শাপলা চত্বর মামলা: ভার্চ্যুয়ালি হাজিরা দেবেন জিয়াউল

আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ পিএম

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে আর সরাসরি ট্রাইব্যুনালে হাজির করতে হবে না। এখন থেকে তাকে কারাগার থেকে ভার্চ্যুয়ালি হাজির করার আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (১৬ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন।

প্রসিকিউটর গাজী এম এইচ তামীম জানান, ট্রাইব্যুনাল-১-এ বিচারাধীন একটি মামলায়ও জিয়াউল আহসানকে ভার্চ্যুয়ালি হাজির করা হয়। 

এবার প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল-২ শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায়ও তাকে ভার্চ্যুয়ালি হাজির করার আদেশ দিয়েছেন। জিয়াউল আহসান ছাড়াও অন্য কোনো আসামি অসুস্থ হলে বা ঔদ্ধত্যপূর্ণ আচরণ করলে তাদেরও ভার্চ্যুয়ালি হাজির করা যাবে।
শাপলা চত্বর হত্যা মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে পরবর্তী শুনানির জন্য ২৩ নভেম্বর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আদালতে আসামিপক্ষে ছিলেন ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান, ব্যারিস্টার মাহবুব শফিক, সিফাত মাহমুদ শুভ ও রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন।

প্রসিকিউশনের পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

এ মামলায় গ্রেপ্তার আসামিরা হলেন সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাবেক খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, সাবেক পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু, সাবেক আইজিপি একেএম শহীদুল হক, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডল, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, একাত্তর মিডিয়া লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা।

সর্বশেষ সর্বাধিক পঠিত