তেলসমৃদ্ধ পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে আবারও উত্তেজনা বাড়ছে। উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র নিজের সামরিক সক্ষমতা বাড়াচ্ছে। সে পরিকল্পনার অংশ হিসেবে সংঘাতময় অঞ্চলটিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের আরও একটি বিমানবাহী রণতরী- ইউএসএস থিওডোর রুজভেল্ট। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের আওতাধীন অঞ্চলে মোতায়েন করা বিমানবাহী রণতরীর সংখ্যা দাঁড়াল তিনটিতে। গতকাল সোমবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তবে ওয়াশিংটনের এই পদক্ষেপে কড়া বার্তা দিয়েছে তেহরান। কূটনৈতিক আলোচনা চালিয়ে যাওয়ার আড়ালে যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালানোর পাঁয়তারা করছে বলে অভিযোগ তুলেছে দেশটি। ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি হুঁশিয়ারি দিয়ে বলেন, এমন হলে ইরান আগেই হামলা চালাবে। যুক্তরাষ্ট্রের হামলার জন্য তেহরান অপেক্ষা করে থাকবে না।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিও নতুন সংঘাতের বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন। তিনি বলেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র যতই আত্মবিশ্বাসী হোক না কেন, তাদের পরাজয়ের মুখোমুখি হতে হবে। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাগচি লেখেন, ‘তলোয়ার হাতে থাকা ব্যক্তির সামনে আইনের কথা বলো না কথাটি একজন রোমান সেনাপতির। অথচ শেষ সামরিক অভিযানে তাকে শোচনীয় পরাজয় মেনে নিতে হয়। যদিও সংখ্যার বিবেচনায় তিনি এগিয়ে ছিলেন। যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যান। পরে তার শিরেদ করা হয়েছিল।’ আরাগচি আরও লেখেন, ‘এটার চেয়ে ভালো নীতিবাক্য হলো : যারা অতীত ভুলে যান, তারাই এর পুনরাবৃত্তি করতে বাধ্য হন।’ এর আগে, গত রবিবার বাহরাইনের আল-রিফা বিমানঘাঁটিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থার রাডারে ছয়টি ড্রোন দিয়ে সফল হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। গত তিন দিনের মধ্যে এটি ছিল দেশটিতে ইরানের দ্বিতীয় ড্রোন হামলা। এমন পরিস্থিতিতে বাহরাইনে যুক্তরাষ্ট্রে দূতাবাস অবস্থানরতদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ সাত মাস পেরিয়ে যাওয়ার প্রেক্ষাপটে রণতরীটির এই আগমন ঘটল। এর ফলে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের ২০ হাজারের বেশি নাবিক ও মেরিন সেনার পাশাপাশি শত শত যুদ্ধবিমান মোতায়েন রয়েছে। বিষয়টির সঙ্গে জানাশোনা রয়েছে যুক্তরাষ্ট্রের এমন একজন কর্মকর্তা (নাম প্রকাশ করা হয়নি) আলজাজিরাকে বলেন, রণতরী ইউএসএস থিওডর রুজভেল্ট এরই মধ্যে উপসাগরীয় অঞ্চলে পৌঁছেছে। অঞ্চলটিতে আগে থেকেই ওয়াশিংটনের দুটি রণতরী রয়েছে। ওই কর্মকর্তা জানান, বিমানবাহী রণতরী ইউএসএস থিওডর রুজভেল্ট সেখানে সেই দুটির সঙ্গে যুক্ত হয়ে সেন্টকমের দায়িত্বাধীন এলাকায় কার্যক্রম চালাবে। তবে পেন্টাগন কিংবা সেন্ট্রাল কমান্ড এখন পর্যন্ত বিমানবাহী রণতরীটি মোতায়েনের সময়সূচি নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানায়নি।
হরমুজে আরও দুই জাহাজে বিস্ফোরণ
হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে আরও দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার এ তথ্য জানিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। আইআরজিসি বলছে, গত দুদিনে ৬টি ট্যাংকারে মাইনের আঘাতে আগুন লেগেছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, হরমুজ প্রাণলির দক্ষিণে ‘অননুমোদিত’ পথে চলার সময় দুটি তেলবাহী জাহাজে মাইন আঘাত হানে। মাইন বিস্ফোরণের পর দুটিতেই আগুন ধরে। এর একটি সুপার ট্যাংকার; এতে ২০ লাখের বেশি ব্যারেল (প্রায় ৩১ কোটি ৮০ লাখ লিটার) অপরিশোধিত তেল ছিল। আইআরজিসির ভাষ্য, মাইনের আঘাতে আগুন ধরার পর জাহাজটি ডুবে যায়। তবে এসব ঘটনার সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি এএফপি। জাহাজ দুটির নাম বা সেগুলো কোন দেশের, তাও জানায়নি আইআরজিসি।
ইরানের দাবিমতে, গত ছয় দিনে হরমুজে মোট ১১টি তেলবাহী জাহাজে মাইন আঘাত হানে ও আগুন লাগে। তবে জাহাজগুলোর নাম-পরিচয় না থাকায় এগুলো ১১টি আলাদা জাহাজ কি না, তা স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একযোগে ইরানে হামলা শুরু করে। যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে কড়াকড়ি আরোপ করে তেহরান। জাহাজগুলোকে ইরানের অনুমোদিত পথ ব্যবহার করতে হচ্ছে। অনুমতি ছাড়া চলা জাহাজগুলোকে নিয়মিত নিশানা করেছে দেশটি। এর জবাবে ইরানের বন্দরগুলোতে নৌ-অবরোধ দিয়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধের আগে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল এই পথ দিয়ে পরিবাহিত হতো।