নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজের ত্রুটির কারণে গত শুক্রবার যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচল বন্ধের নির্দেশ জারি করেছিল দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। প্রায় ৪ ঘণ্টা ২০ মিনিট পর পুনরায় বিমানযাত্রা শুরু হলেও, এতে দেশব্যাপী যে বিশৃঙ্খলা ও জট তৈরি হয়েছে তা তিন দিনেও স্বাভাবিক হয়নি। গত রবিবারও যুক্তরাষ্ট্রে ১১ হাজার ৫০০ ফ্লাইট বিঘিœত হয়েছে। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়্যারের তথ্যের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, এদিন প্রায় ২১০০ ফ্লাইট বাতিল এবং ৯৪০০ ফ্লাইট বিলম্বিত হয়েছে। যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফির প্রত্যাশা, স্থানীয় সময় সোমবারের মধ্যে অচলাবস্থা স্বাভাবিক হয়ে আসতে পারে।
ওয়েবসাইটটির তথ্য অনুযায়ী, গত শনিবার ৬ হাজার ৪০০টিরও বেশি উড়োজাহাজের চলাচল বাতিল করা হয়েছিল। বিলম্বিত হয়েছিল ৮ হাজারের বেশি উড়োজাহাজের চলাচল। সংবাদমাধ্যম এবিসির ‘দিস উইক’-এ অংশ নিয়ে পরিবহনমন্ত্রী শন ডাফি বলেন, এ ঘটনায় সাইবার হামলার কোনো তথ্যপ্রমাণ মেলেনি। বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বেসামরিক উড়োজাহাজ চলাচল কর্র্তৃপক্ষ যাত্রীদের সুরক্ষার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলেও জানান শন ডাফি। উড়োজাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান জেটব্লু জানায়, রবিবার তাদের ২৮ শতাংশ উড়োজাহাজের চলাচল বাতিল করা হয়েছে। আর আমেরিকান এয়ারলাইনস তাদের ১৭ শতাংশ উড়োজাহাজের চলাচল বাতিল করার কথা জানিয়েছে। ইউনাইটেড এয়ারলাইনস ৩ শতাংশ এবং ডেল্টা তাদের ৫ শতাংশ উড়োজাহাজের চলাচল বাতিলের খবর দিয়েছে।
পরিবহনমন্ত্রী শন ডাফি জানান, পুরনো তামার তার বদলে উচ্চগতির ফাইবার কেব্ল বসানোর রক্ষণাবেক্ষণ কাজ চলার সময় উড়োজাহাজের সঙ্গে যোগাযোগ ও রাডার সংকেতে ‘সমস্যা’ দেখা দেয়। সাংবাদিকদের তিনি বলেন, ‘ঠিকাদারের ভুল বা কোনো ত্রুটিপূর্ণ যন্ত্রাংশের কারণে আমাদের আকাশপথ নিয়ন্ত্রণব্যবস্থার রাউটারে অতিরিক্ত চাপ তৈরি হয়েছিল। তবে অচলাবস্থার পেছনে প্রকৃত কারণ এখনো জানাতে পারেনি এফএএ।’ তদন্তের বিষয়ে জানেন এমন দুজন ব্যক্তি জানান, রাউটার বসানোর কাজটি নির্বিঘেœই সম্পন্ন হয়েছিল। তাদের একজন জানান, এফএএ-এর যোগাযোগব্যবস্থায় সমস্যাগুলো দেখা দেয় রাউটার পরিবর্তনের কাজ ‘সফলভাবে’ শেষ হওয়ার পরে। কর্মকর্তারা আরও জানান, এ প্রক্রিয়ার প্রতিটি ধাপের বিস্তারিত কার্যপদ্ধতি এফএএ-এর কাছে জমা দেওয়া হয়েছে। শন ডাফি আরও বলেন, সমস্যা দেখা দেওয়া রাউটারগুলো ২০০১ সালে কেনা হয়েছিল। ২০০৬ সালের মধ্যে সেগুলো সেকেলে হয়ে যায়। এফএএ জানিয়েছে, সমস্যা সৃষ্টিকারী রাউটারগুলোর কার্যকারিতা নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে। পাশাপাশি এয়ার ট্র্যাফিক কন্ট্রোল ব্যবস্থায় থাকা একই ধরনের প্রায় ৬০টি রাউটারের ক্ষেত্রেও একই পদক্ষেপ নেওয়া হয়েছে। সাম্প্রতিক অচলাবস্থার পরপর শন ডাফি এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেম আধুনিকায়নের জন্য ৫ হাজার কোটি ডলার বরাদ্দের দাবি জানান। এর আগে তিনি ৩ হাজার কোটি ডলারের অনুরোধ জানিয়েছিলেন। অথচ যুক্তরাষ্ট্রের কংগ্রেস গত বছর এ খাতে মাত্র ১ হাজার ২৫০ কোটি ডলারের বরাদ্দ অনুমোদন করেছে।
গত শুক্রবার যুক্তরাষ্ট্রজুড়ে বিমানবন্দরগুলো থেকে উড়োজাহাজের উড্ডয়ন বাতিলের ঘোষণা দেয়। সাময়িক এ অচলাবস্থা চার ঘণ্টারও বেশি সময় ধরে চলে। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে আল-কায়েদার সন্ত্রাসী হামলার পর এটাই দেশটিতে সবচেয়ে দীর্ঘ সময় ধরে উড়োজাহাজ চলাচল বন্ধ থাকার ঘটনা।