দপ্তরে নয়, সেবা পৌঁছাবে নাগরিকের হাতের মুঠোয়

আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ১২:৩০ এএম

মোহাম্মদ আশরাফুল আমীন

প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সচিব, চট্টগ্রাম সিটি করপোরেশন

চট্টগ্রাম বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী ও অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। বন্দর, শিল্প, ব্যবসা-বাণিজ্য ও পর্যটনের অপার সম্ভাবনাময় এই নগরীতে প্রায় ৭২ লাখ মানুষের বসবাস। নগরীর আনুমানিক ৮১ শতাংশ নাগরিক শিক্ষিত, প্রায় ৫৫ লাখ মোবাইল সিম ব্যবহৃত হয় এবং প্রায় ৬৫% নাগরিকের ইন্টারনেট ব্যবহারের সক্ষমতা রয়েছে। এই বাস্তবতা চট্টগ্রাম নগরীতে প্রযুক্তিনির্ভর নাগরিক সেবা সম্প্রসারণের একটি উল্লেখযোগ্য সুযোগ তৈরি করেছে। এই বাস্তবতায় চট্টগ্রাম সিটি করপোরেশনের মাননীয় প্রশাসক (সাবেক মেয়র)-এর দিকনির্দেশনায় একটি ক্লিন (পরিচ্ছন্ন), গ্রিন (সবুজ), হেলদি (স্বাস্থ্যকর), সেইফ (নিরাপদ) এবং স্মার্ট সিটি চট্টগ্রাম গড়ে তোলার মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। জন্ম ও মৃত্যু নিবন্ধন, নাগরিক সনদ, ট্রেড লাইসেন্স, হোল্ডিং ট্যাক্সসহ নিত্যপ্রয়োজনীয় সেবা গ্রহণে নাগরিকদের সময় ও যাতায়াত ব্যয় হ্রাস, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ এবং অপ্রয়োজনীয় হয়রানি প্রতিরোধই এই উদ্যোগের মূল লক্ষ্য। ‘সবার জন্য সেবা’ এই মূল দর্শনকে সামনে রেখে নিশ্চিত করা হচ্ছে। এ লক্ষ্যে তিনটি সমন্বিত পদ্ধতিতে সেবা প্রদানের পরিকল্পনা নেওয়া হয়েছে :

সেলফ-সার্ভিস (Self-Service): ইন্টারনেট ও প্রযুক্তি ব্যবহারে সক্ষম নাগরিকরা ওয়েব পোর্টাল ও মোবাইল অ্যাপের মাধ্যমে ঘরে বসেই আবেদন, নথি জমা, অনলাইন ফি পরিশোধ এবং ডিজিটাল সনদ সংগ্রহ করতে পারবেন।

অ্যাসিস্টেড সার্ভিস (Assisted Service) : প্রযুক্তিবঞ্চিত নাগরিকদের জন্য নগরীর প্রতিটি ওয়ার্ডে ওয়ান-স্টপ নাগরিক সেবা কেন্দ্র স্থাপন করা হবে, যেখানে প্রশিক্ষিত কর্মীরা সরাসরি আবেদন ও তথ্য এন্ট্রিতে সহায়তা দেবেন।

হোম সার্ভিস (Home Service): নাগরিক সুবিধা জনগণের দুয়ারে। পাশাপাশি সার্বক্ষণিক কল সেন্টার এবং প্রবীণ, প্রতিবন্ধী, নারী ও অসুস্থ ব্যক্তিদের জন্য বিশেষ ‘হোম ডেলিভারি বা ডোরস্টেপ সার্ভিস’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে বিশেষ চাহিদাসম্পন্ন নাগরিকদের দপ্তরে আসার প্রয়োজন না হয়।

স্মার্ট চট্টগ্রাম বাস্তবায়নের মূল উদ্যোগসমূহ

১. সমন্বিত ডিজিটাল নাগরিক সেবা পোর্টাল প্রতিষ্ঠা : একক লগইন (Single Sign On) ব্যবস্থার আওতায় একটি কেন্দ্রীয় পোর্টাল গড়ে তোলা হবে, যেখানে সব নাগরিক সেবা সংযুক্ত থাকবে। স্বতন্ত্র ট্র্যাকিং নম্বর ও স্বয়ংক্রিয় নোটিফিকেশনের মাধ্যমে আবেদনকারীরা ঘরে বসেই সেবার অগ্রগতি জানতে পারবেন।

২. ওয়ার্ডভিত্তিক ওয়ান-স্টপ নাগরিক সেবা কেন্দ্র স্থাপন : নগরীর প্রতিটি ওয়ার্ডে একটি করে ওয়ান-স্টপ সার্ভিস সেন্টার স্থাপন করা হবে, যা মূল কার্যালয়ের সঙ্গে যুক্ত থাকবে। এতে নাগরিকরা একই ছাদের নিচে আবেদন, তথ্য যাচাই ও পেমেন্টের সুবিধা পাবেন।

৩. ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপকে পূর্ণাঙ্গ সেবা প্ল্যাটফর্মে রূপান্তর : বিদ্যমান ‘আমাদের চট্টগ্রাম’ মোবাইল অ্যাপটিকে আরও সমৃদ্ধ করে পূর্ণাঙ্গ নাগরিক সেবা প্ল্যাটফর্মে রূপান্তর করা হবে। এর মাধ্যমে নাগরিকরা সমস্যা ও অভিযোগ জানানোর পাশাপাশি সব ধরনের সনদ, লাইসেন্স ও কর সংক্রান্ত সেবা অনলাইনেই গ্রহণ করতে পারবেন।

৪. সার্বক্ষণিক নাগরিক সহায়তা ও কল সেন্টার স্থাপন : সেবা সংক্রান্ত তথ্য প্রদান, আবেদন প্রক্রিয়ায় সহায়তা এবং অভিযোগ নিষ্পত্তির জন্য একটি সার্বক্ষণিক কল সেন্টার চালু করা হবে, যা অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তা অনুসরণ করবে।

৫. ওয়ার্ডভিত্তিক ডিজিটাল কিয়স্ক স্থাপন : স্মার্টফোন বা ইন্টারনেট সুবিধাবঞ্চিত নাগরিকদের জন্য প্রতিটি ওয়ার্ডের গুরুত্বপূর্ণ স্থানে ডিজিটাল কিয়স্ক স্থাপন করা হবে, যেখান থেকে সহজেই তথ্য সংগ্রহ, আবেদন ও ফি পরিশোধ করা যাবে।

৬. ক্যাশলেস সিটি : ডিজিটাল লেনদেন নিশ্চিতকরণ : নগদ অর্থের ওপর নির্ভরতা কমিয়ে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, ব্যাংকিং অ্যাপ, কার্ড ও কিউআর কোডের মাধ্যমে কর ও ফি আদায়ের জন্য সমন্বিত ডিজিটাল পেমেন্ট গেটওয়ে চালু করা হবে। তাৎক্ষণিক ডিজিটাল রসিদ ও স্বয়ংক্রিয় হিসাব সংরক্ষণের ফলে রাজস্ব আদায়ে পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত হবে।

৭. কেন্দ্রীয় পরিবীক্ষণ ও জবাবদিহি নিশ্চিতকরণ : প্রধান কার্যালয়ে একটি কেন্দ্রীয় ডিজিটাল পরিবীক্ষণ কেন্দ্র স্থাপনের মাধ্যমে সব ওয়ার্ডের সেবা কার্যক্রম, নিষ্পত্তির সময়সীমা ও সেবার মান নিয়মিত পর্যবেক্ষণ করা হবে। পাশাপাশি জনবলের দক্ষতা উন্নয়ন এবং নাগরিকদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

পর্যায়ক্রমিক কর্মপরিকল্পনার মাধ্যমে এই উদ্যোগগুলো বাস্তবায়িত হলে চট্টগ্রাম সিটি করপোরেশনের সেবা ব্যবস্থায় এক মৌলিক ও গুণগত পরিবর্তন আসবে। মাননীয় প্রশাসক (সাবেক মেয়র)-এর ভিশন অনুযায়ী একটি পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যকর, নিরাপদ এবং প্রযুক্তিনির্ভর আধুনিক স্মার্ট চট্টগ্রাম বিনির্মাণের মাধ্যমে নাগরিক সন্তুষ্টিই হবে সেবা প্রদানের প্রধান মানদ-।

সর্বশেষ সর্বাধিক পঠিত