দীর্ঘ প্রতীক্ষার অবসান

হিলি রেলস্টেশনে থামল ঢাকাগামী আন্তঃনগর ট্রেন

আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ পিএম

নানা আন্দোলনের সংগ্রামের দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো। স্বাধীনতার পর প্রথমবারের মতো দিনাজপুরের হিলি রেলস্টশনে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি শুরু হয়েছে।

ট্রেন থামায় আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠেন শিক্ষার্থী ব্যবসায়ীসহ সমগ্র হিলিবাসী। নতুন এই যাত্রাবিরতিতে সীমান্তবর্তী জনপদের যোগাযোগ ব্যবস্থা বদলে যাবে বলেও দাবি তাদের। তেমনি বন্দরের বাণিজ্য বাড়ার সাথে সাথে সরকারের রাজস্ব আহরণ বাড়বে। 

রবিবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি হিলি স্টেশনে পৌঁছালে যাত্রী ও চালককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান স্থানীয়রা। এ সময় উচ্ছ্বাস আর আনন্দে মেতে ওঠেন উপস্থিত মানুষ। পরে দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি হিলি স্টেশনে যাত্রাবিরতি শুরু করে।

স্বাধীনতার পর প্রথমবার হিলি রেলস্টেশনে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি শুরু হওয়ায় হিলিবাসীর কাছে স্মরণীয় হয়ে উঠেছে দিনটি।

১৮৭৮ সালে প্রতিষ্ঠিত হিলি রেলস্টেশনটি ব্রিটিশ আমলে গুরুত্বপূর্ণ থাকলেও স্বাধীনতার পর থেকে ঢাকাগামী কোনো আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি ছিল না এখানে। ফলে রাজধানী ঢাকায় যাতায়াত করতে হিলি স্থলবন্দর ও ইমিগ্রেশন ব্যবহারকারী যাত্রী,ব্যবসায়ী, শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে পাশের বিরামপুর কিংবা জয়পুরহাটের পাঁচবিবি স্টেশনে যেতে হতো। এতে বাড়তি সময় ও অর্থ ব্যয়ের পাশাপাশি পোহাতে হতো চরম ভোগান্তি। ট্রেনের যাত্রাবিরতির দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলেন হিলিবাসী।

হিলি থেকে ঢাকাগামী ট্রেনের যাত্রী নাসিমা বেগম বলেন,আজকের অনুভ‚তিটা খুবই দারুণ,কারণ আমাদের হিলিতে অনেকদিন ট্রেন থামে না আজকেই প্রথম ট্রেন থামতেছে আর আমরাই এই ট্রেনের প্রথম যাত্রী হতে পেরে খুবই আনন্দিত। ট্রেন ধরতে অনেক সকালে উঠতে হত বিরামপুর,পাঁচবিবি বা জয়পুরহাট যেতে হত এখন আর যেতে হবে না। এই ভোগান্তি থেকে আমরা রেহাই পেয়েছি। এখন থেকে হিলিতে ট্রেন দাঁড়াবে এখান থেকেই আমরা ঢাকা যেতে পারব।

শিক্ষার্থী নাজনীন আক্তার বলেন,আমরা খুবই আনন্দিত, বিশেষ করে পরীক্ষা যখন শুরু হয় তখন আমাদের যাওয়া আসার যে সমস্যাটা, যারা বাসে যাইতে পারে না তাদের জন্য ট্রেনটা দাঁড়ানোর ফলে আমাদের শিক্ষার্থীদের জন্যএকটু সুবিধা হবে। আমরা সময়মতো পৌঁছাতে পারবো,পরীক্ষা দিতে পারবো। আগে ট্রেন থামানোর জন্য মানববন্ধন থেকে শুরু করে অনেক কিছু হইছে কিন্তু কোনো কিছুতেই কাজ হয়নি। সম্প্রতি আমাদের মন্ত্রীর জন্য এখানে ট্রেনের স্টপেজটা হয়েছে এর জন্য অসংখ্য ধন্যবাদ মন্ত্রীকে। 

শিক্ষার্থী পুষ্পা রানী বলেন,আজ থেকে আমাদের হিলি রেলস্টেশনে ঢাকাগামী আন্ত;নগর ট্রেনের স্টপেজের উদ্বোধন হলো। আমরা যেহেতু স্টুডেন্ট, ট্রেনের স্টপেজ হওয়ায় আমরা এখন থেকে হিলি থেকে ট্রেনে ঢাকায় যাইতে পারবো, পড়াশোনা করতে পারবো। আগে আমাদেরকে ট্রেন ধরতে পাশ্ববর্তী স্টেশনগুলোতে যাইতে হইতো, দূরে হওয়াই ভোগান্তির সাথে সাথে বাড়তি খরচ হইতো। যেহেতু এখন থেকে আমাদের স্টেশনে ট্রেন থামছে এটা আমাদের জন্য অনেক ভালো হলো। 

ট্রেনযাত্রী এরফান আলী বলেন,হিলি স্টেশনে ঢাকাগামী আন্ত;নগর ট্রেনের স্টপেজের জন্য হাকিমপুরবাসী দীর্ঘদিন ধরে সংগ্রাম করে আসছিল। কিন্তু দীর্ঘদিনেও সেই দাবী পুরন হয়নি। কিন্তু বিএনপি সরকার ক্ষমতায় আসার পর মন্ত্রী ডা.এজেডএম জাহিদ হোসেন সাহেবের ঐকান্তিক প্রচেষ্টায় এবং সকলের সহযোগিতায় আজকে হিলিতে ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের স্টপেজ চালু হয়েছে। আমি এই ট্রেনের প্রথম যাত্রী হিসেবে এখান থেকে ঢাকা যাচ্ছি,আমার জীবনে এই ঐতিহাসিক দিনের সঙ্গে ঢাকা যাওয়ার দিনটি স্মরণীয় হয়ে থাকবে।

ট্রেনযাত্রী সাগর হোসেন বলেন,এটা তো একটা অন্যরকম একটা অনুভ‚তি, হিলিতে তো আগে ঢাকাগামী কোনো ট্রেন থামেনি। মন্ত্রী মহোদয় আমাদের জন্য বিশাল উপকার করল। আমাদের তো প্রতি মাসে একবার দুবার করে ঢাকা থেকে যাওয়া আসা করতে হয়। আমি আজকে বাসের টিকিট কেটেছিলাম ঢাকায় চলে যাব। পরে মাইকিং হলো শুনলাম যে হিলিতেই ট্রেন থামবে আমি সঙ্গে সঙ্গে বাসের টিকিট ক্যানসেল করে অনলাইনে টিকিট কেটে নিলাম। বাসার পাশাপাশি স্টেশন সকালে উঠে ঢাকায় পৌঁছে যাব দুপুরে মধ্যে,এটা আমাদের জন্য অনেক বেটার।

হিলি কাস্টমস সিআ্যন্ডএফ এজেন্ট আ্যসোসিয়েশনের সাধারন সম্পাদক শাহিনুর ইসলাম বলেন,হিলি স্টেশনের বয়স ১শ বছরের বেশী কিন্তু আজ পর্যন্ত এখানে ঢাকাগামী কোনো ট্রেন দাঁড়ায়নি। আজকেই প্রথম এই মাহেন্দ্রক্ষণে আমাদের হিলি রেলস্টেশনে ঢাকাগামী এই ট্রেনটি দাঁড়িয়েছে। এতে করে আমরা ব্যবসায়ীরা অত্যন্ত উচ্ছসিত,আনন্দিত। এর কারণ হচ্ছে যে হিলি দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর এখানে সারা বাংলাদেশ থেকে বহু লোক ব্যবসা করতে আসেন।

কিন্তু এখানে ঢাকাগামী ট্রেন না দাঁড়ানোর কারণে অত্যন্ত কষ্ট পোহাতে হতো। মানুষকে যাতায়াতের জন্য প্রচুর প্রচুর সমস্যায় পড়তে হতো। সেটা থেকে আজকে হিলিবাসীসহ যারা হিলিতে ব্যবসা বাণিজ্য করেন তারা সকলেই উপকৃত হবে। এর মাধ্যমে বন্দরের ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পাবে বলে আমরা আশা করছি।

হিলি স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী বলেন,হিলি রেলস্টশনটি ও পার্বতীপুর রেলওয়ে স্টেশনটি ১৮৭৮ সালে উদ্বোধন হয়। শত বছরের বেশি সময় পর হিলিবাসী একটি ট্রেন স্টপেজ পেল, যেটিতে করে সরাসরি ঢাকায় যাওয়া যাবে। এটা বলার অপেক্ষা রাখে না,আমরা খুবই আনন্দিত এবং খুবই গর্বিত। মন্ত্রী ডা.এজেডএম জাহিদ হোসেনের জন্য,যিনি নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিলেন হিলির সার্বিক উন্নয়নের জন্য, উনি দৃশ্যমান দেখিয়ে দিলেন যে যোগ্য মানুষকে ভোট দিলে এলাকার উন্নয়ন হয়।

হিলিবাসীর সার্বিক উন্নয়নের জন্য আজকের যে ট্রেনটার স্টপেজ হলো,এটা একটা ইতিহাস। এই ইতিহাসের অংশ হতে পেরে আমি ব্যাক্তিগতভাবে মহান রব্বুল আলামীনকে শুকরিয়া আদায় করছি। হিলির ইতিহাসে বাংলাদেশ রেলের ব্রিটিশ রেলের ইতিহাসে এটা একটা বিরল ঘটনা যে, শত বছরের বেশি সময় পর আমরা একটি আন্ত;নগর ট্রেনের স্টপেজ পেলাম।

হিলি কাস্টমস সিআ্যন্ডএফ এজেন্ট আ্যসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান বলেন, ‘আজকে আন্তঃনগর দুটি ট্রেন হিলিতে স্টপেজ দেবার ফলে হিলি স্থলবন্দরের আমদানি রফতানিকারক ব্যবসায়ীরা এই ট্রেন দুটি ব্যবহার করতে পারবেন। এর পাশাপাশি হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে দুদেশের মাঝে যেসব পাসপোর্টযাত্রী যাতায়াত করেন,তারাও এই সুযোগ সুবিধাটা পাবেন। এতে করে যারা অসুস্থ ভারতে চিকিৎসার জন্য যান এবং পর্যটক যারা আছেন তারা এই সুযোগ সুবিধাটা পাবেন। নির্বিঘ্নে হিলিতে আসতে পারবেন ফলে এই পথ দিয়ে যাত্রী পারাপার বাড়ার সাথে সাথে সরকারি রাজস্ব আহরন বৃদ্ধি পাবে। 

হিলি রেলস্টেশন মাস্টার জয়ন্ত চক্রবর্তী বলেন,চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি এবং ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস এই দুইটা ট্রেনের হিলি রেলস্টেশনে আমরা বর্তমান স্টপিজ পেয়েছি। এখানে আমরা রেলওয়ের নির্দেশনা মোতাবেক আমরা আজকে থেকে এই ট্রেনের উদ্বোধন করলাম। এখানে স্টপেজ হয়ে এই ট্রেন দুটি আজকে থেকেই ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। এখানে মোটামুটি অনেক সাড়া পাচ্ছি। স্থানীয় লোকজন এবং বাইরের লোকজন কয়েকদিন আগে থেকেই আমাদের স্টেশনে টিকিটের খোঁজ, ট্রেন দাঁড়াবে কিনা ব্যাপক উৎসাহ উদ্দীপনা স্টেশনে দেখতে পাচ্ছি। আমরাও খুব আনন্দিত এত সুন্দর একটা কাজ আমরা করতে পারছি, তাদের সেবা দিতে পারতেছি।




সর্বশেষ সর্বাধিক পঠিত