চার দিনের ব্যবধানে একই বাসায় সন্ত্রাসীরা দুইবার হামলা চালিয়েছে। গত ৬ ও ৯ নভেম্বর সাভার থানাধীন ৩নং তারাপুরের খান ভিলায় এ ঘটনা ঘটে। এ সময় সন্ত্রাসীরা হামলার পাশাপাশি আগ্নেয়াস্ত্র দিয়ে পরিবারের নারী ও শিশুদের হুমকি দেয়। ভুক্তভোগী পরিবার আইনের আশ্রয় নিয়েও প্রতিকার পাননি। এতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে ভুক্তভোগী পরিবারটি।
গত ৬ তারিখে হামলার ঘটনায় ওইদিন সাভার মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং ৫৯৫) করেন ভুক্তভোগী উম্মে যয়নাব মাহজাবীন। জিডিতে তিনি উল্লেখ করেন, সাভারে ক্ষুদ্র ঋণ প্রদানের পর ব্ল্যাংক চেক নিয়ে তা ব্যবহার করে বিভিন্নজনের সাথে প্রতারণাপূর্বক মামলা করে অর্থ আদায় করেন দেওয়ান মোবারক হোসেনের নেতৃত্বাধীন একটি চক্র। চক্রটি বিগত সরকারের আমলেও সক্রিয় ছিল। তারা প্রথমে ভুক্তভোগীর নামে মামলা করে। পরে আদালতকে ব্যবহার করে রায় নিয়ে ভুক্তভোগীর বাসাবাড়িতে সন্ত্রাসীদের নিয়ে হামলা চালিয়ে ভয়ভীতি প্রদর্শন করে অর্থ আদায় করে। এমন প্রতারণার শিকার সাভারের ৩ নং তারাপুরের বাসিন্দা ভুক্তভোগী উম্মে যয়নাব মাহজাবীন ও তার স্বামী জাহিদুল ইসলাম খান।
গত শুক্রবার ওই বাসায় হানা দেয় মোবারক হোসেন ও কবিরসহ ৭/৮ সদস্যের একটি সন্ত্রাসী দল। তারা বাসাটিতে গিয়ে প্রথমে নিজেদের পুলিশের লোক পরিচয় দিয়ে দরজায় লাথি মারতে থাকে। স্বামী জাহিদুল ইসলাম খান বাসায় নাই এমনটি জানান উম্মে যয়নাব মাহজাবীন। এতে ক্ষিপ্ত হয়ে মোবারক ও তার লোকজন গালিগালাজ ও দরজায় লাথি মেরে ভীতিকর পরিবেশ সৃষ্টি করে এবং পরিবারের সবাইকে প্রাণনাশের হুমকি দেয়। এসময় বাসায় থাকা নারী ও শিশুরা আতঙ্কিত হয়ে পড়েন এবং ৯৯৯ এ কল করেন। এরমধ্যে পুলিশ ও প্রতিবেশীরা আসার পর সন্ত্রাসীরা চলে যায়। পুলিশ এসময় সাধারণ ডায়েরি করার পরামর্শ দিলে ভুক্তভোগীর স্ত্রী যয়নাব মাহজাবীন গত শুক্রবার রাতেই সাভার থানায় সাধারণ ডায়েরি করেন।
এরই মধ্যে গত সোমবার সন্ধ্যায় দেওয়ান মোবারক হোসেন ও কবিরসহ প্রায় ১৫/২০ জন সন্ত্রাসী আবারও ওই বাসায় গিয়ে আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দেয়। আবারও পরিবারটির পক্ষ থেকে ৯৯৯ এ ফোন করার পর পুলিশ আসলে সন্ত্রাসীরা চলে যায়। পুলিশ ভুক্তভোগী পরিবারটিকে আবারও থানায় যাওয়ার পরামর্শ দেন। কিন্তু থানায় যাওয়ার পর পুলিশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচীর কারণে ব্যস্ততার কথা বলে পরে আসতে বলে।
এ বিষয়ে জানতে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল আলম একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।