নাশকতায় ১২৭ নেতা

আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ এএম

দেশে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি, নাশকতামূলক কর্মকা-ে অর্থায়নের অভিযোগে ১২৭ রাজনীতিকের একটি চূড়ান্ত তালিকা প্রস্তুত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আর্থিক গোয়েন্দা সংস্থা। তারা রাজনৈতিক ব্যানারে দিব্যি অপকর্ম চালিয়ে আসছে। এ কাজে আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসীদের ব্যবহার করারও তথ্য পেয়েছে পুলিশের একটি বিশেষ ইউনিট। এসব নেতার মধ্যে বেশিরভাগ দেশে অবস্থান করলেও তারা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। তাদের অর্থের উৎস ও বিনিয়োগের তথ্য খতিয়ে দেখা হচ্ছে। এ ছাড়া বিদেশ থেকেও নাশকতার জন্য অর্থ আসছে।

সাম্প্রতিক সময়ে তৈরি হওয়া বিভিন্ন তদন্ত ও গোয়েন্দা তথ্যের আলোচনায় রাজনৈতিক পরিচয়, আর্থিক লেনদেন এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানের ভূমিকা নতুন করে গুরুত্ব পাচ্ছে। বিশেষ করে পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির অভিযোগে এনবিআরের আর্থিক অনুসন্ধান এ আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে। এর অংশ হিসেবে শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ এবং প্রায় ১২৫টি প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন পর্যালোচনার উদ্যোগ নেওয়া হয়েছে। এনবিআরের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি) এবং আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট এ বিষয়ে কাজ করছে। তদন্তের আওতায় সাবেক মন্ত্রী, সংসদ সদস্য এবং বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম এসেছে।

জানতে চাইলে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির দেশ রূপান্তরকে বলেন, নাশকতাকারীদের যেভাবেই হোক প্রতিরোধ করা হবে। একাধিক রাজনৈতিক নেতা এসব অপকর্মের সঙ্গে সম্পৃক্ত। ইতিমধ্যে তাদের তালিকা তৈরি করেছি। তাদের মধ্যে কেউ কেউ দেশের বাহিরে থেকে কলকাঠি নাড়ছে বলে তথ্য পেয়েছি।

তালিকাভুক্ত ১২৭ নেতার অবস্থান : আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে, সম্প্রতি বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতায় অর্থের জোগানদাতা এবং পরিকল্পনাকারীদের অধিকাংশই স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের প্রভাবশালী নেতা। আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি এড়াতে তারা ঘন ঘন অবস্থান পরিবর্তন করছে, তবে সীমান্ত দিয়ে দেশত্যাগের কোনো তথ্য পাওয়া যায়নি। ফলে তারা দেশেই অবস্থান করে বিভিন্ন মাধ্যমে তাদের নেটওয়ার্ক সচল রেখেছে বলে ধারণা করা হচ্ছে।

আসছে বিশেষ অভিযান : সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় অনেকটা চাপে পড়েছে পুলিশ। এ নিয়ে গত রবিবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী তার বাসায় এবং গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরসহ সবকটি ইউনিটে একাধিক বৈঠক হয়েছে। শিগগির বড় ধরনের বিশেষ অভিযান চালানোর সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা। তিনি দেশ রূপান্তরকে বলেন, বৈঠকে নানা বিষয়ে কথা হয়েছে। বড় পরিসরে বিশেষ যৌথ অভিযান চালানো হবে। গোপালগঞ্জসহ আওয়ামী লীগ অধ্যুষিত এলাকাগুলোয় বিশেষ নজরদারির নির্দেশনা রয়েছে। 

অর্থের উৎস নিয়ে অনুসন্ধান : অর্থের উৎস নিয়ে গভীর অনুসন্ধান শুরু করেছে আর্থিক গোয়েন্দা ইউনিট (বিএফআইইউ) ও দুদক। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, ব্যাংকিং চ্যানেলের বাইরে হুন্ডি এবং মোবাইল ব্যাংকিংয়ের (এমএফএস) অসংখ্য বেনামি অ্যাকাউন্ট ব্যবহার করে এই অর্থ লেনদেন হয়েছে। বিশেষ করে সন্দেহভাজন ব্যাংক হিসাবগুলোতে অস্বাভাবিক নগদ অর্থ উত্তোলন ও স্থানান্তরের তথ্য পাওয়া গেছে।

দ্রুত বিপুল সম্পদের মালিক : অনুসন্ধানে উঠে এসেছে, তালিকাভুক্ত নেতাদের একটি বড় অংশ বিগত কয়েক বছরে কোনো দৃশ্যমান বড় ব্যবসা বা বৈধ আয়ের উৎস ছাড়াই বিপুল সম্পদের মালিক হয়েছে। আয়কর নথি যাচাই করে দেখা গেছে রাজধানীসহ বিভিন্ন শহরে তাদের নামে-বেনামে একাধিক ফ্ল্যাট, বাণিজ্যিক স্পেস এবং বিপুল পরিমাণ জমির মালিকানা রয়েছে। বিভিন্ন ব্যাংকে এফডিআর ও বিলাসবহুল গাড়ির মালিকানার তথ্য পাওয়া গেছে।

ভুয়া সিম কার্ড ব্যবহার : অর্থের উৎস গোপন রাখতে অভিযুক্তরা প্রচলিত এজেন্ট সিম ও ভুয়া এনআইডি দিয়ে খোলা অসংখ্য অ্যাকাউন্টের মাধ্যমে অল্প অল্প টাকা পাঠিয়েছে, যাতে কেন্দ্রীয় ব্যাংকের নজরদারি এড়ানো যায়। এমনকি আমদানি-রপ্তানি ব্যবসার আড়ালে পণ্যের মূল্য কম বা বেশি দেখিয়ে বিদেশ থেকে অর্থ এনে নাশকতার তহবিল জোগান দেওয়া হয়েছে বলে বিএফআইইউর প্রাথমিক পর্যবেক্ষণে উঠে এসেছে।

ডিজিটাল ফরেনসিক তথ্য : সাইবার ক্রাইম ও গোয়েন্দা ইউনিটের তথ্যমতে, তালিকাভুক্ত ১২৭ নেতাকে শনাক্তে প্রযুক্তির সহায়তা নেওয়া হয়েছে। সাধারণ ভয়েস কলের পরিবর্তে তারা হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এবং সিগন্যালের মতো এনক্রিপ্টেড অ্যাপ ব্যবহার করে মাঠপর্যায়ের কর্মী ও সন্ত্রাসীদের সঙ্গে যোগাযোগ রাখত। ইতিমধ্যে ধৃত কয়েকজন নেতার মোবাইল ফরেনসিক ল্যাবে পরীক্ষা করে এসব কথোপকথন ও অর্থ লেনদেনের স্ক্রিনশট উদ্ধার করা হয়েছে। নাশকতার সময়ে ঘটনাস্থল বা তার আশপাশে সন্দেহভাজনদের ডিজিটাল উপস্থিতি এবং কল ডিটেইল রেকর্ড বিশ্লেষণ করে তাদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে।

বিদেশ থেকে অর্থায়ন : দেশেই অবস্থানরত নেতাদের পাশাপাশি বিদেশে থাকা কিছু প্রভাবশালী ব্যক্তি ও প্রবাসীর সঙ্গে তাদের আর্থিক যোগসূত্র খতিয়ে দেখা হচ্ছে। বিদেশে অবস্থানরত কিছু ব্যক্তি হুন্ডির মাধ্যমে দেশে টাকা পাঠিয়েছে, যা স্থানীয় এজেন্টদের মাধ্যমে তালিকাভুক্ত নেতাদের হাতে পৌঁছেছে। তালিকাভুক্ত অন্তত এক ডজন নেতা দুবাই, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ইউরোপের কয়েকটি দেশ থেকে নাশকতার জন্য অর্থ পাঠিয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর আর্থিক গোয়েন্দা সংস্থার সঙ্গে তথ্য বিনিময়ের প্রক্রিয়া শুরু হয়েছে।

আয়ের উৎস নেই কোটিপতিদের : চাঞ্চল্যকর তথ্য হলো, তালিকাভুক্ত নেতাদের একটি বড় অংশ বিগত কয়েক বছরে কোনো দৃশ্যমান বৈধ ব্যবসা বা আয়ের উৎস ছাড়াই শত শত কোটি টাকার সম্পদের মালিক হয়েছে। রাজনৈতিক প্রভাব খাটিয়ে এই অবৈধ সম্পদ গড়ে তোলা হয়েছে বলে দুদকের প্রাথমিক অনুসন্ধানে উঠে এসেছে। নজরদারি এড়াতে এই নেতাদের অনেকেই ব্যক্তিগত গাড়িচালক, গৃহকর্মী বা বিশ্বস্ত অনুসারীদের নামে জমির দলিল ও কোম্পানির শেয়ার নিবন্ধন করেছে।

ভার্চুয়ালি তৎপরতা : নাশকতামূলক কর্মকা-ে মাঠের পাশাপাশি ভার্চুয়াল মাধ্যমকেও ব্যবহার করা হচ্ছে। ঝটিকা ও বিক্ষোভ মিছিলের ভিডিও অনলাইনে প্রচারের ঘটনা অক্টোবরে ৭টি থাকলেও নভেম্বরে তা বেড়ে ৩১টিতে দাঁড়িয়েছে। এ ছাড়া নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা চলতি মাসের প্রথম দুই সপ্তাহে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীসহ নানা কর্মসূচিও পালন করেছে।

ব্যবহার হচ্ছে দাগি অপরাধী : আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা বলছেন, বিভিন্ন হত্যাকা- শীর্ষ সন্ত্রাসীদের সক্রিয়তার ইঙ্গিত দিচ্ছে। তাদের সহযোগীরাও সক্রিয় হয়ে উঠেছে। সরকার পরিবর্তনের পর আব্বাস আলী ওরফে কিলার আব্বাস, সুইডেন আসলাম, ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলাল, সানজিদুল ইসলাম ইমন, খন্দকার নাঈম ওরফে টিটন এবং খোরশেদ আলম ওরফে ফ্রিডম রাসুসহ বেশ কয়েকজন কুখ্যাত সন্ত্রাসী কারাগার থেকে মুক্তি পায়। মোল্লা মাসুদ ও টোকাই সাগরের মতো বেশ কয়েকজন বিদেশ থেকে ফিরেই নিজ নিজ এলাকা পুনর্দখল ও চাঁদাবাজি শুরু করে। এ নিয়ে স্থানীয় ক্যাডারদের সঙ্গে সংঘাত হচ্ছে। তার মধ্যে মোল্লা মাসুদ ও সুব্রত বাইন সেনাবাহিনীর হাতে ধরা পড়েছে। বর্তমানে তারা কারাগারে আটক থাকলেও এলাকার নিয়ন্ত্রণ আছে তাদের ইশারায়। এ ছাড়া আন্ডারওয়ার্ল্ড আগের চেয়ে বেশি তৎপর হচ্ছে। দেশের ভেতরের পাশাপাশি বিদেশ থেকে হত্যার নির্দেশনা আসছে।

নাশকতাকারীদের ‘পুনর্বাসন’ প্যাকেজ : মাঠপর্যায়ে নাশকতা চালাতে ভাড়াটে লোক ও শীর্ষ সন্ত্রাসীদের আকৃষ্ট করতে অভিযুক্ত নেতারা একটি ‘নিরাপত্তা প্যাকেজ’ ঘোষণা করেছিল বলে গ্রেপ্তারকৃতদের জবানবন্দিতে উঠে এসেছে। কোনো বড় নাশকতা ঘটানোর পরপরই অংশগ্রহণকারীদের সীমান্তবর্তী এলাকায় বা নির্দিষ্ট ‘সেফ হাউজে’ সরিয়ে নেওয়ার ব্যবস্থা রাখা হয়েছিল। তাদের যাবতীয় খরচ তালিকাভুক্ত নেতাদের তহবিল থেকে বহন করছে। আবার কেউ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়লে তার পরিবারের জন্য মাসিক ভাতা এবং উচ্চ আদালতে জামিনের জন্য আইনজীবীদের অগ্রিম ফি দিয়ে রাখা হয়েছিল। একজন নিরাপত্তা বিশ্লেষকের মতে, ‘রাজনৈতিক ছত্রছায়ায় শীর্ষ সন্ত্রাসীদের পুনর্বাসন এবং অর্থের জোগান দেওয়া অত্যন্ত বিপজ্জনক প্রবণতা।’

বস্তির অপরাধীদের ব্যবহারের অভিযোগ : ঢাকার মালিবাগ, মিরপুর ও আদালত প্রাঙ্গণসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ এবং বাসে অগ্নিসংযোগের ঘটনায় একটি সংঘবদ্ধ চক্রের সম্পৃক্ততার তথ্য পেয়েছে পুলিশ। সিসিটিভি ফুটেজ ও আটক ব্যক্তিদের জবানবন্দির ভিত্তিতে এসব ঘটনায় নিষিদ্ধ সংগঠনের কয়েকজন নেতাকর্মীর সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে। সূত্রের দাবি, এসব কর্মকা-ে বস্তির কিছু অপরাধীকে অর্থের বিনিময়ে ব্যবহার করা হচ্ছে। গত ৫ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ঢাকার বিভিন্ন এলাকায় নাশকতার ঘটনা ঘটে।

সর্বশেষ সর্বাধিক পঠিত