চট্টগ্রাম সিটি করপোরেশনের দায়িত্ব গ্রহণের পর প্রথম বর্ষপূর্তি করেছিলেন মেয়র হিসেবে। আর দুই বছর পূর্তি অনুষ্ঠানে পদবি ছিল ‘প্রশাসক’। পদবি পরিবর্তন হলেও পরিবর্তন হয়নি দায়িত্ব ও কাজের। অতীতের মতো সামনের দিনগুলোতেও দায়িত্ব ও দায়বদ্ধতার জায়গা থেকে চট্টগ্রামকে ‘গ্রিন, ক্লিন, হেলদি, সেইফ অ্যান্ড স্মার্ট সিটি’ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন। আর নগরীর উন্নয়নে তার চিন্তাভাবনা ও কার্যক্রমকে অকুণ্ঠ সমর্থন জানিয়ে পাশে থাকার আশ্বাস দিয়েছেন সহযোদ্ধা রাজনীতিবিদ ও সরকারি বিভিন্ন সংস্থার শীর্ষ কর্মকর্তারা।
১৪ নভেম্বর দুপুরে নগরীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজন করা হয় সিটি প্রশাসক ও সাবেক মেয়র ডা. শাহাদাত হোসেনের দুই বছর পূর্তি অনুষ্ঠান। রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা, পেশাজীবী ও দলীয় নেতাকর্মীদের মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠানটি। অনুষ্ঠানে বিগত দুই বছরে তার দায়িত্ব পালনকালে করপোরেশনের কার্যক্রম পরিচালনা ও উন্নয়ন কর্মকা-ের জন্য উৎসাহিত করার পাশাপাশি বিভিন্ন পরামর্শ দেন বক্তারা। চট্টগ্রাম মন্ত্রী, এমপি, রাজনীতিবিদ ও বিভিন্ন সংস্থার শীর্ষ কর্মকর্তারা আগামীতে নগরবাসীর সেবা ও উন্নয়নে কাক্সিক্ষত লক্ষ্য অর্জনে পাশে থাকার আশ্বাসও দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন বর্তমান সরকার ও দলের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা হিসেবে পরিচিত ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। মেয়র ও প্রশাসক হিসেবে শাহাদাত হোসেনের কর্মকা-ের মূল্যায়ন করতে গিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনা বাস্তবায়নে ডা. শাহাদাত চট্টগ্রাম মহানগরীর উন্নয়নে কাজ করছেন। ছাত্রদল, নগর বিএনপি ও কেন্দ্রীয় সংগঠনের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন তিনি। তাছাড়া জিয়াউর রহমান ফাউন্ডেশনে কাজ করার সময় তারেক রহমানের মানবিক চিন্তাভাবনা ও দেশের মানুষের জন্য তার পরিকল্পনা বুঝতে পেরেছেন শাহাদাত। সেই লক্ষ্য বাস্তবায়নে এখন তিনি কাজ করছেন।
শাহাদাত হোসেনের জনসম্পৃক্ততা ও উন্নয়ন কর্মকা-ের প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, চট্টগ্রামের বাইরের বিভিন্ন জেলা থেকেও মানুষ সহযোগিতার জন্য তার কাছে আসেন। শাহাদাত নিজের সামর্থ্য অনুযায়ী সবাইকে সহযোগিতা করেন। নিজের সংসদীয় আসনের সিটি করপোরেশনভুক্ত দুইটি ওয়ার্ডে ১০০ কোটি টাকার উন্নয়ন কাজ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, কয়েক দিন আগে মেয়রের সঙ্গে বসে দক্ষিণ পাহাড়তলী ও জালালাবাদ ওয়ার্ডের উন্নয়নকাজের তথ্য নিয়েছেন।
নগরের বিভিন্ন সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দিয়ে মীর হেলাল বলেন, শাহাদাত হোসেন একা চাইলেই চট্টগ্রামের সব সমস্যার সমাধান করতে পারবেন না। সিটি করপোরেশন, জেলা প্রশাসন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে একসঙ্গে কাজ করতে হবে। এ কাজে সংসদ সদস্য ও রাজনৈতিক নেতাদেরও যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।
মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও চট্টগ্রাম-৯ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আবু সুফিয়ান বক্তব্যের শুরুতেই বলেন, ‘আজ আমরা এখানে এসেছি আমাদের প্রিয় মেয়রের দুই বছর পূর্তি অনুষ্ঠানে তাকে উৎসাহ দিতে এবং এটি জানাতে যে, আমরা অতীতেও তার পাশে ছিলাম, ভবিষ্যতেও তার পাশে থাকব।’ তিনি বলেন, সাবেক মেয়র ও বর্তমান প্রশাসক ডা. শাহাদাত হোসেন দায়িত্ব নেওয়ার পর থেকেই অত্যন্ত আন্তরিকতার সঙ্গে চট্টগ্রাম মহানগরীকে সুন্দর করে গড়ে তুলতে এবং নগরবাসীকে স্বাচ্ছন্দ্য ও স্বস্তি দিতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। আগামী দিনে দল, চট্টগ্রামবাসী ও সংশ্লিষ্ট সবাই তার এই কাজের যথাযথ মূল্যায়ন করবেন এই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম সিটি করপোরেশনে সফলভাবে দুই বছর দায়িত্ব পার করার জন্য অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর পক্ষ থেকে ডা. শাহাদাতকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, দৃশ্যমান বড় কিছু করে দেখানোর জন্য দুই বছর খুব দীর্ঘ কোনো সময় নয়; কিন্তু একজন মানুষের ‘নিয়ত’ বা মানসিকতা বোঝার জন্য এই দুই বছর সময়টি যথেষ্ট। গত দুই বছরে মেয়র সাহেবকে যেভাবে দেখেছি, তাতে উনার নিয়ত পরিষ্কারভাবে বুঝা গেছে। তিনি অসম্ভব রকমের আন্তরিক। প্রতিটি ওয়ার্ডে ফোকাস করে উনি যেভাবে কাজ করছেন, বিভিন্ন জায়গায় ছুটে বেড়াচ্ছেন, নিজের শ্রম ও সময় দিচ্ছেন তা সত্যিই প্রশংসনীয় এবং আমাদের তা স্বীকার করা উচিত।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী তার বক্তব্যে বলেন, ডা. শাহাদাত হোসেনের দায়িত্বকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের অনেকগুলো কাজের মধ্যে একটি অনন্য কাজ হলো ‘আমাদের চট্টগ্রাম’ নামের অ্যাপস চালু করা। এটি অত্যন্ত প্রশংসনীয় একটি উদ্যোগ। এর মাধ্যমে নগরবাসী সহজে বিভিন্ন সমস্যার সমাধান পাচ্ছেন। এ ধরনের সৃজনশীল চিন্তাভাবনাই মানুষকে আলাদাভাবে পরিচয় করিয়ে দেয়।
অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, ২০২১ সালের ২৭ জানুয়ারি সিটি করপোরেশন নির্বাচন নিয়ে অনেক ইতিহাস আছে। আমি সেই নির্বাচনে ডা. শাহাদাত হোসেনের চিফ কো-অর্ডিনেটর ছিলাম। এমন একটা সময় নির্বাচনটা হয়েছিল যখন কোথাও মিটিং করাও কঠিন ছিল। ওই নির্বাচনে জনগণের ভোটে শাহাদাত ভাই নির্বাচিত হলেও নির্বাচন কমিশন থেকে রেজাউল করিমকে মেয়র ঘোষণা দেওয়া হয়। পরবর্তী সময়ে আইনি প্রক্রিয়ায় ডা. শাহাদাত মেয়র হলেও বাস্তবিক পক্ষে তিনি জনগণের ভোটে নির্বাচিত মেয়র। আশা করি, তার নেতৃত্বে অবশ্যই এই চট্টগ্রাম গ্রিন, ক্লিন, হেলদি সিটিতে পরিণত হবে।
ভূমি প্রতিমন্ত্রী মীর হেলালকে ধন্যবাদ জানিয়ে শাহাদাত বলেন, আমি উনাকে বলেছি- এই চট্টগ্রামবাসীর জন্য আমি একটি ‘ওয়ান সিটি টু টাউন করতে চাই’। চরবাকলিয়াতে যে ৫৮০ একর জায়গা পড়ে আছে, ভূমিদস্যুরা সেটা দখল করে ফেলেছে। সেখানে ১২০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র, একটি পাখির অভয়ারণ্য, একটি ইকোপার্ক সেখানে করতে চাই। উনি সঙ্গে সঙ্গে বলেছেন, চট্টগ্রামবাসীর জন্য উনার পক্ষ থেকে যা যা করার উনি করবেন।
চসিক প্রশাসক বলেন, আমি মনে করি, আমাদের লক্ষ্য একটাই হওয়া উচিত ‘চট্টগ্রাম’। এই চট্টগ্রাম বাঁচলেই বাংলাদেশ বাঁচবে। যেভাবেই হোক এই চট্টগ্রামকে আমাদের বাঁচাতে হবে। আমি প্রথম থেকেই একটি গ্রিন, ক্লিন, হেলদি, সেইফ অ্যান্ড স্মার্ট সিটির স্বপ্ন দেখেছি। সিটি গভর্নমেন্ট মূল্যায়নে দেশ সেরা চট্টগ্রাম সিটি করপোরেশন। সেখানে ২০টি সূচকের প্রত্যেকটিতেই চট্টগ্রাম সিটি করপোরেশন প্রথম স্থান অধিকার করেছে। বাংলাদেশে প্রথম সাইকেল ট্র্যাক আমরা করেছি, যেটা বদলে যাওয়া চট্টগ্রামের একটা মাইলফলক। ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপসের মাধ্যমে বিভিন্ন সমস্যা সম্পর্কিত ৭ হাজার ১২০টি আবেদনের মধ্যে ৪ হাজার ২২২টির সমাধান হয়েছে। আরও ২ হাজার ৮৯৮টি প্রক্রিয়াধীন।
পৌর কর আদায়ে অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন। আমি যখন শপথ নিয়েছিলাম তখন ৫৯৬ কোটি টাকা দেনা ছিল। এখন আমাদের ৩২৫ কোটি টাকার মতো দেনা আছে। কিন্তু আমাদের ব্যাংকে প্রায় ২০০ কোটি টাকা জমা আছে। বন্দর থেকে আরও ২৫০ কোটি টাকা আমরা এখানে পাব। ওই দেনা দিয়ে আমাদের ব্যাংকে আরও ১৫০ কোটি টাকা থাকবে। অর্থাৎ দুই বছরের মাথায় আমরা এখন দেনাশূন্য। চট্টগ্রাম সিটি করপোরেশনকে দেনামুক্ত করে সেটাকে একটা স্বয়ংসম্পূর্ণ প্রতিষ্ঠানে পরিণত করতে পেরেছি এটা আমাদের একটা বড় সাফল্য।
চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে ও চসিকের সচিব আশরাফুল আমিনের স্বাগত বক্তব্যে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস এম নসরুল কদির, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মনোয়ারা বেগম, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. ফজলে রাব্বী, অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান, সিভিল সার্জন মো. সাজেদুর রহমান, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম, বিএমএ চট্টগ্রামের সাবেক সাধারণ সম্পাদক ডা. খুরশিদ জামিল চৌধুরী প্রমুখ।