পার্বতীপুরে যাত্রীবাহী বাস উল্টে আহত ২৫ 

আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ০১:২১ পিএম

দিনাজপুরের পার্বতীপুরে মহাসড়কের স্পিড ব্রেকার পার হওয়ার সময় যাত্রীবাহী একটি মিনিবাস উল্টে অন্তত ২৫ জন আহত হয়েছেন। সোমবার (১৬ নভেম্বর) সকাল ৯টার দিকে পার্বতীপুর-সৈয়দপুর আঞ্চলিক মহাসড়কে খেলনা তৈরির প্রতিষ্ঠান সিআই মোল্ডিং বিডি, উই চ্যাম্পিয়ন ও বিপি ম্যানুফ্যাকচারিং কোম্পানির সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের সহায়তায় আহতদের পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সৈয়দপুর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের কয়েকজনের হাত, পা ও মাথায় গুরুতর আঘাত লেগেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। দুর্ঘটনার ১৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ সময় সড়কের পাশে থাকা মা ইলেকট্রনিক্স-২-এর শাটার ও থাইগ্লাস এবং দুটি অটোরিকশাভ্যান ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয় ব্যবসায়ী জাকির হোসেন জাকি ও প্রকাশ চন্দ্র রায় দেশ রূপান্তরকে বলেন, কোম্পানির সামনে ২০-২৫ গজের মধ্যে পরপর দুটি স্পিড ব্রেকার থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এসব গতিরোধক পার হতে গিয়ে যানবাহনের চালকরা নিয়ন্ত্রণ হারাচ্ছেন। এতে মোটরসাইকেল আরোহী, ভ্যানচালক ও অটোরিকশার যাত্রীরা আহত হচ্ছেন। তাদের দাবি, এসব স্পিড ব্রেকারের কারণে ইতিমধ্যে দুজনের মৃত্যু হয়েছে।

মা ইলেকট্রনিক্স-২-এর স্বত্বাধিকারী মিলন মিয়াও একই অভিযোগ করে বলেন, স্পিড ব্রেকার স্থাপনের আগে এখানে দুর্ঘটনা ঘটত না। এখন প্রায়ই দুর্ঘটনা ঘটছে। একটি আঞ্চলিক মহাসড়কে এত অল্প দূরত্বে দুটি স্পিড ব্রেকার রাখার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

একই ভাবে দিনাজপুর সড়ক ও জনপথ অধিদপ্তর পার্বতীপুর-রংপুর আঞ্চলিক মহাসড়কে এ্যাফেক রেসিডেনসিয়াল মডেল স্কুলের সামনে ২০ গজের মধ্যে পরপর তিনটি স্পিড ব্রেকার ও খোলাহাটি নাসিং ইনষ্টিটিউট সামনে ২৫ গজের মধ্যে পরপর দুটি স্পিড স্থাপন করেছে। ওই স্প্রিড ব্রেকারগুলো পথচারীদের ঝুঁকিপূর্ণ ভাবে দেওয়া হয়েছে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যান, অটোরিকশা, সিএনজিচালিত অটোরিকশা উল্টে যায়। এতে করে প্রতিদিন দুর্ঘটনা ঘটছে।
  
এ্যাফেক রেসিডেনসিয়াল মডেল স্কুলের প্রধান শিক্ষক আরাফাত জামিল দৈনিক দেশ রূপান্তর বলেন, ২০১৮ সালে স্পিড ব্রেকার স্থাপনের জন্য সড়ক ও জনপথ অধিদপ্তরে আবেদন করা হয়েছিল। তার দাবি, আগে দুর্ঘটনা বেশি ঘটলেও বর্তমানে তা কিছুটা কমেছে। দীর্ঘ প্রচেষ্টার পর সেখানে তিনটি স্পিড ব্রেকার স্থাপন করা হয়েছে। এ ছাড়া ২০২৫ সালের ২৯ জুলাই পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছেও স্কুলের সামনে গতিরোধক স্থাপনের আবেদন করেন তিনি।

ওই এলাকায় স্পিড ব্রেকার পার হতে গিয়ে চলতি বছরের ২২ ফেব্রুয়ারি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আহত হন পঞ্চগড় জেলা শিক্ষা অধিদপ্তরের আইসিটি কর্মকর্তা আবদুল করিম (৩৫)। পরে ২০ মার্চ বাসুপাড়া গ্রামের রবিউল ইসলাম বাবু বাড়ি যাওয়ার সময় ভ্যান থেকে পড়ে গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।

পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত আমান আজিজ দৈনিক দেশ রূপান্তরকে, মানুষের নিরাপত্তার জন্য স্থাপন করা স্পিড ব্রেকারই যদি দুর্ঘটনার কারণ হয়, তাহলে তা উদ্বেগজনক। উই বিডি কোম্পানির সামনে থাকা রাম্বল স্পিড ব্রেকার যথাযথভাবে চিহ্নিত ও প্রয়োজন অনুযায়ী সংস্কার করতে হবে। এগুলো অতিরিক্ত উঁচু হওয়া উচিত নয়। এ ছাড়া এ্যাফেক স্কুল ও খোলাহাটি নার্সিং ইনস্টিটিউটের সামনের স্পিড ব্রেকারগুলোর বিষয়েও সড়ক ও জনপথ অধিদপ্তরকে জানানো হবে।

এব্যাপারে দিনাজপুর সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আসাদুজ্জামান দৈনিক দেশ রূপান্তরকে বলেন, পার্বতীপুর-সৈয়দপুর ও পার্বতীপুর-রংপুর আঞ্চলিক মহাসড়কের স্পিড ব্রেকারগুলো কীভাবে স্থাপন করা হয়েছে, তা খতিয়ে দেখা হবে। দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ানো স্পিড ব্রেকার অপসারণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত