প্রশ্ন : মেয়র ও প্রশাসক হিসেবে দুই বছর। দুই পরিচয়ের পার্থক্য কীভাবে দেখছেন?
ডা. শাহাদাত হোসেন : পরিচয় দুটি হলেও কাজ কিন্তু একই। আমরা রাজনীতিবিদ, আমাদের সঙ্গে মেয়র পরিচয়টা বেশি যায়। তারপরও সরকার যেহেতু দায়িত্ব দিয়েছে প্রশাসক হিসেবে তাই আমি কাজ করে যাচ্ছি। আমি আশা করব সরকার দ্রুত নির্বাচন দিয়ে এই পদে একজন জনপ্রতিনিধিকে মেয়র হিসেবে দায়িত্ব পালন করার সুযোগ করে দেবে।
প্রশ্ন : এই পদে যারা আগে দায়িত্ব পালন করেছেন তাদের সবাই ৪১টি ওয়ার্ডের জন্য ৪১ জন কাউন্সিলর পেয়েছেন। এতে মাঠ পর্যায়ে কাজ করতে সহজ হয়েছে। কিন্তু আপনার সময়ে কোনো কাউন্সিলর নেই। নগর পরিচালনায় এই চ্যালেঞ্জেস কীভাবে সামাল দিচ্ছেন ?
ডা. শাহাদাত হোসেন : এটা আমার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল। এজন্য আমাকে বাড়তি পরিশ্রম করতে হয়েছে। প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরতে হচ্ছে, স্থানীয় সমস্যাগুলো সমাধান করতে হচ্ছে। নগরবাসীর সেবা নিশ্চিত করতে চট্টগ্রামের বিভিন্ন সেবা ও উন্নয়ন সংস্থাগুলোকে সমন্বয়ের মাধ্যমে আমি কাজ করছি। এর সুফলও পাচ্ছে নগরবাসী।
প্রশ্ন : দুই বছরের এই সময়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কী ছিল ?
ডা. শাহাদাত হোসেন : আমি যখন মেয়র হিসেবে দায়িত্ব নিই তখন দেনার (ঋণ) পরিমাণ ছিল ৫৯৬ কোটি টাকা। পাহাড়সম এই দেনা কমিয়ে আনা আমার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল। আল্লাহর অশেষ রহমতে এবং অর্থ ও বাণিজ্যমন্ত্রীসহ সবার ঐকান্তিক প্রচেষ্টায় আমি এই ঋণ শূন্যে নামিয়ে আনতে পেরেছি। এতে সবচেয়ে বড় সাফল্য হলো চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ থেকে বছরে ২২৪ কোটি টাকা গৃহকর আদায়ের সিদ্ধান্ত। একই সঙ্গে বন্দরসংশ্লিষ্ট নগরীতে থাকা ৩৬টি বেসরকারি কনটেইনার ডিপো থেকেও বাণিজ্যিকহারে কর আদায়ের কাজ চলছে। আশা করছি এতেও সফলতা আসবে।
প্রশ্ন : আপনার দৃষ্টিতে এই দুই বছরের গুরুত্বপূর্ণ সফলতা কী ছিল বলে মনে করছেন?
ডা. শাহাদাত হোসেন : চট্টগ্রাম সিটি করপোরেশনকে ঋণমুক্ত করে স্বাবলম্বী করা হয়েছে। ইতিহাসের সর্বোচ্চ রাজস্ব ৫৫৬ দশমিক ৯৬ কোটি টাকা আদায় করা হয়েছে, ৪১ ওয়ার্ডে ২ হাজার ৪২৩ কোটি ৬৪ লাখ টাকার ৬৯৫টি উন্নয়ন কাজ করা হয়েছে, মেমন মাতৃসদন হাসপাতালের আধুনিকায়নের পাশাপাশি নগরীতে স্বাস্থ্যসেবায় ৪ লাখ ৯৫ হাজার রোগীকে সেবা প্রদান, নগরীর ৫৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৫ হাজার শিক্ষার্থীর মধ্যে হেলথ কার্য চালু করা, জবাবদিহি নিশ্চিতে ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপ চালু করা, জলাবদ্ধতা নিরসনে ৩৯টি খাল থেকে এক কোটি ঘনফুটের বেশি আবর্জনা ও মাটি উত্তোলন এবং ১ হাজার ৬০০ কিলোমিটার নালা পরিষ্কার করা হয়েছে।
প্রশ্ন : এই নগর নিয়ে আপনার আগামীর পরিকল্পনা কী?
ডা. শাহাদাত হোসেন : এই নগরকে পরিকল্পিত উপায়ে বিশে^র উন্নত শহরগুলোর মতো গড়ে তোলা অবশ্যই সম্ভব। তবে এজন্য সিটি গভর্নমেন্ট চালু করতে হবে। আর তা করা গেলে নগরীর সব উন্নয়ন কর্মকা-ের নিয়ন্ত্রণ মেয়রের হাতে থাকবে। এতে জবাবদিহি যেমন নিশ্চিত হবে তেমনিভাবে উন্নয়ন ও সেবায়ও গতি আসবে। নগরীর যাতায়াত ব্যবস্থায় গতি আনতে এলিভেটেড এক্সপ্রেসওয়ের সমান্তরালে বিমানবন্দর থেকে দেওয়ানহাট পর্যন্ত প্রধান সড়কের পাশে একটি আরসিসি রোড করতে চাই। এই নগরের জলাবদ্ধতা নিরসনে ২১টি খাল নিয়ে ৩ হাজার ৫০০ কোটি টাকার প্রকল্পের পাশাপাশি সিডিএর বাস্তবায়িত ৩৬ খালের রক্ষণাবেক্ষণ ও পরিচালনায় ২ হাজার ৮০০ কোটি টাকার প্রকল্প নেওয়া হচ্ছে। সেইফ ও স্মার্ট চট্টগ্রামের জন্য এআইভিত্তিক সিসিটিভি স্থাপন করা হচ্ছে, কোরিয়ান সরকারের অর্থায়নে আধুনিক ল্যান্ডফিল ও ২৯৮ কোটি টাকার বর্জ্য ব্যবস্থাপনা ইউনিট গড়ে তোলা হবে ও ১০ লাখ গাছ রোপণের মাধ্যমে গ্রিন সিটিতে রূপান্তর করতে কাজ চলমান রয়েছে।