নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডে ববিতে শিক্ষকদের প্রতিবাদ

আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ০১:১০ পিএম

সারাদেশে ফ্যাসিবাদী অপশক্তি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বিএনপিপন্থী শিক্ষকরা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-০১ এর নিচ তলায় আয়োজিত এক মানববন্ধন সমাবেশে এ প্রতিবাদ জানান  বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। 

এসময় তারা সরকারের প্রতি আহ্বান জানান নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনাকারীদের কঠোর হস্তে দমন করার দাবি জানান। 

মানববন্ধনে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় সাদা দলের আহ্বায়ক ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির, বিশ্ববিদ্যালয়ের সাদাদলের সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মেহেদী হাসান সোহাগ, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ছাদেকুর রহমান, শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক ও লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক সিরাজিস সাদিক, সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল-মামুন, সহকারী প্রক্টর প্রভাষক গাজী সাখাওয়াত হোসেন, সহকারী প্রক্টর মিনহাজুল ইসলামসহ অন্য শিক্ষকরা।

সাদা দলের সদস্য সচিব বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক মো. মেহেদী হাসান সোহাগ বলেন, 'সারাদেশে পতিত ফ্যাসিস্ট গোষ্ঠী সন্ত্রাসী কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন অপতৎপরতা পরিচালনা করছে। বাংলাদেশি জাতীয়তাবাদে উদ্বুদ্ধ বাংলাদেশপন্থী শক্তি এবং বাংলাদেশের জনগণ এসব অপতৎপরতা প্রতিহত করবে, ইনশাআল্লাহ।

তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ জানিয়ে আরও বলেন, আপনারা অতিদ্রুত ফ্যাসিস্ট সন্ত্রাসীদের গ্রেপ্তার করবেন এবং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিশ্চিত করতে সহযোগিতা করবেন।'

বিশ্ববিদ্যালয়ের সাদা দলের আহ্বায়ক ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সহযোগী অধ্যাপক ড. আবদুল আলিম বছির বলেন, চব্বিশের পরাজিত শক্তি যারা দেশ থেকে পালিয়ে গিয়েছিল তারা আবার মাথা চাড়া দিয়ে উঠছে। তারা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে বিভিন্ন ধরনের উস্কানি মূলক বক্তব্য প্রদানের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তার একটি উদাহরণ হচ্ছে গোপালগঞ্জ। সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি বিগত কয়েকদিনে বিভিন্ন জায়গায় ভাঙচুর করা হয়েছে। এটা শুধু সন্ত্রাসী সংগঠন ছাড়া আর কারও পক্ষে করা সম্ভব না।

আমরা শিক্ষক সমাজ মনে করি এটা সভ্যতার বিরুদ্ধে কারণ বর্তমানে বাংলাদেশে যে সরকার আছে জাতীয়তাবাদী দল সরকার তাদের কাছে বাংলাদেশ সবার আগে। আমরা এই জাতীয়তাবাদে বিশ্বাসী আমাদের কাছেও সবার আগে বাংলাদেশ। সে কারণে এই সরকারের কাছে এবং  স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে উদাত্ত আহ্বান থাকবে এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোর হস্তে দমন করে এই বাংলাদেশের মানুষকে শান্তি শৃঙ্খলা উপহার দিন। এই নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশের আইন অনুযায়ী যেভাবে শাস্তি পাবে সেটাই যাতে কার্যকর হয় এটাই আমাদের দাবি থাকবে।   আমরা কোন দেশের দাসত্ব করতে এই দেশ স্বাধীন করিনি। এদেশের বন্ধু থাকবে কিন্তু প্রভু থাকতে পারবে না।



সর্বশেষ সর্বাধিক পঠিত