে ধরা হবে। এ জন্য দলীয় দায়িত্বশীলদের জনগণের আস্থা ও ভালোবাসা অর্জন করে দেশ ও জাতির সেবায় প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।

বৈঠকে দলের ২০২৭ সালের বার্ষিক পরিকল্পনা, সাংগঠনিক কার্যক্রম এবং দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত